বেঞ্চে বসে সাত মাস, তারপর চাকরি হারানো! বাবার এক বড় মিথ্যেতে কাঁদাল ভাইরাল পোস্ট

চাকরি চলে যাওয়ার পর একজন কর্মীর জীবনে কী পরিস্থিতি তৈরি হয়, তারই এক আবেগঘন চিত্র ফুটে উঠেছে সম্প্রতি ভাইরাল হওয়া একটি ফেসবুক পোস্টে। বিহারের দ্বারভাঙার বাসিন্দা এক তরুণী সফটওয়্যার ইঞ্জিনিয়ার পুণেতে কাটানো চার বছরের চাকরিজীবনের অভিজ্ঞতা তুলে ধরেছেন সেখানে, যা ইতিমধ্যেই নেটমাধ্যমে অনেকের মন ছুঁয়ে গিয়েছে।

নিজের পোস্টে ওই তরুণী জানান, পুণেতে চার বছর থাকার সময় তিনি তাঁর বাবাকে পাঁচটি মিথ্যা বলেছিলেন। অন্যদিকে তাঁর বাবাও তাঁকে একটি বড় মিথ্যা বলেছিলেন, যার আসল সত্যিটা তিনি জানতে পারেন মাত্র ১১ দিন আগে। স্নাতকের শেষ বর্ষে ক্যাম্পাস প্লেসমেন্টের মাধ্যমে দেশের একটি বড় আইটি সংস্থায় চাকরি পান তিনি। অফার লেটারে বার্ষিক ৩ লক্ষ ৬০ হাজার টাকার প্যাকেজের কথা লেখা থাকলেও আনন্দে আত্মহারা হয়ে বাবাকে তিনি বলেছিলেন ‘ছয় লক্ষ’ টাকার প্যাকেজের কথা। সেই থেকে এলাকার মানুষের কাছে তিনি হয়ে ওঠেন ‘ছৌ লাখ ওয়ালি’।

তরুণীর কথায়, তাঁর বাবা দ্বারভাঙার লহেরিয়া সরাইয়ে ডক্টর সিনহার ক্লিনিকে ৩১ বছর ধরে কম্পাউন্ডারের কাজ করছেন। স্থানীয়দের অনেকেই তাঁকে চিকিৎসক মনে করেন, আর তিনিও সেই ভুল শুধরে দেন না। তরুণী লিখেছেন, পুণের হিঞ্জেওয়াড়ি ফেজ-১-এ একটি জেরক্সের দোকানের ওপরে থাকা পিজিতে মাসে সাড়ে আট হাজার টাকা ভাড়ায় তিনজন মিলে থাকতেন তিনি। প্রতি মাসের এক তারিখে বাড়ি থেকে ১০ হাজার টাকা পাঠানোর নিয়ম তৈরি করেছিলেন এবং তা কখনো ভাঙেননি।

বাবাকে তিনি বলেছিলেন, অফিসে তাঁর কাচের দেওয়াল ঘেরা নিজস্ব কেবিন রয়েছে। বাস্তবে তিনি চতুর্থ তলায় ৪০ জনের ভিড়ে একটি শেয়ার করা হট ডেস্কে বসতেন, আর কাচের কেবিন ছিল এক ডেলিভারি ম্যানেজারের। এছাড়া আমেরিকার স্বাস্থ্য পরিষেবা সংক্রান্ত প্রজেক্টে তাঁর নাইট শিফট ছিল রাত ৯টা থেকে সকাল ৬টা পর্যন্ত। কিন্তু বাড়ির পরিবেশের কথা ভেবে বাবাকে তিনি জানিয়েছিলেন যে তাঁর ডে শিফট এবং সন্ধ্যা ৭টার মধ্যেই বাড়ি ফেরেন। নিরাপত্তারক্ষীসহ ক্যাবে যাতায়াতের অভিজ্ঞতাও বাবার কাছে গোপন রেখেছিলেন তিনি।

২০২৫ সালের মার্চ মাসে আমেরিকার ক্লায়েন্ট চুক্তি বাতিল করায় তাঁর প্রজেক্ট চলে যায়। এরপর টানা সাত মাস কোনো প্রজেক্ট ছাড়াই ‘বেঞ্চে’ বসে থাকতে হয় তাঁকে। কোর্স করা আর চাকরি খোঁজার মধ্যেই কেটে যায় সেই সময়। অবশেষে অক্টোবরে ‘মিউচুয়াল সেপারেশন’-এর নামে তাঁকে ইস্তফা দিতে বলা হয়। সেদিনও বাবাকে ফোন করে তিনি জানিয়েছিলেন যে তাঁর পদোন্নতি হয়েছে এবং তিনি সিনিয়র সিস্টেমস ইঞ্জিনিয়ার হয়েছেন। ১১ দিনের মধ্যে বানেরের একটি স্টার্টআপে মাসে ২৫ হাজার টাকা বেতনে ছয় মাসের চুক্তিভিত্তিক চাকরি পান তিনি।

ছটপুজোর সময় প্রবেশন পিরিয়ডের কারণে বাড়ি ফিরতে না পারার কথা জানালেও ৩০ অক্টোবর হঠাৎই পুণে স্টেশনে পৌঁছে যান তাঁর ৫৭ বছর বয়সি বাবা। ডায়াবেটিসের রোগী হয়েও ৩৮ ঘণ্টার সফর করে মেয়েকে দেখতে চলে আসেন তিনি। পিজির ঘরে বসেই বাবার মুখে নিজের সবচেয়ে বড় মিথ্যাটির কথা জানতে পারেন ওই তরুণী।

বাবা জানান, দ্বিতীয় মাসেই প্রতিবেশী চৌরসিয়া আঙ্কলের ছেলে ইনফোসিসে কাজ করার সুবাদে আসল বেতন ৩ লক্ষ ৬০ হাজার টাকা বলে দিয়েছিল। কিন্তু তিনি সেই কথা বাইরে যেতে দেননি এবং পুরো পাড়া তাঁর হয়ে সেই গোপন কথা আগলে রেখেছিল। এমনকি নাইট শিফট এবং পদোন্নতির মিথ্যাও যে বাবা অনেক আগেই ধরে ফেলেছিলেন, তাও জানান তিনি।

সবচেয়ে আবেগঘন তথ্যটি ছিল টাকা পাঠানো নিয়ে। তরুণী প্রতি মাসে যে ১০ হাজার টাকা পাঠাতেন, বাবা তা খরচ না করে দ্বারভাঙার পোস্ট অফিসে মেয়ের নামে থাকা রেকারিং ডিপোজিট অ্যাকাউন্টে জমা করে দিতেন টানা চার বছর ধরে। মেয়ে যেন একা শহরে নিজেকে অপ্রয়োজনীয় না ভাবে এবং প্রতি মাসের এক তারিখে ফোনে কথা বলার অজুহাত তৈরি হয়, সেজন্যই টাকা নিতেন তিনি। পাশাপাশি মেয়ে যাতে পুণের একঘেয়ে খাবারের মাঝে ঠিকমতো থাকে, সেজন্য প্রতি মাসে মাখানা পাঠাতেন বলেও জানান বাবা।

তিন দিন পুণেতে থাকার পর স্টেশনে যাওয়ার সময় তরুণী স্বীকার করেন যে কিছুই ঠিক নেই, তিনি চুক্তিভিত্তিক চাকরিতে আছেন এবং অনেকগুলো প্রত্যাখ্যানের চিঠি পেয়েছেন। বাবা তাঁকে আশ্বস্ত করে বলেন, এবার সব ঠিক হয়ে যাবে। পোস্টের শেষে তরুণী লিখেছেন, পাসবুকটি আজও তাঁর তাকের ওপর রাখা রয়েছে। মায়ের কাছে এখনও কাচের কেবিনের সিনিয়র সিস্টেমস ইঞ্জিনিয়ারের গল্পটিই বজায় আছে, কারণ কিছু মিথ্যা পরিবারের ভিত শক্ত করে রাখে। বড় শহরে থাকা ছোট শহরের সন্তানদের উদ্দেশ্যে তাঁর বার্তা, বাবাকে ভালো থাকার কথা বললেও হয়তো তিনি আগে থেকেই সব জানেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *