‘নন্দিনী কোনও সময় আমার প্রেম ছিলই না’, বিগ বস বাংলায় রাজবীরের মন্তব্যে তোলপাড়!

‘বিগ বস বাংলা’-র ঘরে সৌরভ দাসের সঙ্গে খোলামেলা আড্ডায় নন্দিনী দত্তকে নিয়ে চাঞ্চল্যকর মন্তব্য করলেন রাজবীর দে। তাঁর দাবি, তিনি নন্দিনীকে কখনওই ভালোবাসেননি। রাজবীরের এই বক্তব্য প্রকাশ্যে আসতেই সোশ্যাল মিডিয়ায় শুরু হয়েছে জোর চর্চা; এর মাঝেই নন্দিনী দত্তের একটি ইঙ্গিতপূর্ণ পোস্ট নতুন করে জল্পনা উসকে দিয়েছে।

রাজবীরের মন্তব্য ঘিরে আলোচনা চলাকালীনই ইনস্টাগ্রাম স্টোরিতে একটি বার্তা শেয়ার করেন নন্দিনী দত্ত। নিজের হোয়াটসঅ্যাপ চ্যানেলে দেওয়া একটি পোস্টের স্ক্রিনশট তুলে ধরে তিনি লেখেন, “বারবার একই ধরনের আচরণ, কাজ পরিবর্তনের আশায় সম্পূর্ণ জল ঢেলে দেয়। আর কোনও আশা থাকে না।” সাম্প্রতিক ঘটনার সঙ্গে এই বার্তার কোনও যোগসূত্র রয়েছে কি না, তা নিয়ে নানা অনুমান করছেন দর্শক ও অনুরাগীরা।

সৌরভ দাসের সঙ্গে কথোপকথনে নিজের অবস্থান স্পষ্ট করতে গিয়ে রাজবীর বলেন, “নন্দিনী কোনও সময় আমার প্রেম ছিলই না। প্রথমদিন যেভাবে কথা বলেছে ও আমার লিস্টেই ছিল না। হ্যাঁ, আমি অন্যরকম ভেবেছিলাম। লাভ অ্যাঙ্গেল না, এই সৃজলা আর জিতুর যে সম্পর্ক, সেরকম ভাবেই ভেবেছিলাম আগে বেরোব। আমার প্রথম নজর ছিল সৃজলার প্রতি, আমি যখন প্রথম এই বাড়িতে আসি, ওই আমাকে খাবার কথা বলেছিল। এরপর নন্দিনীর সঙ্গে ডেট, তারপর প্রথম ভালবাসার হাত বাড়ানো হল, তখন ছ্যাবলা রাজবীর বেরোল। সেই সময় নন্দিনীর সঙ্গে ভালবাসার ব্যাপারটাও আছে, সৃজলার সঙ্গে খুনসুটি ব্যাপারটাও আছে। সোনামণি আমায় ঘৃণা করে, আবার নাও বলে না। আমিও তাই। আমাদের মধ্যে খুনসুটি টাইপের সম্পর্ক।”

রাজবীরের এই স্বীকারোক্তির অংশটি ইতিমধ্যেই ভাইরাল হয়েছে। এতদিনের সমীকরণ নিয়ে প্রশ্ন তুলেছেন দর্শকদের একাংশ—তবে কি নন্দিনীর সঙ্গে পুরো বিষয়টিই খেলার অংশ বা অভিনয় ছিল? তাঁদের মধ্যে কি আদৌ কোনও গভীরতা নেই? ‘বিগ বস বাংলা’-র ঘর থেকে বেরোনোর পর এই সম্পর্ক কোন দিকে এগোবে এবং তা আদৌ টিকবে কি না, সেদিকেই তাকিয়ে দর্শকরা। উত্তর মিলবে আগামী দিনগুলোতে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *