এবার মহাকাশ থেকে নজরদারি! ঝাড়খণ্ডে আফিম চাষ রুখতে স্যাটেলাইট প্রযুক্তিতে বড় পদক্ষেপ

ঝাড়খণ্ডে অবৈধ আফিম চাষের বিরুদ্ধে এ বার প্রযুক্তিকে হাতিয়ার করে কড়া পদক্ষেপের প্রস্তুতি নিয়েছে পুলিশ। সম্ভাব্য চাষের এলাকাগুলিতে এখন স্যাটেলাইট বা কৃত্রিম উপগ্রহের মাধ্যমে নজরদারি চালানো হচ্ছে।
নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো বা এনসিবি-র তরফে স্যাটেলাইট ইমেজারি ব্যবহার করে যেসব জায়গায় আফিম চাষের আশঙ্কা রয়েছে, সেখানকার ছবি সংগ্রহ করা হচ্ছে। সেই ছবিগুলি সংশ্লিষ্ট সংস্থা ও পুলিশকে পাঠানো হচ্ছে। ছবি পাওয়ার সঙ্গে সঙ্গেই পুলিশ ঘটনাস্থলে গিয়ে সরেজমিনে যাচাই করবে এবং অবৈধ চাষের প্রমাণ মিললে দ্রুত পদক্ষেপ নেওয়া হবে।
ঝাড়খণ্ড পুলিশের আইজি (অভিযান) তথা মুখপাত্র নরেন্দ্র সিংয়ের মতে, আফিম চাষের মরশুম ইতিমধ্যেই শুরু হয়েছে। সাধারণত নভেম্বরে বপন এবং এপ্রিল নাগাদ ফসল কাটা হয়। এই পুরো সময়টাকে সামনে রেখে পুলিশ সদর দফতর বিশেষ পরিকল্পনা তৈরি করেছে। সম্ভাব্য এলাকায় নজরদারি বাড়ানোর পাশাপাশি একটি বিশেষ কুইক রেসপন্স টিম বা কিউআরটি গঠন করা হয়েছে। প্রয়োজন অনুযায়ী দ্রুত ব্যবস্থা নেওয়ার জন্য এই দলগুলিকে প্রস্তুত রাখা হয়েছে এবং সদর দফতর থেকে প্রতিদিন অভিযানের তদারকি চলছে।
অবৈধ চাষ ঠেকাতে এবার বড় ভূমিকা নিচ্ছে প্রযুক্তি। এনসিবি-র সফটওয়্যার মারফত স্যাটেলাইট থেকে ছবি তোলা হয়। ওই ছবির ভিত্তিতে সম্ভাব্য চাষের জায়গা চিহ্নিত করে সংশ্লিষ্ট সংস্থাগুলিকে জানানো হয়। এরপর পুলিশ দল এলাকায় গিয়ে তদন্ত চালায়। পুলিশের বক্তব্য, এখন আর কেবল খবর বা সোর্সের ওপর নির্ভর করে অভিযান হবে না, স্যাটেলাইট থেকে পাওয়া তথ্যের ভিত্তিতেও খেত পর্যন্ত পৌঁছবে বাহিনী। এর মূল লক্ষ্য হল একেবারে শুরুর পর্যায়েই চাষ বন্ধ করা, যাতে ফসল পাকার আগেই অবৈধ কার্যকলাপ রুখে দেওয়া যায়।
স্যাটেলাইট কীভাবে আফিম চাষ শনাক্ত করে, সে বিষয়ে এনসিবি-র ওয়েবসাইটে বিস্তারিত তথ্য দেওয়া হয়েছে। অবৈধ চাষ পর্যবেক্ষণে স্যাটেলাইট ইমেজারি একটি গুরুত্বপূর্ণ পদ্ধতি, যার সাহায্যে মহাকাশ থেকে জমির ছবি তোলা হয়। ছবিগুলি বিশ্লেষণ করে কোথায় আফিম চাষ হচ্ছে বা হতে পারে, তা বোঝার চেষ্টা করা হয়। এতে পুলিশকে প্রতিটি খেতে গিয়ে আলাদা করে নজরদারি করতে হয় না; আগে মহাকাশ থেকে সম্ভাব্য জায়গা চিহ্নিত হয়, তার পর পুলিশ গিয়ে যাচাই করে।
