‘তাঁরাই আসল সক্ষম, আমরাই অক্ষম’! কলকাতার অন্য বইমেলায় ভাস্বর চট্টোপাধ্যায়ের বড় বার্তা

বিশেষভাবে সক্ষম ব্যক্তিদের সৃজনশীলতা এবং সাহিত্যচর্চা সাধারণ পাঠকদের কাছে পৌঁছে দিতে সম্প্রতি আয়োজিত হল ‘এক দিনের অন্য বইমেলা’। স্বেচ্ছাসেবী সংস্থা এনআইপি এবং রোটারি ডিস্ট্রিক্ট ৩২৯১-এর যৌথ উদ্যোগে কলকাতা প্রেস ক্লাবে এই বিশেষ বইমেলায় বিশেষভাবে সক্ষম লেখকদের লেখা নানা ধরনের বই প্রদর্শিত হয়। তার মধ্যে অন্যতম বিশেষ আকর্ষণ ছিল ব্রেইল বইয়ের সম্ভার।

সাধারণ বইমেলার ভিড় ও বাণিজ্যিক কাঠামোর বাইরে গিয়ে এই আয়োজনের মূল লক্ষ্য ছিল বিশেষভাবে সক্ষম মানুষদের মেধা ও মননকে স্বীকৃতি দেওয়া। দিনভর চলা এই বইমেলায় কবিতা, গল্প এবং প্রবন্ধ থেকে শুরু করে জীবনমুখী নানা বিষয়ের ওপর লেখা বই প্রদর্শিত ও বিক্রি হয়। শারীরিক প্রতিবন্ধকতা জয় করে যাঁরা কলম ধরেছেন, তাঁদের সৃষ্টিশীল প্রয়াসকে সম্মান জানাতে মেলায় ভিড় জমিয়েছিলেন বহু বইপ্রেমী, সাহিত্যিক এবং বিশিষ্টজনেরা।

অনুষ্ঠানের উদ্বোধন করেন রোটারি ডিস্ট্রিক্ট গভর্নর তাপস ভট্টাচার্য এবং এনআইপি-র সম্পাদক দেবজ্যোতি রায়। উদ্যোক্তাদের মতে, বিশেষভাবে সক্ষম মানুষদের সাহিত্যকীর্তি সমাজের মূলস্রোতে পৌঁছে দেওয়ার এটি একটি ক্ষুদ্র প্রয়াস মাত্র। এই ধরনের উদ্যোগ যত বাড়বে, ততই তাঁদের মূলস্রোতে যুক্ত করার কাজটি আরও সহজ হবে।

মেলায় আসা পাঠক ও দর্শনার্থীরা লেখকদের সঙ্গে সরাসরি কথা বলার সুযোগ পান, যা পুরো আয়োজনটিকে আরও প্রাণবন্ত করে তোলে। এমন মানবিক ও ব্যতিক্রমী উদ্যোগ আগামী দিনেও আরও বড় পরিসরে আয়োজিত হবে বলে আশা প্রকাশ করেছেন উদ্যোক্তারা। রোটারি ডিস্ট্রিক্ট গভর্নর তাপস ভট্টাচার্য, অভিনেতা ভাস্বর চট্টোপাধ্যায়সহ অন্যান্য বিশিষ্টজনেরা বিশেষভাবে সক্ষম ব্যক্তিদের এই প্রচেষ্টার ভূয়সী প্রশংসা করেন।

ভাস্বর চট্টোপাধ্যায় বলেন, “বিশেষভাবে সক্ষম যাঁদের বলা হচ্ছে, আমার কাছে তাঁরাই সক্ষম। আমরাই অক্ষম। আমরা সাধারণ মানুষ যাঁদের সব কিছু ঠিকঠাক চলে, হাত, পা, মুখ, মাথা… কিন্তু আসলে কিছুই ঠিকঠাক চলছে না। সেইজন্যই আমরা মানুষ মারি, যুদ্ধ করি কিংবা উল্টোপাল্টা কাজ করি। কিন্তু ওঁরা তো এসব করেন না। আমার মনে হয়, ওঁদের মতো গুণী এবং সক্ষম, এই পৃথিবীতে আর কেউ নন।”

বিশেষভাবে সক্ষম মানুষদের আরও উৎসাহিত করার লক্ষ্যে এ ধরনের বইমেলার আয়োজনের সংখ্যা বাড়ানোর ওপর গুরুত্ব দেন বইমেলায় উপস্থিত সকলেই।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *