পুনের আদালতে চাঞ্চল্যকর হামলা! খুন মামলার আসামির দুই হাত কেটে নিল দুষ্কৃতীরা, এলাকায় আতঙ্ক

মহারাষ্ট্রের পুনেতে বুধবার আইনশৃঙ্খলাকে চ্যালেঞ্জ জানিয়ে এক চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। শিবাজিনগর আদালত চত্বরের বাইরে বুধবার দুপুরে ছয় জনের একটি দল খুনের মামলার এক আসামির ওপর প্রকাশ্যে ধারালো অস্ত্র দিয়ে হামলা চালায়। হামলাকারীরা নাকি প্রথমে তার ওপর এলোপাথাড়ি গুলি চালায়, তারপর ধারালো অস্ত্র দিয়ে আসামির দুটি হাত কেটে নেয়। এই ঘটনার পর এলাকায় ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে। গুরুতর জখম অবস্থায় আসামিকে উদ্ধার করা হয়। এক আধিকারিক জানিয়েছেন, হামলাকারীরা ঘটনাস্থল থেকে পালিয়ে গেলেও পুলিশ ঘটনাস্থল থেকে দুটি পিস্তল এবং একটি ম্যাগাজিন উদ্ধার করেছে।
আধিকারিকদের বক্তব্য অনুযায়ী, ঘটনাটি ঘটে দুপুর প্রায় ১টা নাগাদ। আহত ব্যক্তির নাম মন্দার কিওয়ালে। তাকে সসুন জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং সেখানে তার চিকিৎসা চলছে। প্রাথমিক তথ্য অনুযায়ী, হামলাকারীরা কিওয়ালের পিছু নিয়ে ধারালো অস্ত্র দিয়ে তার ওপর আক্রমণ করে। তবে এক পুলিশ আধিকারিক সংবাদসংস্থাকে জানিয়েছেন, হামলার সময় আদৌ গুলি চালানো হয়েছিল কি না, তা এখনো নিশ্চিতভাবে জানা যায়নি।
পুলিশ জানিয়েছে, কিওয়ালে শুভম চহ্বাণ হত্যা মামলার আসামি। এই হামলা পুরনো শত্রুতার জের ধরে ঘটতে পারে বলে অনুমান করা হচ্ছে। কিওয়ালে শনিবার জামিনে জেল থেকে মুক্তি পেয়েছিল এবং বুধবার আদালতে শুনানির জন্য এসেছিল। সেই সময় আদালতের ৪ নম্বর গেটের বাইরে হামলাকারীরা তাকে লক্ষ্য করে। আধিকারিকরা জানিয়েছেন, ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত চলছে।
প্রাথমিক তথ্য অনুযায়ী, শুভম চহ্বাণ হত্যাকাণ্ডে মন্দার কিওয়ালেকে গ্রেফতার করা হয়েছিল। ২০২৫ সালের ২০ এপ্রিল পুনের কাত্রজ এলাকার সন্তোষ নগরে শুভমকে খুন করা হয়। জমি ও টাকা-পয়সা সংক্রান্ত বিবাদই ওই খুনের কারণ বলে জানা গিয়েছিল। ওই মামলায় অভিযুক্ত মন্দার শনিবার জামিনে কারাগার থেকে বেরিয়ে আসে। বুধবার আইনি প্রক্রিয়ার কাজে শিবাজিনগর জেলা আদালতে গেলে আগে থেকেই ওত পেতে থাকা হামলাকারীরা তার ওপর চড়াও হয়।
জানা গিয়েছে, হামলাকারীরা দুটি স্কুটারে করে ঘটনাস্থলে এসেছিল। একটি স্কুটারে চার জন এবং অন্যটিতে দুজন ছিল। আদালতের বাইরে মন্দারের ওপর গুলি চালানো ও ধারালো অস্ত্র দিয়ে আক্রমণের পর ছড়িয়ে পড়া একটি ভিডিওতে রাস্তায় রক্তাক্ত অবস্থায় পড়ে থাকা আহত ব্যক্তিকে দেখা গিয়েছে। ভিডিওতে এক হামলাকারীর হাতে রক্তমাখা ধারালো অস্ত্রও নজরে এসেছে।
ঘটনাস্থল থেকে পুলিশ দুটি আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে। পাশাপাশি একটি ম্যাগাজিনও পাওয়া গিয়েছে, যাতে তাজা কার্তুজ ছিল বলে জানা গিয়েছে। পুলিশ সমস্ত অস্ত্র নিজেদের হেফাজতে নিয়ে তদন্ত শুরু করেছে। ২০২৫ সালের শুভম চহ্বাণ খুনের প্রতিশোধ নিতেই এই হামলা চালানো হয়েছে কি না, তা খতিয়ে দেখছে তদন্তকারী সংস্থাগুলো। তবে হামলার প্রকৃত কারণ তদন্ত শেষ হওয়ার পরেই আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা যাবে।
এই ঘটনায় বিরোধী কংগ্রেস এবং ন্যাশনালিস্ট কংগ্রেস পার্টি শারদচন্দ্র পওয়ার গোষ্ঠী মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী তথা স্বরাষ্ট্রমন্ত্রী দেবেন্দ্র ফড়নবীসকে নিশানা করেছে। কংগ্রেস পরিষদীয় দলের নেতা বিজয় ওয়াডেট্টিওয়ার সমাজমাধ্যমে লিখেছেন, পুনেতে অপরাধের ঘটনা মাত্রা ছাড়িয়ে গেছে এবং এখন আদালতের বাইরেও হামলা হচ্ছে। তাঁর মতে, অপরাধীদের মনে আইনের ভয় আর নেই। হাসপাতাল থেকে আসামি পালানো এবং অপরাধের মহিমান্বিত ভিডিও ছড়িয়ে পড়ার সাম্প্রতিক ঘটনাও তিনি তুলে ধরেছেন এবং স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ও পরিসংখ্যানের বিপরীতে বাস্তব পরিস্থিতি নিয়ে প্রশ্ন তুলে পুলিশের ভূমিকা খতিয়ে দেখার দাবি জানিয়েছেন।