অনন্ত মহারাজকে জড়িয়ে ধরলেন শুভেন্দু, নেতাজি নিয়ে কুকথা বলে হয়েছিলেন ভাইরাল

রাসমেলা উপলক্ষে কোচবিহারে গিয়ে নতুন রাজনৈতিক জল্পনা উসকে দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মেলার উদ্বোধনী মঞ্চে রাজ্যসভার বিজেপি সাংসদ অনন্ত মহারাজ ওরফে নগেন রায়কে বুকে জড়িয়ে ধরতে দেখা যায় তাঁকে। নেতাজি সুভাষচন্দ্র বসু ও আজাদ হিন্দ ফৌজকে নিয়ে বিতর্কিত মন্তব্যের জেরে অনন্ত মহারাজের ‘বঙ্গবিভূষণ’ সম্মান কেড়ে নেওয়া হয়েছিল। সেই ঘটনার পর প্রকাশ্য মঞ্চে মুখ্যমন্ত্রীর এই আলিঙ্গন ঘিরে কোচবিহার তথা রাজ্য রাজনীতিতে নতুন করে আলোচনা শুরু হয়েছে।

জানা গিয়েছে, বুধবার কোচবিহারের ল্যান্সডাউন হলে রাজবংশী সম্প্রদায়ের একাধিক সংগঠনকে নিয়ে মুখ্যমন্ত্রীর বৈঠকে অনন্ত মহারাজ অনুপস্থিত ছিলেন। এরপর রাজবাড়ির সামনে থেকে হাতি, ঘোড়া ও পালকি সহকারে ঐতিহ্যবাহী শোভাযাত্রায় অংশ নেন শুভেন্দু অধিকারী। মদনমোহন মন্দিরে পুজো সেরে তিনি রাসমেলার মাঠে উদ্বোধনী অনুষ্ঠানে পৌঁছান। সেখানেই মঞ্চে অনন্ত মহারাজের সঙ্গে সাক্ষাৎ ও আলিঙ্গনের দৃশ্য নজরে আসে।

ঘটনা প্রসঙ্গে পরে সাংবাদিকদের সামনে অনন্ত মহারাজ বলেন, তিনি মঞ্চে পিছনের দিকে ছিলেন এবং শুরুতে মুখ্যমন্ত্রী তাঁকে খেয়াল করেননি। সাংসদের দাবি, বিষয়টি জানতে পেরেই শুভেন্দু অধিকারী ক্ষমা চেয়ে বলেন, “সরি মহারাজ আমি আপনাকে দেখিনি”, এবং তারপর তাঁকে কাছে ডেকে নেন।

উল্লেখ্য, এর আগে নেতাজি সুভাষচন্দ্র বসু ও আজাদ হিন্দ ফৌজকে কেন্দ্র করে অনন্ত মহারাজের মন্তব্যে তীব্র বিতর্ক দানা বেঁধেছিল। কোচবিহারের মহারাজা জগদ্দীপেন্দ্র নারায়ণকে ঘিরে ওই মন্তব্যে নেতাজি ও আজাদ হিন্দ ফৌজের ভূমিকা নিয়ে আপত্তিকর কথা বলা হয়েছিল বলে অভিযোগ ওঠে। ওই বিতর্কের জেরেই অনন্ত মহারাজের ‘বঙ্গবিভূষণ’ সম্মান প্রত্যাহারের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল।

পরবর্তীতে সোশ্যাল মিডিয়ায় ক্ষমা চেয়েছিলেন অনন্ত মহারাজ। সে সময় শুভেন্দু অধিকারী মন্তব্য করেছিলেন যে, সাংসদের বক্তব্য ক্ষমার অযোগ্য হলেও তাঁর বয়সের কথা মাথায় রেখে তিনি ক্ষমা চাওয়ায় বিষয়টি ইতিবাচকভাবে দেখা হচ্ছে। এ বার রাসমেলার মঞ্চে দু’জনকে একসঙ্গে ও ঘনিষ্ঠভাবে দেখা যাওয়ায় জেলার রাজনৈতিক সমীকরণ নিয়ে নতুন হিসাবনিকাশ শুরু হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *