ফাওয়াদ খানের নতুন সিরিজ আটকাতে মোদিকে চিঠি! নেটফ্লিক্সে মুক্তি নিয়ে তীব্র বিতর্ক

পাকিস্তানি অভিনেতা ফাওয়াদ খানকে ঘিরে ফের বিতর্ক তৈরি হয়েছে। তাঁর নতুন ওয়েব সিরিজ ‘জো বচে হ্যায় সঙ্গ সমেট লো’ আগামী ৪ ডিসেম্বর নেটফ্লিক্সে মুক্তি পাওয়ার কথা থাকলেও ভারতে যাতে এটি সম্প্রচারিত না হয়, সে জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চিঠি পাঠিয়েছে অল ইন্ডিয়ান সিনে ওয়ার্কার্স অ্যাসোসিয়েশন (এআইসিডব্লিউএ)। একই সঙ্গে নেটফ্লিক্স ইন্ডিয়াকেও সিরিজটি ভারতে না দেখানোর অনুরোধ জানিয়েছে সংগঠনটি।

সংগঠনের দাবি, পাকিস্তানের কোনও সিনেমা, ওয়েব সিরিজ, গান কিংবা পডকাস্ট ভারতের ডিজিটাল প্ল্যাটফর্মে সম্প্রচার করা উচিত নয়। এ প্রসঙ্গে ২০২৫ সালের মে মাসে কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রকের জারি করা নির্দেশিকার কথা তুলে ধরা হয়েছে, যেখানে পাকিস্তান থেকে তৈরি কনটেন্ট সম্প্রচার বন্ধ করার কথা বলা হয়েছিল। উল্লেখ্য, ২০২৫ সালের ২২ এপ্রিল পহেলগাঁওয়ে জঙ্গি হামলার পর ভারত-পাকিস্তান সম্পর্কের আরও অবনতি ঘটে এবং তার পরই ৮ মে তথ্য ও সম্প্রচার মন্ত্রক ওটিটি প্ল্যাটফর্ম ও অন্যান্য ডিজিটাল সংস্থাকে পাকিস্তানি কনটেন্ট সম্প্রচার বন্ধ করার পরামর্শ দেয়। সেই নির্দেশিকার ভিত্তিতেই এবার ফাওয়াদ খানের নতুন সিরিজের ভারতে মুক্তি আটকানোর দাবি উঠেছে।

কী বলছে সংগঠন?

এআইসিডব্লিউএ-র বক্তব্য, পুলওয়ামা হামলার পর থেকেই তারা ভারতীয় বিনোদন জগতে পাকিস্তানি শিল্পীদের কাজের বিরোধিতা করে আসছে। পহেলগাঁও হামলার পর কেন্দ্রীয় সরকারও পাকিস্তানি শিল্পী ও কনটেন্টের বিরুদ্ধে পদক্ষেপ নিয়েছে। তাই নেটফ্লিক্সের মতো আন্তর্জাতিক ওটিটি প্ল্যাটফর্মে পাকিস্তানি সিরিজের সম্প্রচার হলে তা দেশের স্বার্থ এবং মানুষের আবেগের পরিপন্থী হবে বলে মনে করে সংগঠনটি। শুধু এই সিরিজ বন্ধের দাবিই নয়, পাকিস্তানি কনটেন্ট সম্প্রচারের বিরুদ্ধে স্থায়ী আইন প্রণয়ন এবং নিয়ম ভাঙলে কঠোর শাস্তির ব্যবস্থাও চেয়েছে তারা।

কী নিয়ে তৈরি এই সিরিজ?

ফরহাত ইশতিয়াকের জনপ্রিয় উর্দু উপন্যাস অবলম্বনে নির্মিত হয়েছে ‘জো বচে হ্যায় সঙ্গ সমেট লো’। পরিচালনা ও প্রযোজনার দায়িত্বে রয়েছেন মোমিনা দুরাইদ। এটিকে নেটফ্লিক্সের প্রথম পাকিস্তানি অরিজিনাল সিরিজ হিসেবে তুলে ধরা হচ্ছে। সিরিজে অভিনয় করেছেন ফাওয়াদ খান, মাহিরা খান, হানিয়া আমির, সনম সঈদ, আহাদ রাজা মীর, ইকরা আজিজ, হামজা আলি আব্বাসি, মায়া আলি এবং বিলাল আশরাফের মতো পরিচিত মুখ। তিন প্রজন্মের ছ’টি প্রেমের গল্পকে কেন্দ্র করে এগিয়েছে সিরিজের কাহিনি; যেখানে প্রেম, সম্পর্কের জটিলতা, পারিবারিক টানাপড়েন এবং মানসিক ক্ষত থেকে সেরে ওঠার গল্প উঠে আসবে। মূল কাহিনিতে রয়েছে সিকান্দার নামে এক তরুণ এবং লিজা নামে এক শিল্পীর সম্পর্ক, আর ইতালির প্রেক্ষাপটে তাঁদের জীবনের নানা ওঠাপড়া দেখানো হবে।

ভারতে কি আদৌ দেখা যাবে এই সিরিজ?

এই প্রশ্নের উত্তর এখনও স্পষ্ট নয়। নেটফ্লিক্সের আন্তর্জাতিক ঘোষণায় ৪ ডিসেম্বর মুক্তির কথা জানানো হলেও ভারতে সিরিজটি দেখা যাবে কি না, তা নিয়ে সংস্থার তরফে এখনও চূড়ান্ত কিছু জানানো হয়নি। নেটফ্লিক্স ইন্ডিয়ার প্ল্যাটফর্মে মুক্তির তারিখের উল্লেখ থাকলেও সেটি ভারতে সম্প্রচারের নিশ্চয়তা নয়। অন্যদিকে, ভারতে এই সিরিজ বন্ধের দাবির বিরোধিতা করেছেন পাকিস্তানের মন্ত্রী আহসান ইকবাল। তাঁর মতে, শিল্প ও সংস্কৃতিকে রাজনৈতিক বিতর্কের হাতিয়ার করা উচিত নয় এবং এই সিরিজ পাকিস্তানের বিনোদন জগতের জন্য একটি গুরুত্বপূর্ণ মাইলফলক।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *