পাথরের টুকরোয় চুম্বকের মতো আকর্ষণ? দুর্গাপুরের কাঁকসায় সোমনাথ জ্যোতির্লিঙ্গের কথিত অংশ দর্শন

প্রায় এক হাজার বছরের ইতিহাসের সঙ্গে জড়িয়ে থাকা সোমনাথ জ্যোতির্লিঙ্গের কথিত প্রাচীন খণ্ডাংশকে ঘিরে ধর্মীয় ও আধ্যাত্মিক আবহে মাতল দুর্গাপুরের কাঁকসা। রাসপূর্ণিমার দিন কাঁকসা গার্লস স্কুলে সাধারণ মানুষের দর্শনের জন্য এই খণ্ডাংশগুলি আনা হয়। উদ্যোক্তাদের দাবি, গজনির সুলতান মামুদের আক্রমণে প্রায় হাজার বছর আগে খণ্ডিত হয়েছিল এই শিবলিঙ্গ, আর সেই ইতিহাসের সাক্ষী বলে দাবি করা অংশগুলি নিয়েই দেশজুড়ে বিশেষ পরিক্রমা চলছে।

মঙ্গলবার বৈদিক মন্ত্রোচ্চারণের মধ্য দিয়ে পুজো-অর্চনার সূচনা হয় এবং পরে মঙ্গল আরতি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে ভক্ত ও দর্শনার্থীদের সামনে খণ্ডাংশগুলির ঐতিহাসিক ও আধ্যাত্মিক প্রেক্ষাপট তুলে ধরা হয়। উদ্যোক্তাদের দাবি, পাথরের এই অংশগুলির মধ্যে চুম্বকের মতো আকর্ষণ ক্ষমতা রয়েছে। তবে এই বিশেষ বৈশিষ্ট্যের বিষয়ে এখনও কোনও স্বাধীন বৈজ্ঞানিক যাচাইয়ের তথ্য সামনে আসেনি।

অনুষ্ঠানে সোমনাথ জ্যোতির্লিঙ্গের ইতিহাস ও আধ্যাত্মিক তাৎপর্য নিয়ে বক্তব্য রাখেন স্বামী সদানন্দ মহারাজ। উপস্থিত ছিলেন দুর্গাপুর পূর্বের বিজেপি বিধায়ক চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায়। তিনি মন্তব্য করেন, অতীতে একাধিক আক্রমণের সম্মুখীন হলেও সনাতন ঐতিহ্য ও বিশ্বাস আজও অটুট রয়েছে। উদ্যোক্তাদের পক্ষে সাধ্বী নিত্যতীর্থ দেবী জানান, দ্বাদশ জ্যোতির্লিঙ্গের অন্যতম সোমনাথের এই খণ্ডাংশ সাধারণ মানুষের দর্শনের সুযোগ করে দিতে পেরে তাঁরা আনন্দিত।

উল্লেখ্য, গুজরাতের প্রভাস পাটনে অবস্থিত সোমনাথ ভগবান শিবের প্রথম জ্যোতির্লিঙ্গ এবং অন্যতম প্রধান তীর্থক্ষেত্র। ১০২৬ খ্রিস্টাব্দে প্রথম আক্রমণের পর থেকে বারবার আঘাতের মুখে পড়লেও মন্দির ও তার ঐতিহ্য সাংস্কৃতিক ধারাবাহিকতার প্রতীক হিসেবে রয়ে গেছে। ১৯৫১ সালে মন্দিরটি পুনর্নির্মিত হয়ে সর্বসাধারণের জন্য পুনরায় খুলে দেওয়া হয়। এ বছর ১০২৬ সালের সেই প্রথম আক্রমণের হাজার বছর পূর্তি উপলক্ষে ‘সোমনাথ স্বাভিমান পর্ব’ স্মরণ করা হচ্ছে এবং কথিত সংরক্ষিত খণ্ডাংশগুলি নিয়ে বিশেষ কর্মসূচি চলছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *