ভোটার তালিকায় বাবার নাম বাদ, ২ মাস ধরে জন্মের শংসাপত্র পাচ্ছে না সদ্যোজাত!

ভোটার তালিকা থেকে বাবার নাম বাদ পড়েছে এবং তার জেরে গত দু’মাসেরও বেশি সময় ধরে জন্মের শংসাপত্র পাচ্ছে না কোচবিহারের এক সদ্যোজাত। প্রশাসনিক জটিলতায় আটকে রয়েছে শিশুকন্যার জন্ম নথিভুক্তির প্রক্রিয়া। পরিবারের অভিযোগ, ভোটার তালিকায় নাম না থাকায় বাবার বসবাসের শংসাপত্র দিতে চাইছে না স্থানীয় প্রশাসন, আর সেই নথি না মেলায় আটকে রয়েছে শিশুর জন্মের শংসাপত্র। ঘটনাকে কেন্দ্র করে কোচবিহারে শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর।

কোচবিহারের দিনহাটা-২ ব্লকের চৌধুরীহাট গ্রাম পঞ্চায়েতের খাটামারি গ্রামের বাসিন্দা আবদুল হাবিব। তাঁর স্ত্রী আমিনা খাতুন গত ৮ সেপ্টেম্বর দিনহাটা মহকুমা হাসপাতালে এক কন্যাসন্তানের জন্ম দেন। কিন্তু জন্মের দু’মাসেরও বেশি সময় পেরিয়ে গেলেও এখনও পর্যন্ত মেয়ের জন্মের শংসাপত্র হাতে পাননি তাঁরা।

আবদুলের অভিযোগ, সন্তানের জন্ম নথিভুক্ত করার জন্য প্রয়োজনীয় বসবাসের শংসাপত্র সংগ্রহ করতে গিয়ে সমস্যার মুখে পড়েন তিনি। স্থানীয় চৌধুরীহাট গ্রাম পঞ্চায়েতে ওই শংসাপত্রের জন্য আবেদন করতে গেলে তাঁকে জানানো হয়, পঞ্চায়েত প্রধানের পদ বর্তমানে শূন্য থাকায় নথি তৈরি করা সম্ভব হচ্ছে না। এরপর স্থানীয় বিধায়কের হস্তক্ষেপ নেওয়ার পরামর্শ দেওয়া হলেও সমস্যার সমাধান হয়নি। হাবিবের আরও অভিযোগ, ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআর প্রক্রিয়ায় তাঁর নাম বাদ পড়েছে এবং সেই কারণ দেখিয়েই বসবাসের শংসাপত্র দিতে চাইছে না প্রশাসন; অথচ তাঁর স্ত্রী এখনও ভোটার তালিকায় বৈধ ভোটার হিসেবে রয়েছেন, পরিবারের কাছে পরিচয় সংক্রান্ত নথি রয়েছে, এমনকী বাবা-মায়ের জন্মের শংসাপত্র এবং ২০০২ সালের ভোটার তালিকায় তাঁর বাবার নামও রয়েছে।

এ বিষয়ে ইন্ডিয়া টুডে-র তরফে দিনহাটা-২ ব্লকের বিডিও লামহু ওয়াংডির সঙ্গে ফোনে যোগাযোগ করা হলে তিনি জানান, বিষয়টি খতিয়ে দেখবে প্রশাসন। ঘটনাকে কেন্দ্র করে শুরু হওয়া রাজনৈতিক তরজায় কোচবিহার জেলা বিজেপির সভাপতি অভিজিৎ বর্মন পরিবারকে আইনি পথে যাওয়ার পরামর্শ দিয়ে বলেন, ট্রাইব্যুনালে গিয়ে ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্তির বিষয়টি খতিয়ে দেখা উচিত এবং ভারতীয় নাগরিক হলে জন্মের শংসাপত্র পেতে অসুবিধা হওয়ার কথা নয়। অন্যদিকে কোচবিহার জেলা কংগ্রেস সভাপতি বিশ্বজিৎ সরকার অভিযোগ করেন, এসআইআর প্রক্রিয়ায় বহু প্রকৃত নাগরিকের নাম বাদ পড়েছে এবং স্থানীয় মুসলিম রাজবংশী সম্প্রদায়ের আবদুল হাবিবকে অনুপ্রবেশকারী হিসেবে তুলে ধরার চেষ্টা হচ্ছে; নাম পুনরায় অন্তর্ভুক্ত না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে। তৃণমূল কংগ্রেস নেতা কুণাল ঘোষ জানান, সমাধানের দায়িত্ব রাজ্য ও কেন্দ্র উভয় সরকারেরই এবং শিশুর বাবার নথিপত্রে অসঙ্গতি থাকলে গুরুত্ব দিয়ে খতিয়ে দেখা প্রয়োজন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *