উত্তরাখণ্ড হাইকোর্টের বড় সিদ্ধান্ত! প্রাক্তন প্রধান বিচারপতি ও বিচারপতিদের জন্য বিশেষ প্রোটোকল ও চিকিৎসা সুবিধা

উত্তরাখণ্ড হাইকোর্ট প্রাক্তন প্রধান বিচারপতি এবং প্রাক্তন বিচারপতিদের প্রোটোকল, চিকিৎসা, পরিবহণ এবং অতিথি নিবাসে থাকার সুবিধা দেওয়ার জন্য বিস্তারিত নির্দেশিকা জারি করেছে। গত ১৭ নভেম্বর, ২০২৬ তারিখের এক অফিস মেমোরান্ডামের মাধ্যমে জারি করা এই নির্দেশিকা অবিলম্বে কার্যকর হয়েছে। এই সমস্ত সুবিধার আওতায় প্রাক্তন বিচারপতিদের জীবনসঙ্গী এবং পরিবারের সদস্যরাও যুক্ত থাকবেন।
নতুন নির্দেশিকা অনুযায়ী, উত্তরাখণ্ড এবং নয়াদিল্লির বিমানবন্দর ও রেলস্টেশনে প্রাক্তন বিচারপতিদের আগমন ও প্রস্থানের সময় প্রোটোকল আধিকারিকরা তাঁদের স্বাগত জানাতে এবং বিদায় দিতে উপস্থিত থাকবেন। পাশাপাশি মালপত্র পরিবহণ, গাড়ির ব্যবস্থা, বিমান ও ট্রেনের টিকিট বুকিং এবং কনফার্মেশন, এমনকি বিমানবন্দরে প্রবেশের জন্য পাস সংগ্রহের ক্ষেত্রেও তাঁদের পূর্ণ সহায়তা দেওয়া হবে।
কোনও প্রাক্তন বিচারপতি অন্য রাজ্যে সফর করলে তাঁর ভ্রমণসূচির তথ্য সংশ্লিষ্ট রাজ্য সরকার এবং হাইকোর্টকে জানানো হবে। এর ফলে বাইরের রাজ্যেও প্রোটোকল ব্যবস্থা এবং অতিথি নিবাসে থাকার সুষ্ঠু বন্দোবস্ত করা সম্ভব হবে। নির্দেশিকায় আরও বলা হয়েছে যে, বিদেশ সফরের ক্ষেত্রে সংশ্লিষ্ট ভারতীয় কূটনৈতিক মিশনকেও আগাম অবহিত করা হবে।
যে সমস্ত প্রাক্তন বিচারপতি বর্তমানে বিভিন্ন কমিশন বা ট্রাইব্যুনালে চেয়ারপার্সন অথবা সদস্য হিসেবে কর্মরত আছেন, তাঁরাও এই সুবিধা পাবেন। পাশাপাশি উত্তরাখণ্ড এবং নয়াদিল্লিতে প্রাক্তন বিচারপতিদের উন্নত চিকিৎসা পরিষেবা নিশ্চিত করার জন্য বিশেষ ব্যবস্থা রাখা হয়েছে। নির্দেশিকাগুলো যাতে সঠিকভাবে রূপায়িত হয়, সেজন্য হাইকোর্ট রাজ্যের প্রতিটি জেলায় নোডাল আধিকারিক নিযুক্ত করেছে।