NIA-এর বিরোধিতা সত্ত্বেও দু’দিন ১০ মিনিটের ভিডিয়ো কলের অনুমতি পেল ২৬/১১-র চক্রী, কবে সুযোগ?

সদ্যোজাত নাতনিকে দেখার জন্য পরিবারের সঙ্গে ভিডিয়ো কলে কথা বলার অনুমতি পেল ২৬/১১ মুম্বই হামলার মূল চক্রী তাহাউর হুসেন রানা। বুধবার দিল্লির বিশেষ এনআইএ আদালত এই নির্দেশ দিয়েছে। ২০০৮ সালের ভয়াবহ মুম্বই হামলার ১৮তম বর্ষপূর্তির ঠিক আগেই এই অনুমতি দিল আদালত। আদালতের নির্দেশ অনুযায়ী, আগামী ১৪ ডিসেম্বর এবং ২০২৭ সালের ৪ জানুয়ারি—এই দুই দিন তিহাড় জেল থেকে আমেরিকায় থাকা পরিবারের সঙ্গে ১০ মিনিট করে ভিডিয়ো কলে কথা বলতে পারবে রানা।

আবেদন ও NIA-এর আপত্তি

আদালত নিযুক্ত আইনজীবী নিশান্ত সিংয়ের মাধ্যমে এই আবেদন জানিয়েছিল রানা। আবেদনে উল্লেখ করা হয়, ২০২৫ সালের ১০ এপ্রিল থেকে সে জেলে বন্দি এবং তার পর থেকে পরিবারের কাউকে দেখেনি। এমনকি সদ্যোজাত নাতনির মুখও দেখা হয়নি তার। সেই কারণে আমেরিকায় থাকা পরিবারের সঙ্গে থ্যাঙ্কস গিভিং ডে, বড়দিনের সপ্তাহ এবং নববর্ষ উপলক্ষে ভিডিয়ো কলের আর্জি জানিয়েছিল রানা।

তবে এই আবেদনের বিরোধিতা করে এনআইএ। তদন্তকারী সংস্থার দাবি ছিল, হেফাজতে থাকাকালীন ভিডিয়ো কল করার কোনও আইনি অধিকার রানার নেই, তাই আবেদনটি খারিজ করা উচিত।

আদালতের কড়া শর্ত

দু’পক্ষের সওয়াল শোনার পর বিশেষ বিচারক প্রশান্ত শর্মা দুটি তারিখে ১০ মিনিট করে ভিডিয়ো কলের অনুমতি দেন, তবে এর জন্য একাধিক কড়া শর্ত বেঁধে দিয়েছেন। নির্ধারিত দিনে সন্ধ্যা ৬টা থেকে ৭টার মধ্যে এই কল করতে হবে। তিহাড় জেল সুপারের উপস্থিতিতে পরিবারের সঙ্গে কথা বলতে হবে রানাকে এবং পুরো কথোপকথন রেকর্ড করা হবে।

প্রথমে জেল সুপার ফোন করে রানার পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলবেন; তাঁদের সাড়া পাওয়ার পরই ফোন রানার হাতে দেওয়া হবে। পাশাপাশি আদালত স্পষ্ট জানিয়ে দিয়েছে, ভবিষ্যতে একই কারণে আর ভিডিয়ো কলের আবেদন করতে পারবে না রানা।

মামলার বর্তমান পরিস্থিতি

প্রসঙ্গত, আমেরিকায় ১৪ বছরের সাজা ভোগ করার পর ২০২৫ সালে রানাকে ভারতে প্রত্যর্পণ করা হয়। সেই বছরের ১০ এপ্রিল থেকে দিল্লির তিহাড় জেলের হাই-সিকিউরিটি সেলে বিচারবিভাগীয় হেফাজতে রয়েছে সে। মুম্বই হামলা মামলায় ইতিমধ্যেই দ্বিতীয় সাপ্লিমেন্টারি চার্জশিট জমা দিয়েছে এনআইএ এবং আগামী মাসে এই মামলায় চার্জ গঠনের উপর শুনানি হওয়ার কথা রয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *