হায়দরাবাদে অ্যাপেলের প্রথম স্টোর! ১০ ডিসেম্বর খুলছে সপ্তম রিটেল আউটলেট

প্রথমবারের মতো হায়দরাবাদে রিটেল স্টোর খুলতে চলেছে অ্যাপেল। আগামী ১০ ডিসেম্বর ২০২৬ তারিখে এই স্টোর চালু হবে বলে জানা গেছে, যা হবে ভারতে সংস্থার সপ্তম রিটেল স্টোর। ইতিমধ্যেই নতুন এই স্টোরের আউটডোর ডিজাইনের প্রচার শুরু করেছে কুপার্টিনোর প্রযুক্তি সংস্থাটি।

কোথায় ও কেমন হচ্ছে নতুন স্টোর?

অ্যাপেলের সপ্তম এই স্টোরটি খুলছে হায়দরাবাদের কুকটপল্লির লেকশোর ওয়াই জংশন মলে। লেকশোর শহরটির অন্যতম বড় ও পরিচিত শপিং মল, যেখানে প্রতিদিন বহু মানুষের যাতায়াত রয়েছে। ফলে বিস্তৃত ক্রেতাদের কাছে সহজে পৌঁছনোর সুযোগ পাবে সংস্থাটি, কারণ ওই মলে ইতিমধ্যেই নানা জনপ্রিয় ব্র্যান্ডের স্টোর রয়েছে।

সংস্থার পক্ষ থেকে প্রকাশ্যে আনা বাইরের নকশায় মুক্তর আদল ফুটিয়ে তোলা হয়েছে। হায়দরাবাদ যেহেতু মুক্তর জন্য বিশেষভাবে পরিচিত, তাই শহরের ঐতিহ্যের সঙ্গে মিল রেখেই স্টোরের বাহ্যিক রূপে মুক্তর ছোঁয়া রাখা হতে পারে বলে মনে করা হচ্ছে।

কী কী সুবিধা ও পণ্য মিলবে?

অ্যাপেলের ভাষ্য অনুযায়ী, এই স্টোর চালুর মধ্য দিয়ে ভারতে সংস্থার যাত্রায় আরও একটি নতুন ধাপ যুক্ত হবে। এখানে অ্যাপেলের সব ধরনের পণ্য পাওয়া যাওয়ার পাশাপাশি গ্রাহক পরিষেবা, কারিগরি সহায়তা এবং ইন-স্টোর এডুকেশনাল সেশনের ব্যবস্থাও থাকবে।

আইফোনের বিভিন্ন মডেলের পাশাপাশি ম্যাক, অ্যাপেল হোম এবং অ্যাপেল ওয়াচসহ সংস্থার আপডেটেড ডিভাইসগুলি এখানে পাওয়া যাবে। পাশাপাশি ক্রেতারা ‘টুডে অ্যাট অ্যাপেল’ কর্মসূচিতে অংশ নিয়ে ফটোগ্রাফি, ভিডিও তৈরি, আঁকাআঁকি এবং ডিভাইস ব্যবহারের বিষয়ে প্রশিক্ষণ নিতে পারবেন।

ভারতে অ্যাপেলের বিস্তার

হায়দরাবাদের গুরুত্ব তুলে ধরে অ্যাপেল জানিয়েছে, ভারতে ব্যবসা পরিচালনার ক্ষেত্রে এই শহর অত্যন্ত তাৎপর্যপূর্ণ। সংস্থার রিটেল কাস্টমার কেয়ার টিমের রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট বিভাগ হায়দরাবাদেই অবস্থিত, যা শহরটিকে বাড়তি গুরুত্ব দিয়েছে।

এর আগে মুম্বই, দিল্লি, বেঙ্গালুরু এবং পুনেসহ বিভিন্ন শহরে স্টোর খুলেছে অ্যাপেল। বাজার বিশ্লেষকদের মতে, আগে ভারতে মূলত অনুমোদিত রিসেলারের মাধ্যমে পণ্য বিক্রি হলেও বর্তমানে ভারতীয় ক্রেতাদের চাহিদা বাড়ায় এবং ভারত বড় বাজার হয়ে ওঠায় দ্রুত সম্প্রসারণের পথে হাঁটছে সংস্থাটি। ভবিষ্যতে কলকাতাতেও অ্যাপেল স্টোর খোলার সম্ভাবনা নিয়ে আলোচনা রয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *