BBC-র দিল্লি ও মুম্বাই অফিসে আয়কর হানা, কর্মীদের ফোন করা হলো বাজেয়াপ্ত
আয়কর বিভাগের একটি দল বিবিসির দিল্লি ও মুম্বাই অফিসে দিলো হানা। অফিসে কর্মীদের ফোন করা হয়েছে বাজেয়াপ্ত এবং সমস্ত কর্মীদের বাড়ি যেতে দেওয়া হয়েছে নির্দেশ। বিবিসির অফিসে চালানো হচ্ছে তল্লাশি অভিযান। গোটা অফিস চত্বর করা হয়েছে সিল।
তবে এখনো পর্যন্ত বিবিসির পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বিবৃতি আসেনি। সম্প্রতি গুজরাট দাঙ্গার বিষয় নিয়ে বিবিসির ডকুমেন্টারি নিয়ে শুরু হয়েছিল তোলপাড়। যার ফলে দেশ জুড়ে দেখা গিয়েছে বিতর্ক। মামলা সুপ্রিমকোর্ট পর্যন্ত গড়ায়।
জানা গেছে, হিন্দু সেনার প্রধান বিষ্ণু গুপ্তা মামলাটি করেছিলেন। এদিন সেটি খারিজ করার সময় সুপ্রিম কোর্টের বেঞ্চ জানায়, কী করে একটি তথ্যচিত্র দেশে প্রভাব ফেলতে পারে?
আবেদনকারীদের আইনজীবী পিঙ্কি আনন্দ সুপ্রিম কোর্টের কাছে অভিযোগ করেছিলেন, এই তথ্যচিত্রে ইচ্ছাকৃতভাবে ভারতের ভাবমূর্তিকে কলঙ্কিত করা হয়েছে। এই তথ্যচিত্রের পিছনে ‘ষড়যন্ত্র’ রয়েছে, এই দাবি করে শীর্ষ আদালতকে এবিষয়ে তদন্তের নির্দেশ দেওয়ার আবেদন জানানো হয়েছিল।
কিন্তু শুক্রবার মামলাটি খারিজ করার সময় বিচারপতিরা বলেন, এই আবেদন একেবারেই ভুল ধারণা থেকে করা। সুপ্রিম কোর্ট কীভাবে এই ধরনের নির্দেশ দিতে পারে?
হিন্দু সেনার সমর্থকরা নয়াদিল্লির কস্তুরবা গান্ধী মার্গে অবস্থিত বিবিসির দপ্তরের সামনে পোস্টার লাগিয়েও এই দাবি তুলেছিল আগে।
বিষ্ণু গুপ্তা জানিয়েছিলেন, বিবিসি এই দেশের ঐক্য এবং অখণ্ডতার জন্য বিপজ্জনক। বিবিসিকে অবিলম্বে নিষিদ্ধ করতে হবে।