আকাশসীমা বন্ধ ও ফ্লাইট বাতিলের আশঙ্কা: ইরান ও মধ্যপ্রাচ্যের পরিস্থিতি নিয়ে কী সতর্কবার্তা দিল যুক্তরাষ্ট্র?

ইরানে অবস্থানরত নিজেদের নাগরিকদের অবিলম্বে দেশ ছাড়ার পরামর্শ দিয়েছে যুক্তরাষ্ট্র। পাশাপাশি মার্কিন নাগরিকদের যেকোনো মূল্যে ইরান ভ্রমণ এড়িয়ে চলার আহ্বান জানানো হয়েছে। মধ্যপ্রাচ্যে হামলার ক্রমবর্ধমান হুমকি এবং মার্কিন ঘাঁটিগুলো লক্ষ্যবস্তু হতে পারে—এমন আশঙ্কার প্রেক্ষিতেই এই সতর্কবার্তা জারি করা হয়েছে।

ইরানের মার্কিন ভার্চুয়াল দূতাবাসের তরফে জারি করা সতর্কবার্তায় জানানো হয়েছে, ইরান-সমর্থিত হুথি বিদ্রোহীদের হামলা এবং মার্কিন কর্মকর্তা ও স্থাপনাগুলোকে নিশানা করার প্রচেষ্টা ওই অঞ্চলে নিরাপত্তা ঝুঁকি আরও বাড়িয়ে দিতে পারে। যুক্তরাষ্ট্রের দাবি, বাহরাইন ও কুয়েতে অবস্থিত মার্কিন ঘাঁটিগুলোকে লক্ষ্যবস্তু করেছে ইরান, আর হুথি হামলাকারীরা সৌদি আরবের বেসামরিক বিমানবন্দর এবং গুরুত্বপূর্ণ অবকাঠামোয় আঘাত হেনেছে। এর ফলে বেসামরিক হতাহতের পাশাপাশি বিমান চলাচলেও বিঘ্ন ঘটেছে বলে জানা গেছে।

আঞ্চলিক সংঘাত দ্রুত ছড়িয়ে পড়তে পারে বলে সতর্ক করেছে মার্কিন প্রশাসন। এর জেরে ফ্লাইট বাতিল, আকাশপথ বন্ধ এবং যাতায়াতে বড় ধরনের ব্যাঘাত ঘটার আশঙ্কা করা হচ্ছে। তাই ইরানে থাকা মার্কিন নাগরিকদের এয়ারলাইন্সগুলোর সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখতে বলা হয়েছে। বিক্ষোভ, জনাকীর্ণ এলাকা এবং যেখানে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন রয়েছে, সেসব জায়গা এড়িয়ে চলারও পরামর্শ দেওয়া হয়েছে। পাশাপাশি স্থানীয় প্রশাসনের নির্দেশ মানা এবং মার্কিন পররাষ্ট্র দপ্তরের সতর্কতা ব্যবস্থায় নাম নথিভুক্ত করার অনুরোধ জানানো হয়েছে।

উল্লেখ্য, ১৯৮০ সাল থেকে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে কোনো কূটনৈতিক সম্পর্ক নেই। ইরানে যুক্তরাষ্ট্রের স্বার্থ দেখাশোনা করে সুইজারল্যান্ড। তাই জরুরি প্রয়োজনে নাগরিকদের তেহরানে অবস্থিত সুইস দূতাবাসের মার্কিন স্বার্থ বিভাগে যোগাযোগ করার পরামর্শ দিয়েছে ওয়াশিংটন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *