ভোটার তালিকা নিয়ে ধুন্ধুমার! এসআইআর অবিলম্বে বন্ধের দাবি তুলে ধ্বনিভোটে প্রস্তাব পাশ ঝাড়খণ্ডে

ভোটার তালিকার চলমান ‘স্পেশাল ইনটেনসিভ রিভিশন’ (এসআইআর) বা বিশেষ নিবিড় সংশোধন প্রক্রিয়ার বিরুদ্ধে বুধবার ধ্বনিভোটে প্রস্তাব পাশ করল ঝাড়খণ্ড বিধানসভা। প্রক্রিয়াটি অবিলম্বে বন্ধ করার পাশাপাশি স্বচ্ছতা নিশ্চিত করতে নতুন ‘স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর’ (এসওপি) বা কার্যপদ্ধতি চালুর দাবি জানানো হয়েছে এই প্রস্তাবে। পাশ হওয়া প্রস্তাবটি এবার কেন্দ্র সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে পাঠানো হবে।

বুধবার ঝাড়খণ্ড বিধানসভার দুই দিনের বিশেষ অধিবেশনের প্রথম দিনেই রাজ্যের অর্থমন্ত্রী রাধা কৃষ্ণ কিশোর এই প্রস্তাব পেশ করেন। প্রস্তাব উত্থাপনের সময় তিনি দাবি করেন, সংশোধন প্রক্রিয়ার জটিলতা এবং কারিগরি ত্রুটির কারণে সাধারণ ভোটারদের নানা সমস্যায় পড়তে হচ্ছে। তাঁর বক্তব্য অনুযায়ী, রাজ্যের ২ কোটি ২১ লক্ষ ভোটারের মধ্যে প্রায় ২৭ শতাংশকে ‘সন্দেহভাজন’ দেখিয়ে নোটিশ পাঠানো হয়েছে। অতীতে দেশে সাতটি এসআইআর নির্বিঘ্নে সম্পন্ন হলেও এবার ভোটারদের ভোটাধিকার কেড়ে নেওয়ার উদ্দেশ্যেই এমন পদক্ষেপ করা হচ্ছে বলে অভিযোগ তোলেন তিনি।

আলোচনায় অংশ নিয়ে নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়েও কড়া মন্তব্য করেন অর্থমন্ত্রী এবং কমিশনকে কেন্দ্রের হাতের পুতুল বলে কটাক্ষ করেন। পাশাপাশি, স্বচ্ছ ও গ্রহণযোগ্য নিয়ম মেনে এবং বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে আলোচনার ভিত্তিতে নতুন কার্যপদ্ধতি তৈরি করে ফের ভোটার তালিকা সংশোধনের পক্ষে সওয়াল করে রাজ্য সরকার।

অন্যদিকে, এই বিশেষ অধিবেশন ও প্রস্তাবকে ‘রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত’ বলে পাল্টা তোপ দেগেছে বিরোধী দল বিজেপি। বিরোধী দলনেতা বাবুলাল মারাণ্ডি এবং প্রাক্তন মুখ্যমন্ত্রী চম্পাই সোরেনের দাবি, ভোটার তালিকা শুদ্ধিকরণের কাজ বন্ধ করা সমাধান নয়, বরং অবৈধ ভোটার ও অনুপ্রবেশকারীদের চিহ্নিত করতে এসআইআর জরুরি। তর্ক-বিতর্ক ও প্রতিবাদের আবহেই শেষ পর্যন্ত ধ্বনিভোটে প্রস্তাবটি গৃহীত হয়।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *