বাংলাদেশে হিন্দু নিধনের বদলার হুঁশিয়ারি! কোন তারিখের সময়সীমা বেঁধে দিলেন অর্জুন সিং?

আগামী ১৬ ডিসেম্বরের মধ্যে বাংলাদেশকে কব্জায় নেওয়ার বিস্ফোরক দাবি করলেন রাজ্যের পরিবহণ মন্ত্রী অর্জুন সিং। মঙ্গলবার রাতে উত্তর ২৪ পরগনার কাঁকিনাড়া ও ভাটপাড়া এলাকায় রাস পূর্ণিমা ও দেব দীপাবলি উপলক্ষে আয়োজিত গঙ্গা আরতির অনুষ্ঠানে যোগ দেন তিনি। অনুষ্ঠান শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বাংলাদেশের সাম্প্রতিক অস্থিরতা এবং সংখ্যালঘুদের ওপর হামলার প্রসঙ্গে এই মন্তব্য করেন মন্ত্রী।

অর্জুন সিংয়ের দাবি, প্রতিবেশী দেশে হিন্দুদের ওপর যেভাবে অত্যাচার ও নিধন চলছে, তার বদলা নিতেই হবে এবং এ বিষয়ে কোনও সন্দেহ নেই। ১৬ ডিসেম্বরের সময়সীমা উল্লেখ করে তিনি বলেন, অনেক হয়েছে, আর কোনও অজুহাত নয়—ওই সময়ের মধ্যেই বাংলাদেশকে নিয়ে নেওয়া হবে।

একই অনুষ্ঠানে রাজ্যের শিল্প ও বিনিয়োগের প্রসঙ্গও তোলেন অর্জুন সিং। তাঁর দাবি, আগামী দিনে বাংলায় বড় শিল্প আসবে এবং কল্যাণীতে বড় কারখানা গড়ে উঠলে রাজ্যের বেকার যুবক-যুবতীদের কর্মসংস্থান হবে। পাশাপাশি এনসিপিআই সাংসদদের এনডিএ-কে সমর্থন প্রসঙ্গে তিনি বলেন, উচ্চ পর্যায়ের রাজনীতিতে নানা সমীকরণ ঘটে এবং দেশের প্রধানমন্ত্রী স্বচ্ছ ব্যক্তি হওয়ায় তাঁর পদক্ষেপে দেশের কল্যাণই হবে।

অন্যদিকে, সীমান্তবর্তী এলাকায়ও সম্প্রতি সংখ্যালঘু নির্যাতনের প্রতিবাদে বিক্ষোভ দেখা গেছে। পেট্রাপোল বন্দরের কাছে মতুয়া মহাসংঘ ও কয়েকটি সনাতনী সংগঠনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন রাজ্যের খাদ্যমন্ত্রী অশোক কীর্তনিয়া ও বিধায়ক স্বপন মজুমদার। ওই মঞ্চ থেকে বাংলাদেশের বর্তমান পরিস্থিতি ও নেতৃত্বের কড়া সমালোচনা করার পাশাপাশি প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার দাবি তোলা হয়। তবে অর্জুন সিংয়ের এই মন্তব্য ঘিরে রাজনৈতিক মহলে নতুন করে তীব্র চর্চা শুরু হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *