তেহরানের শীর্ষ নেতৃত্বে বড় আঘাতের আলোচনা! ট্রাম্পের সবুজ সংকেতের অপেক্ষা?

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান যুদ্ধের প্রেক্ষাপটে ইরানের শীর্ষ নেতাদের লক্ষ্যবস্তু করার মতো বিতর্কিত পদক্ষেপ নিয়ে আলোচনা করছে ডোনাল্ড ট্রাম্প প্রশাসন। সংশ্লিষ্ট সূত্রের খবর, মার্কিন প্রশাসনের একাংশ মনে করছে শীর্ষ নেতৃত্বকে নিশানা করলে তেহরানের ওপর চাপ বাড়বে এবং যুদ্ধের অবসানের পথ তৈরি হতে পারে। তবে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এখনো এ ধরনের কোনো পদক্ষেপে অনুমোদন দেননি।

একটি মার্কিন সংবাদমাধ্যমের প্রতিবেদনে এক মার্কিন কর্মকর্তা এবং বিষয়টি সম্পর্কে অবগত এক সূত্রের বরাত দিয়ে জানানো হয়েছে যে, ইরানি নেতাদের লক্ষ্যবস্তু করার বিকল্পটি প্রশাসনের অভ্যন্তরে আলোচিত হচ্ছে। তবে এই প্রস্তাব নিয়ে মার্কিন কর্মকর্তাদের মধ্যেই তীব্র মতভেদ রয়েছে।

কেন এই আলোচনা? প্রস্তাবের সমর্থকদের মতে, ইরানের শীর্ষ নেতাদের সরিয়ে দেওয়া বা নিশানা করলে কট্টরপন্থী নেতৃত্ব দুর্বল হতে পারে এবং সরকারের ওপর চাপ সৃষ্টি হবে। এর মাধ্যমে যুক্তরাষ্ট্র এই বার্তা দিতে চায় যে, ইরানের শীর্ষ নেতৃত্বের নাগাল পাওয়ার সক্ষমতা তাদের রয়েছে। যদিও এটি এখনো পর্যন্ত কেবল আলোচনার পর্যায়তেই রয়েছে, কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।

প্রশাসনের অন্দরে দুই মত এই বিকল্প নিয়ে প্রশাসনের ভেতরে দুটি শিবির তৈরি হয়েছে। এক পক্ষ এটিকে যুদ্ধ শেষ করার কৌশল হিসেবে দেখলেও, অপর পক্ষ এটিকে যুক্তরাষ্ট্রের জন্য বড় বিপদ বলে সতর্ক করেছে। বিরোধীদের আশঙ্কা, এমন পদক্ষেপ নিলে বাকি নেতৃত্ব আরও অনমনীয় হয়ে উঠতে পারে, আলোচনার পথ রুদ্ধ হতে পারে এবং ইরানের পাল্টা হামলায় মার্কিন কর্মকর্তাদের জীবন ঝুঁকির মুখে পড়তে পারে।

আগের ঘটনা ও বর্তমান উত্তেজনা ইরানের শীর্ষ নেতৃত্বের ওপর আঘাতের ঘটনা এর আগেও ঘটেছে। প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, ২০২৬ সালের ফেব্রুয়ারিতে যুদ্ধের প্রথম দিনেই ইসরায়েলি হামলায় ইরানের তৎকালীন সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হন। এরপর মার্চ মাসে তাঁর ছেলে মোজতবা খামেনি নতুন সর্বোচ্চ নেতা হিসেবে দায়িত্ব নেন। সেই থেকেই ইরান এবং যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের মধ্যে সংঘাত চলছে। ফলে নতুন করে শীর্ষ নেতাদের লক্ষ্যবস্তু করার আলোচনা উত্তেজনা আরও বাড়িয়ে দিতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

পারমাণবিক কর্মসূচি ও সামরিক হুঁশিয়ারি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ইরানকে পারমাণবিক অস্ত্র অর্জন থেকে আটকে রাখাই তাঁর মূল লক্ষ্য। অন্যদিকে, মার্কিন রাষ্ট্রদূত মাইক হাকাবি জানিয়েছেন যে, কূটনৈতিক প্রচেষ্টা ব্যর্থ হলে ট্রাম্প আবারও সামরিক পদক্ষেপ নিতে প্রস্তুত রয়েছেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *