বরযাত্রী থেকে স্কুল সফর, একসঙ্গে টিকিট কাটা এবার আরও সহজ

বিবাহ অনুষ্ঠান, স্কুল বা কলেজের শিক্ষামূলক সফর, তীর্থযাত্রা কিংবা খেলাধুলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের জন্য একসঙ্গে বড় সংখ্যায় ট্রেনের টিকিট বুক করা এবার আগের তুলনায় সহজ হয়েছে। গ্রুপ ও বাল্ক টিকিট বুকিং সংক্রান্ত নিয়মে বড় ধরনের পরিবর্তন এনেছে দক্ষিণ পশ্চিম রেল। নতুন নিয়ম অনুযায়ী, গ্রুপ বুকিংয়ে বার্থের সংখ্যার ওপর আর কোনো নির্ধারিত সীমা থাকছে না।
দক্ষিণ পশ্চিম রেল কমার্শিয়াল সার্কুলার (কোচিং) নম্বর ৩৭/২০২৬ এবং রেট অ্যাডভাইস নম্বর ১১/২০২৬-এর মাধ্যমে নতুন নির্দেশিকা জারি করেছে। এই নতুন বিধিগুলো গ্রুপ ও বাল্ক বুকিং সম্পর্কিত আগের সমস্ত নির্দেশের জায়গা নেবে।
নতুন ব্যবস্থার সবচেয়ে বড় সুবিধা হলো, বাল্ক বুকিংয়ে বার্থ সংখ্যার সীমা বাতিল করা হয়েছে। আগে গ্রুপ বুকিংয়ের ক্ষেত্রে আসন বা বার্থের সংখ্যা নিয়ে যে কড়াকড়ি ছিল, তা আর থাকছে না। চিফ রিজার্ভেশন সুপারভাইজার এবং স্টেশন ম্যানেজার কোনো নির্দিষ্ট বার্থ সীমা ছাড়াই গ্রুপ বুকিংয়ে অনুমোদন দিতে পারবেন।
এই সুবিধা ট্রেনের সব শ্রেণির ক্ষেত্রেই প্রযোজ্য হবে। টিকিট কনফার্ম হোক, আরএসি বা ওয়েটিং লিস্টে থাকুক, সব ক্ষেত্রেই নতুন নিয়ম কার্যকর বলে গণ্য হবে।
রেলওয়ের ভাষ্য অনুযায়ী, এই সুবিধা কেবল সেই সমস্ত যাত্রীই পাবেন, যাঁরা কোনো বাস্তব ও স্পষ্ট উদ্দেশ্যে একসঙ্গে ভ্রমণ করছেন। এর মধ্যে রয়েছে বরযাত্রী বা বিয়ের অনুষ্ঠানে যাওয়া দল, পড়ুয়া, তীর্থযাত্রী, খেলোয়াড়দের দল এবং সাংস্কৃতিক গোষ্ঠী। প্রকৃত দলগুলোর যাতায়াত সহজ করাই রেলের মূল লক্ষ্য।
নতুন নির্দেশিকা অনুসারে, বড় রেল সংরক্ষণ কেন্দ্রগুলোতে গ্রুপ বুকিংয়ের আবেদন সকাল ৯টা থেকে নেওয়া হবে। সাধারণ যাত্রীদের জন্য অগ্রিম সংরক্ষণ সময়সূচি চালু হওয়ার এক ঘণ্টা পর এই সময় নির্ধারণ করা হয়েছে।
আবেদন করার জন্য যাত্রী বা আয়োজকদের সরাসরি রেলের অনুমোদিত আধিকারিকের কাছে আবেদন জমা দিতে হবে। কোনো ট্রাভেল এজেন্টের মাধ্যমে আবেদন গ্রহণ করা হবে না। তবে বিদেশি পর্যটক ও এনআরআই যাত্রীদের জন্য প্রচলিত নিয়মে যে ছাড় রয়েছে, তা আগের মতোই বহাল থাকবে।
গ্রুপ বুকিংয়ের আবেদনের সঙ্গে ভ্রমণের প্রকৃত উদ্দেশ্য স্পষ্টভাবে জানাতে হবে। পাশাপাশি ভ্রমণকারী সব যাত্রীর পুরো নাম, বয়স, লিঙ্গ এবং ঠিকানা দেওয়া বাধ্যতামূলক। এই তথ্য ছাড়া গ্রুপ বুকিংয়ের অনুমতি দেওয়া হবে না।
কোনো দল ফিরতি যাত্রার টিকিট চাইলে একই সংরক্ষণ কার্যালয় থেকে গ্রুপ বুকিংয়ের অনুমোদন মিলতে পারে, তবে ফিরতি যাত্রাকে আলাদা বুকিং হিসেবে ধরা হবে। রেল জানিয়েছে, এই নিয়মে প্রকৃত দলগুলো সুবিধা পাবে এবং কেউ বিপুল আসন বুক করে অপব্যবহার করতে পারবে না।