কালিম্পংয়ে ঘুচবে পানীয় জলের সঙ্কট? পুরনো পাইপলাইন বদল ও নতুন জলাধারে বড় পদক্ষেপ

কালিম্পংয়ের দীর্ঘদিনের পানীয় জলের সঙ্কট মেটাতে একাধিক গুরুত্বপূর্ণ পদক্ষেপের পথে রাজ্য সরকার। পানীয় জল সরবরাহ ব্যবস্থার পরিকাঠামো ঢেলে সাজানোর পাশাপাশি পুরনো পাইপলাইন বদল, অসমাপ্ত প্রকল্পের কাজ দ্রুত শেষ করা এবং নতুন জলাধার তৈরির বিষয়ে একগুচ্ছ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বুধবার কালিম্পং পুরসভার পানীয় জল সরবরাহ পরিস্থিতি নিয়ে প্রশাসনিক পর্যালোচনা বৈঠক করেন সংশ্লিষ্ট মন্ত্রী।
ওই বৈঠকে উপস্থিত ছিলেন কালিম্পংয়ের বিধায়ক ভারত ছেত্রী, নগরোন্নয়ন ও পুর বিষয়ক দফতরের অতিরিক্ত মুখ্যসচিব, জনস্বাস্থ্য কারিগরি দফতরের সচিব, জিটিএ-র প্রশাসক এবং কালিম্পংয়ের জেলাশাসক সহ বিভিন্ন দফতরের আধিকারিক ও পদস্থ ইঞ্জিনিয়াররা।
বৈঠকে কালিম্পংয়ের পানীয় জলের চাহিদা এবং সরবরাহের মধ্যে থাকা বিপুল ফারাকের বিষয়টি উঠে আসে। বর্তমানে নীওরা এবং রেলি-থুকচুক—এই দুটি প্রধান উৎস থেকে কালিম্পংয়ে পানীয় জল সরবরাহ করা হয়। কিন্তু দীর্ঘদিন ধরে পাইপলাইনের যথাযথ রক্ষণাবেক্ষণ না হওয়ায় জল সরবরাহ ব্যবস্থা কার্যত বিপর্যস্ত হয়ে পড়েছে। অভিযোগ, গত তিন দশকেরও বেশি সময় ধরে পাইপলাইনের রক্ষণাবেক্ষণে অবহেলার জেরে এই পরিস্থিতি তৈরি হয়েছে। বর্তমানে প্রতিদিন প্রায় ৭ লক্ষ গ্যালন পানীয় জলের প্রয়োজন হয় কালিম্পংয়ে, অথচ সরবরাহ হচ্ছে মাত্র ২ লক্ষ গ্যালনের কাছাকাছি। ফলে প্রতিদিন প্রায় ৫ লক্ষ গ্যালন জলের ঘাটতি থেকে যাচ্ছে।
এই ঘাটতি মেটাতে নীওরা-ডেলো এবং রেলি-থুকচুক জল সরবরাহ রুটের পুরনো পাইপলাইন সম্পূর্ণ বদলে ফেলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পাশাপাশি AMRUT 2.0 প্রকল্পের আওতায় সিভিল লেক-২-এর কাজ দ্রুত শেষ করার উদ্যোগ নেওয়া হচ্ছে। জল সরবরাহের ক্ষেত্রে যে সমস্ত গুরুত্বপূর্ণ জায়গায় বাধা তৈরি হচ্ছে, সেগুলি চিহ্নিত করে দ্রুত সমাধানের নির্দেশ দেওয়া হয়েছে।
এদিনের বৈঠকে ‘হর ঘর জল’ প্রকল্পের কাজের অগ্রগতিও খতিয়ে দেখা হয়। বিভিন্ন প্রকল্পের কাজ শেষ হতে দেরি হওয়ার কারণ নিয়ে বিস্তারিত আলোচনা হয় এবং সমস্ত প্রকল্প নির্দিষ্ট সময়সীমার মধ্যে শেষ করার জন্য প্রয়োজনীয় নির্দেশ জারি করা হবে বলে জানানো হয়েছে।
প্রশাসনিক সূত্রে জানানো হয়েছে, দার্জিলিং ও কালিম্পং পাহাড়ের দীর্ঘদিনের সমস্যা এবং উন্নয়ন সংক্রান্ত বিষয়গুলিকে বিশেষ গুরুত্ব দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সেই নির্দেশ ও অঙ্গীকার মেনেই পাহাড়ের পানীয় জলের সমস্যা সমাধানে পরিকল্পিতভাবে এগোতে চাইছে রাজ্য সরকার। শুধুমাত্র সাময়িকভাবে জলের ঘাটতি মেটানো নয়, বরং আগামী ৫০ বছরের চাহিদার কথা মাথায় রেখে কালিম্পংয়ের জন্য একটি নির্ভরযোগ্য ও স্থায়ী পানীয় জল সরবরাহ ব্যবস্থা গড়ে তোলাই এখন প্রশাসনের লক্ষ্য। নিরাপদ এবং পর্যাপ্ত পানীয় জল নিশ্চিত করাই সরকারের অন্যতম অগ্রাধিকার।