সংবিধান দিবসে সপার ‘জন-মন’ ইস্তাহার! মহিলাদের পেনশন থেকে ঋণ মকুব, কোন বড় চমক অখিলেশের?

২০২৭ সালের উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচনে আর খুব বেশি দেরি নেই। সংবিধান দিবসে জনতার মনকে কাছে টানতে নিজেদের জন-মন ইস্তাহার প্রকাশ করতে চলেছে সমাজবাদী পার্টি। দলের পিডিএ তথা পিছড়া, দলিত ও অল্পসংখ্যক সমীকরণকে ভিত্তি করে তৈরি এই কর্মসূচি মূলত মহিলা, যুবসমাজ, কৃষক এবং শিল্পক্ষেত্রের মনের কথা বুঝবে বলেই আশা সপার। মহিলাদের বার্ষিক ৪০ হাজার টাকা পেনশন, জাতিগণনা, বিনামূল্যে বিদ্যুৎ এবং কৃষকদের ঋণ মকুবের মতো একাধিক প্রতিশ্রুতি এই ইস্তেহারে থাকতে পারে বলে সূত্রের খবর।

আসন্ন বিধানসভা ভোটের আগে এটাই সপার প্রথম ইস্তেহার প্রকাশ। গত ১৯ অক্টোবর সপা প্রধান অখিলেশ যাদব এক্স হ্যান্ডলে ২৬ নভেম্বর এই ইস্তেহার প্রকাশের দিনক্ষণ ঘোষণা করেছিলেন এবং নথিটিকে বর্ণনা করেছিলেন দ্য রিজলভ অফ টোয়েন্টি-সেভেন: দ্য পিডিএজ ম্যানিফেস্টো হিসেবে।

ইস্তেহারটির নাম রাখা হয়েছে জন-মন কা ম্যানিফেস্টো এবং এর স্লোগান হল সত্তাইস কা সংকল্প: পিডিএ কা প্রাণপত্র। প্রাক্তন মুখ্যসচিব অলোক রঞ্জনের তত্ত্বাবধানে এই ইস্তেহার তৈরি করা হয়েছে এবং প্রচারের কেন্দ্রে রাখা হয়েছে সংবিধান, গণতন্ত্র ও সংরক্ষণের সুরক্ষার বিষয়টিকে। এই প্রকাশ অনুষ্ঠানে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়্গের উপস্থিত থাকার কথা রয়েছে এবং এরপর একটি সংবিধান মার্চ বা পদযাত্রাও হওয়ার কথা।

একটি প্রতিবেদনে সপা সূত্রকে উদ্ধৃত করে জানানো হয়েছে যে, ইস্তেহারের একটি বড় অংশ জুড়ে থাকছেন মহিলা ভোটাররা। সূত্রের দাবি, মহিলাদের বার্ষিক ৪০ হাজার টাকা পেনশন এবং স্বনির্ভর হওয়ার জন্য ২ লক্ষ টাকা আর্থিক সহায়তার প্রতিশ্রুতি দেওয়া হতে পারে। তরুণ ভোটারদের জন্য ছাত্রছাত্রীদের বিনামূল্যে মেট্রো সফরের সুযোগ এবং নিয়োগ ও প্রবেশিকা পরীক্ষায় প্রশ্নফাঁস রুখতে কড়া আইন আনার কথাও ভাবা হয়েছে।

এ ছাড়া দরিদ্র মানুষের জন্য মাসে ৩০০ ইউনিট বিনামূল্যে গৃহস্থালি বিদ্যুৎ এবং ২ লক্ষ টাকা পর্যন্ত বিনামূল্যে চিকিৎসার প্রতিশ্রুতি দিতে পারে সপা। পাশাপাশি, প্রতি মাসে ১ লক্ষ টাকা সম্মানিকসহ যশ ভারতী সম্মান ফের চালু করার বিষয়টিও বিবেচনায় রয়েছে।

অন্যদিকে, সর্বভারতীয় এক সংবাদসংস্থাকে সপা সূত্র জানিয়েছে, এই ইস্তেহারে যুবসমাজ, শিক্ষা, সামাজিক ন্যায়, আইনশৃঙ্খলা, কৃষি এবং ক্ষুদ্র, মাঝারি ও অতিক্ষুদ্র শিল্প বা এমএসএমই ক্ষেত্রকে গুরুত্ব দেওয়া হয়েছে। কৃষি সংক্রান্ত প্রস্তাবগুলির মধ্যে রয়েছে কৃষকদের ঋণ মকুব, সেচের জন্য খালের জল, শস্য বিমা, নিশ্চিত ন্যূনতম সহায়ক মূল্য বা এমএসপি এবং আখ চাষিদের সময়মতো বকেয়া মেটানো।

সংবাদসংস্থা পিটিআইয়ের প্রতিবেদনে আরও বলা হয়েছে, আনুপাতিক প্রতিনিধিত্ব ও সংরক্ষণের সুবিধা নিশ্চিত করতে সরকার গঠনের তিন মাসের মধ্যেই রাজ্যজুড়ে জাতিভিত্তিক জনগণনা বা কাস্ট সেনসাস করা হতে পারে। ২০০৫ সালের পরে চাকরিতে যোগ দেওয়া কর্মীদের জন্য পুরোনো পেনশন প্রকল্প ফিরিয়ে আনা এবং দ্বাদশ শ্রেণি উত্তীর্ণ পড়ুয়াদের বিনামূল্যে ল্যাপটপ দেওয়ার মতো বিষয়গুলিও খতিয়ে দেখা হচ্ছে।

পরিবেশ সুরক্ষা, বনাঞ্চল সংরক্ষণ এবং জলবায়ু পরিবর্তনের মতো বিষয়গুলিও এই ইস্তেহারে স্থান পেতে পারে। সূত্র মারফত খবর, পিডিএ হল রাজনৈতিক কাঠামো, কিন্তু এই নথিতে মানুষের জীবনযাত্রা ও চাহিদার প্রশ্নেরও উত্তর থাকতে হবে। যুবসমাজ ও বিনিয়োগকারীদের সঙ্গে অখিলেশ যাদবের ভিশন ইন্ডিয়া মতবিনিময়সহ কয়েক মাস ধরে চলা আলোচনার ভিত্তিতেই এই রূপরেখা তৈরি করা হয়েছে।

সপার এই ইস্তেহার প্রকাশ পর্ব ধাপে ধাপে হবে। প্রথম পর্ব প্রকাশিত হওয়ার কয়েক সপ্তাহের মধ্যেই দ্বিতীয় পর্ব আসবে, যা মূলত মহিলা ও কিশোরীদের নিরাপত্তা, ক্ষমতায়ন এবং অর্থনৈতিক কল্যাণের ওপর কেন্দ্র করে তৈরি হবে।

জানুয়ারি মাসের মধ্যেই রাজ্যের ৭৫টি জেলার জন্য আলাদা আলাদা ইস্তেহার প্রকাশ করার পরিকল্পনা রয়েছে, যার মধ্যে লখনউয়ের জন্য থাকবে একটি বিশেষ ইস্তেহার। বিস্তারিত নথির পাশাপাশি একটি সংক্ষিপ্ত সংস্করণও সাধারণ মানুষের মধ্যে প্রচার করা হবে। সপার এক প্রবীণ নেতা জানিয়েছেন, এই ধাপে ধাপে ইস্তেহার প্রকাশের ফলে সমাজের বিভিন্ন শ্রেণির কাছে প্রতিশ্রুতিগুলি বিস্তারিতভাবে ব্যাখ্যা করার এবং মানুষের মতামত বা ফিডব্যাক নেওয়ার বাড়তি সময় পাওয়া যাবে।

উল্লেখ্য, ২০২২ সালের বিধানসভা নির্বাচনে সপার ইস্তেহারে ২০২৭ সালের মধ্যে এক কোটি চাকরি এবং সরকারি চাকরিতে মহিলাদের ৩৩ শতাংশ সংরক্ষণের প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। বর্তমান উত্তরপ্রদেশ বিধানসভায় ৪০৩টি আসনের মধ্যে বিজেপির রয়েছে ২৫৮টি আসন, সপার ১০৭টি এবং আপনা দলের রয়েছে ১৩টি আসন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *