মুক্তির আগেই সিবিএফসির বড় বদল! ইমরানের ‘গানমাস্টার জি৯’ থেকে বাদ পড়ল কী কী?

আগামী ২৭ নভেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পেতে চলেছে ইমরান হাশমি অভিনীত ছবি ‘গানমাস্টার জি৯’। আদিত্য দত্ত পরিচালিত এই ছবিতে ইমরানের বিপরীতে দেখা যাবে জেনেলিয়া দেশমুখকে। মুক্তির দিনক্ষণ ঘনিয়ে আসতেই সেন্ট্রাল বোর্ড অফ ফিল্ম সার্টিফিকেশন (সিবিএফসি) ছবিটিকে সেন্সর ছাড়পত্র দিয়েছে। তবে ছাড়পত্র পাওয়ার আগে ছবিটিতে একাধিক পরিবর্তন আনার নির্দেশ দেওয়া হয়েছে।

সেন্সর বোর্ডের নির্দেশ অনুযায়ী, ছবির বেশ কিছু অংশে কাটছাঁট ও বদল আনা হয়েছে। প্রথমত, কয়েকটি আপত্তিকর ও অশ্লীল শব্দের বদলে যথাযথ শব্দ বসানো হয়েছে। ছবির শুরুর দিকে একটি সংলাপে মদের ব্র্যান্ডের যে উল্লেখ ছিল, তাও পরিবর্তন করা হয়েছে।

এ ছাড়া একটি ভারতীয় বেসামরিক পুরস্কারের অনুপযুক্ত উল্লেখ সংলাপ এবং সাবটাইটেল, উভয় জায়গা থেকেই বাদ দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি ছবির দ্বিতীয়ার্ধ থেকে ‘পোলিও’ শব্দের উল্লেখও সরিয়ে নেওয়া হয়েছে।

সব মিলিয়ে সিবিএফসির নির্ধারিত সংশোধনগুলো মেনে নেওয়ার পরই মুক্তির অনুমতি পেয়েছে ‘গানমাস্টার জি৯’। আর মাত্র কয়েক দিনের অপেক্ষা, তারপরই বড় পর্দায় দর্শকদের সামনে আসছে ইমরান ও জেনেলিয়ার এই ছবি।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *