২৭-২৮ নভেম্বর দেশজুড়ে লকডাউন বাংলাদেশে, সংঘর্ষে ছড়াল হিংসা?

শেখ হাসিনার বাংলাদেশে ফেরার ঘোষণাকে কেন্দ্র করে সে দেশে রাজনৈতিক উত্তাপ ক্রমেই বাড়ছে। নেত্রীর ফেরার খবরে আওয়ামী লিগের কর্মী-সমর্থকদের মধ্যে তৎপরতা বেড়েছে বলে দাবি করা হচ্ছে। এই আবহে আগামী ২৭ ও ২৮ নভেম্বর দেশজুড়ে সম্পূর্ণ লকডাউনের ডাক দিয়েছে আওয়ামী লিগ। মঙ্গলবার বাংলাদেশে মশাল মিছিল করে দলটি এবং আজ বুধবার থেকে আন্দোলন আরও জোরদার করার ঘোষণা দেওয়া হয়েছে। আওয়ামী লিগের দাবি, শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে হবে এবং তাঁর বিরুদ্ধে দায়ের হওয়া মামলাগুলি প্রত্যাহার করতে হবে। দলের ঘোষণা অনুযায়ী, ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের বিজয় দিবসে অর্থাৎ আগামী ১৬ ডিসেম্বর বাংলাদেশে ফিরতে পারেন শেখ হাসিনা।
এই উত্তপ্ত পরিস্থিতির মধ্যেই জামায়াতে ইসলামির আমির ও বিরোধী দলীয় নেতা শফিকুর রহমান তাঁর অস্ট্রেলিয়া ও মালয়েশিয়া সফর কাটছাঁট করে দেশে ফিরছেন। শেখ হাসিনার প্রত্যাবর্তনের ঘোষণা এবং দেশের ক্রমবর্ধমান রাজনৈতিক উত্তেজনা নিয়ে আলোচনা করতে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে তাঁর বৈঠকের সম্ভাবনা নিয়ে চর্চা চলছে।
আওয়ামী লিগের দাবিগুলি কী কী?
শেখ হাসিনা ও দলীয় নেতাদের বিরুদ্ধে দায়ের হওয়া মামলাগুলি প্রত্যাহার এবং রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত সিদ্ধান্তগুলি পুনর্বিবেচনার দাবি জানিয়েছে আওয়ামী লিগ। পাশাপাশি দলের উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিয়ে স্বাভাবিক রাজনৈতিক কর্মকাণ্ডের অনুমতি দেওয়া, রাজনৈতিক বন্দিদের মুক্তি এবং তাঁদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিও জানানো হয়েছে।
অর্থনৈতিক ও দৈনন্দিন সংকট নিয়েও সরব হয়েছে দলটি। তাদের দাবির তালিকায় রয়েছে—ক্রমবর্ধমান মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণ; বিদ্যুৎ, গ্যাস, জল, জ্বালানি, সার ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম কমানো এবং বন্ধ শিল্প-কারখানা চালু করে বেকার শ্রমিকদের কর্মসংস্থানের ব্যবস্থা করা।
এ ছাড়া নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি খুন, ধর্ষণ, চাঁদাবাজি, লুটপাট ও অবৈধ দখলদারি বন্ধের দাবি তুলেছে আওয়ামী লিগ। নারী, শিশু ও সংখ্যালঘুদের নিরাপত্তার উপরেও জোর দেওয়া হয়েছে। সামরিক ও অসামরিক আধিকারিক এবং সাংবাদিকদের বিরুদ্ধে দায়ের হওয়া তথাকথিত মিথ্যা মামলা প্রত্যাহার করে মতপ্রকাশ ও সংবাদমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করার কথাও বলা হয়েছে। একই সঙ্গে চরমপন্থা ও সন্ত্রাসবাদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ এবং কারাগার থেকে মুক্তি পাওয়া জঙ্গি ও সন্ত্রাসবাদীদের পুনরায় গ্রেফতারের দাবি জানিয়েছে দলটি।
বাড়ছে হিংসা ও সংঘর্ষের অভিযোগ
আওয়ামী লিগের কর্মসূচিকে ঘিরে দেশের বিভিন্ন প্রান্তে উত্তেজনা ও হিংসার ঘটনা সামনে আসছে। অভিযোগ উঠেছে, আন্দোলনের আবহে নানা স্থানে হামলা ও অশান্তির ঘটনা ঘটছে। মঙ্গলবার শেখ হাসিনার নিজের জেলা গোপালগঞ্জে আওয়ামী লিগ কর্মীদের উপর হামলার অভিযোগ উঠেছে। পাশাপাশি সেখানে অন্তত ১২টি দোকানে ভাঙচুর চালানো হয় এবং অগ্নিসংযোগের ঘটনাও ঘটেছে বলে অভিযোগ। ক্রিকেট স্টেডিয়ামের কাছাকাছি থাকা ফুলের দোকানগুলিও এই হামলার হাত থেকে রেহাই পায়নি বলে জানা গেছে।
সব মিলিয়ে ২৭-২৮ নভেম্বরের লকডাউন এবং ১৬ ডিসেম্বরের প্রত্যাবর্তন ঘিরে বাংলাদেশের রাজনীতিতে নতুন করে সংঘাতের আশঙ্কা তৈরি হয়েছে।