মাত্র ২ বছর ১১ মাসে তুখোড় স্মৃতিশক্তি! পদক ও শংসাপত্র পেল হুগলির একরত্তি রাজস্বিনী

এই মাসেই সদ্য তিন বছরে পা দিয়েছে খুদে রাজস্বিনী চক্রবর্তী। এখনও স্কুলে যাওয়া শুরু হয়নি, কিন্তু এর মধ্যেই অসাধারণ মেধা ও স্মৃতিশক্তির পরিচয় দিয়ে তাক লাগিয়ে দিয়েছে হুগলির পান্ডুয়ার এই একরত্তি। মাত্র ২ বছর ১১ মাস বয়সেই পশু, পাখি, মাছ, মাসের নাম, অক্ষর সহ নানা বিষয় ও আকার শনাক্ত করতে পেরেছে সে। সেই স্বীকৃতিতেই মিলেছে ইন্ডিয়া বুক অফ রেকর্ডসের সম্মান। সেখান থেকে মেডেল ও সার্টিফিকেট পেয়ে এখন খুদে ‘অ্যাচিভার’ হিসেবে পরিচিতি পেয়েছে রাজস্বিনী।

রাজস্বিনী চক্রবর্তীর জন্ম তিন বছর আগে, চলতি নভেম্বরেরই ১ তারিখে। হুগলির পান্ডুয়ার উত্তরায়ণে বাবা-মায়ের সঙ্গে থাকে সে। রাজস্বিনীর বাবা রাহুল চক্রবর্তী পেশায় ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার এবং মা সায়নী চক্রবর্তী পঞ্চায়েতের কর্মী।

রাজস্বিনীর মা জানান, মেয়ে যখন এক বছরের ছিল, তখন একটি বই কিনে দিয়েছিলেন। কোলে বসিয়ে বই খুলে বর্ণমালা দেখাতেন তিনি। তখনও কথা বলতে শেখেনি রাজস্বিনী, কিন্তু মায়ের কথা খুব মন দিয়ে শুনত। পরবর্তী সময়ে বই, খাতা, পেন ও পেন্সিলের প্রতি আগ্রহ তৈরি হয় তার। পশুপাখির নাম জিজ্ঞাসা করলে দ্রুত চিনতে পারত এবং মনে রাখতে পারত। প্রতিদিন নিয়ম করে পড়ানোর বদলে অবসর পেলেই শেখাতেন মা। নতুন কিছু শেখার প্রবল আগ্রহই তার এই স্মৃতিশক্তির মূল কারণ বলে মনে করেন সায়নী দেবী। তাঁর কথায়, রাজস্বিনী অত্যন্ত শান্ত স্বভাবের এবং দুষ্টুমি প্রায় করে না বললেই চলে।

বাড়িতে গিয়ে দেখা যায়, মায়ের সঙ্গে বসে খুব মনোযোগ দিয়ে নানা বিষয় শিখে নিচ্ছে একরত্তি মেয়েটি। মা যা বলেন, তা যেন সহজেই গেঁথে নেয় মগজে। শুধু মুখস্থ বলাই নয়, নিজের হাতে ইংরেজি অক্ষর লেখার চেষ্টাও করে সে। আর এই ব্যতিক্রমী ক্ষমতাই তাকে এনে দিয়েছে ইন্ডিয়া বুক অফ রেকর্ডসে অ্যাচিভারের শিরোপা।

গত ৩০ সেপ্টেম্বর আবেদনের পর সংস্থার তরফে ভিডিয়োসহ প্রয়োজনীয় তথ্য ও নথি জমা দিতে বলা হয় রাজস্বিনীর বাবা-মাকে। অক্টোবর মাসে তার কৃতিত্ব যাচাই করে নির্বাচিত হওয়ার কথা জানানো হয় এবং গত ২ নভেম্বর মেডেল ও সার্টিফিকেট হাতে পায় সে। মেয়ের এই সাফল্যে স্বাভাবিকভাবেই খুশি গোটা পরিবার।

স্কুলে যাওয়ার আগেই ইন্ডিয়া বুক অফ রেকর্ডসে নাম তুলে পরিবারের পাশাপাশি পান্ডুয়ার মুখ উজ্জ্বল করেছে রাজস্বিনী। সংস্থার স্বীকৃতি অনুযায়ী, মাত্র ২ বছর ১১ মাস বয়সে সে শরীরের ৪২টি অঙ্গপ্রত্যঙ্গ, ৩০টি পাখি, ৩২টি প্রাণী, ৮টি মাছ, ১৬টি পোকামাকড়, ১০টি ফল, ৫টি ফুল, ১২টি সবজি এবং ৭টি আকৃতি শনাক্ত করতে পারে।

এছাড়া বাংলায় ১৮টি ইংরেজি বিপরীতার্থক শব্দ, ছয়টি জাতীয় প্রতীক, বছরের মাস, সপ্তাহের দিন, ছয়টি ঋতু এবং পাঁচটি আঙুলের নাম মনে রাখতে পারে এই খুদে। ইংরেজি ও বাংলায় ১ থেকে ২৪ পর্যন্ত সংখ্যা বলতে পারে এবং এলোমেলোভাবে দেওয়া ১ থেকে ১০ পর্যন্ত সংখ্যাও মিলিয়ে দিতে পারে।

ছোটবেলা থেকেই বই, খাতা, পেন ও পেন্সিলের প্রতি রাজস্বিনীর আগ্রহ দেখে মা সায়নী তাকে হাতে ধরে শেখাতেন। নিজের মেধায় ভর করে এভাবেই এগিয়ে চলেছে হুগলির এই খুদে বিস্ময়।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *