সুস্থ বার্ধক্যে দীর্ঘায়ুর গোপন রহস্য কি এই তেলে? পুষ্টিবিদের পরামর্শ জানলে চমকে যাবেন

রান্নার তেলের ব্যবহার আগের প্রজন্মের তুলনায় অনেক বদলেছে। কেউ স্বাদের কথা ভেবে আবার কেউ রান্নার ধরন অনুযায়ী ভিন্ন ভিন্ন তেল ব্যবহার করেন। কিন্তু আগামী ২০ থেকে ৩০ বছর নিয়মিত একই তেল দিয়ে রান্না করলে তা শরীরের ওপর কী প্রভাব ফেলবে, সেটি ভেবে দেখা জরুরি। সুস্থভাবে বার্ধক্যে পৌঁছানো এবং দীর্ঘায়ুর জন্য কোন তেল সবচেয়ে উপকারী, সে বিষয়ে স্পষ্ট পরামর্শ দিয়েছেন নিবন্ধিত পুষ্টিবিদ ও লেখক এলেনা পারাভান্তেস।
পুষ্টিবিদদের পছন্দের তালিকায় দীর্ঘদিন ধরেই রয়েছে এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল। এর স্বাস্থ্যগুণ নিয়ে কয়েক দশক ধরে নানা গবেষণা হয়েছে। পারাভান্তেসের মতে, দীর্ঘায়ু, স্বাদ এবং সার্বিক সুস্থতার জন্য তিনি এই তেলকেই এগিয়ে রাখেন। হৃদযন্ত্র ভালো রাখা এবং অক্সিডেটিভ ক্ষতি থেকে শরীরকে বাঁচানোর পাশাপাশি মস্তিষ্কের কার্যক্ষমতা ধরে রাখতেও এটি সাহায্য করে। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে পেশি ও হাড়ের মতো মস্তিষ্কের কর্মক্ষমতা অটুট রাখাও খুব জরুরি, কারণ এতে দীর্ঘদিন স্বনির্ভর থাকা যায় এবং জীবনযাত্রার মান ঠিক থাকে।
এক্সট্রা ভার্জিন অলিভ অয়েলে প্রচুর মনোআনস্যাচুরেটেড ফ্যাট থাকে, যা হৃদযন্ত্রের জন্য বেশ উপকারী। এই ফ্যাটি অ্যাসিড রক্তে চর্বির মাত্রা ও কোলেস্টেরলের ভারসাম্য ঠিক রাখতে কাজ করে। এ ছাড়া এতে ওলিওক্যানথাল ও হাইড্রক্সিটাইরোসলের মতো ফেনলিক যৌগ রয়েছে, যেগুলোর অ্যান্টিঅক্সিডেন্ট ও প্রদাহরোধী গুণ আছে। তেলটিতে থাকা আরও বহু যৌগ শরীরের জন্য ভালো বলে মনে করা হয়।
সবজির পুষ্টিগুণ বাড়াতেও এই তেল ভূমিকা রাখতে পারে। পারাভান্তেস জানান, এক্সট্রা ভার্জিন অলিভ অয়েলে রান্না করলে খাবারে অ্যান্টিঅক্সিডেন্টের পরিমাণ বেড়ে যেতে পারে। একটি গবেষণায় দেখা গেছে, টমেটো, বেগুন, আলু ও মিষ্টিকুমড়ার মতো সবজি এই তেলে রান্না করলে সেগুলোর ফেনলিক যৌগ বাড়ে। রান্নার ধরন অনুযায়ী অ্যান্টিঅক্সিডেন্টের কার্যক্ষমতাও বাড়তে পারে, ফলে সবজি থেকে আরও বেশি পুষ্টি পাওয়া সম্ভব হয়।
সাম্প্রতিক সময়ে অ্যাভোকাডো অয়েলের ব্যবহার বেড়েছে এবং অনেকে অলিভ অয়েলের বদলে এটি বেছে নিচ্ছেন। তবে পারাভান্তেসের মতে, সুস্থ বার্ধক্যের জন্য এক্সট্রা ভার্জিন অলিভ অয়েলই ভালো বিকল্প। অ্যাভোকাডো তেলে মনোআনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড ও কিছু উপকারী উদ্ভিজ্জ উপাদান থাকলেও অলিভ অয়েলে এগুলোর পরিমাণ সাধারণত বেশি থাকে। পাশাপাশি অলিভ অয়েল নিয়ে যতটা গবেষণা হয়েছে, অ্যাভোকাডো অয়েলের উপকারিতা নিয়ে ততটা নির্ভরযোগ্য গবেষণা হয়নি এবং এতে অলিভ অয়েলের মতো বৈচিত্র্যময় অ্যান্টিঅক্সিডেন্টও কম।
ক্যানোলা তেলেও অসম্পৃক্ত চর্বি এবং স্যাচুরেটেড ফ্যাট কম থাকায় এটি নিয়ে আলোচনা হয়। এতে মনোআনস্যাচুরেটেড ও পলিআনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড থাকলেও এক্সট্রা ভার্জিন অলিভ অয়েলের মতো নানা ধরনের ফেনলিক যৌগ এতে নেই।
অনেকের ধারণা, এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল দিয়ে বেশি তাপে রান্না করা যায় না। পারাভান্তেস এই ধারণার সঙ্গে একমত নন। তার মতে, সাধারণ ঘরোয়া রান্নায় তেল পুড়ে যাওয়ার ভয় কম, কারণ এর গড় স্মোক পয়েন্ট প্রায় ৪০০ ডিগ্রি ফারেনহাইট। ঘরে ভাজা বা অল্প তেলে রান্নার সময় তাপমাত্রা সাধারণত এই সীমা ছাড়ায় না। তবে ডুবোতেলে ভাজার ক্ষেত্রে অন্য তেল ব্যবহার করার পরামর্শ দিয়েছেন তিনি। মূলত ডুবোতেলে ভাজার কাজেই এক্সট্রা ভার্জিন অলিভ অয়েলের বদলে অন্য তেল বেছে নেওয়া যেতে পারে।