প্রথমে কক্ষপথে থাকা উপগ্রহের বিশেষ ক্যামেরা ও সেন্সর জমির ছবি তোলে। এই সেন্সরগুলি ভূপৃষ্ঠ থেকে প্রতিফলিত আলো রেকর্ড করে। সাধারণ ক্যামেরার মতো শুধু রঙিন ছবি নয়, বিভিন্ন তরঙ্গদৈর্ঘ্যে বা ওয়েভলেন্থে তথ্য সংগ্রহ করা হয়। এতে মূলত তিনটি বিষয় গুরুত্বপূর্ণ—রং ও গঠন, অর্থাৎ জমিতে কী ধরনের উদ্ভিদ রয়েছে এবং তা কতটা ছড়িয়ে আছে; উদ্ভিদের সবুজতা, যা ফসলের ঘনত্ব ও বৃদ্ধির অবস্থা বোঝায়; এবং সময়ের সঙ্গে পরিবর্তন, অর্থাৎ ভিন্ন ভিন্ন তারিখের ছবি মিলিয়ে দেখা হয় কোথায় নতুন চাষ তৈরি হয়েছে।
এনসিবি জানিয়েছে, প্রতিটি গাছ বা উদ্ভিদের আলো শোষণ ও প্রতিফলনের ক্ষমতা আলাদা, যাকে বিজ্ঞানের ভাষায় স্পেকট্রাল সিগনেচার বলা হয়। উপগ্রহের সেন্সর সেই সংকেত ধরে রাখে এবং পরে বিশেষজ্ঞ সফটওয়্যারের মাধ্যমে ছবি বিশ্লেষণ করা হয়। বিভিন্ন ফসলের রং, উদ্ভিদের অবস্থা, বৃদ্ধির ধরন ও মরশুম অনুযায়ী পরিবর্তন খতিয়ে দেখা হয়।
এর পর স্যাটেলাইট ছবির ডিজিটাল বিশ্লেষণ করে পুরনো চাষের নথি, সমীক্ষা ও ফসল সংক্রান্ত তথ্যের সঙ্গে তুলনা করা হয়। সেই অনুযায়ী সম্ভাব্য অবৈধ চাষের এলাকা চিহ্নিত করে ডিজিটাল মানচিত্রে দেখানো হয়, যাতে পুলিশ ও তদন্তকারী সংস্থা সহজে সেখানে পৌঁছতে পারে।
ঝাড়খণ্ড পুলিশের মুখপাত্র তথা আইজি (অভিযান) নরেন্দ্র কুমার সিং জানিয়েছেন, কৌশল শুধু আফিম খেত ধ্বংস করার মধ্যেই সীমাবদ্ধ নয়; গোটা পাচারচক্রকেই নিশানা করা হয়েছে। চাষি থেকে শুরু করে কেনাবেচা, পরিবহণ এবং অন্য রাজ্যে পাচারের সঙ্গে যুক্তদের যোগসূত্র খতিয়ে দেখা হচ্ছে। ব্যাকওয়ার্ড ও ফরওয়ার্ড লিংকেজ ধরে কোথায় চাষ হচ্ছে, কারা কিনছে, কীভাবে পরিবহণ হচ্ছে এবং কোন রাজ্য বা আস্তানায় যাচ্ছে—সব দিকেই নজর রাখা হচ্ছে।
পাচারকারীদের একটি অনলাইন ডেটাবেসও তৈরি হচ্ছে, যেখানে তাঁদের অপরাধের নথি ও নেটওয়ার্ক সংক্রান্ত তথ্য থাকবে। ভিন রাজ্যের সংস্থাগুলির সঙ্গেও নিয়মিত যোগাযোগ রাখছে ঝাড়খণ্ড পুলিশ এবং তথ্য বিনিময় চলছে।
আফিম ও মাদক পাচারে বারবার ধরা পড়ে জামিনে ছাড়া পাওয়া অভিযুক্তদের ওপরও বিশেষ নজরদারি বাড়ানো হয়েছে। তাঁদের গতিবিধিতে নজর রাখার পাশাপাশি পিআইটি এনডিপিএস আইনে ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি নিচ্ছে পুলিশ, যাতে জামিনে বেরিয়ে ফের একই অপরাধে জড়াতে না পারেন অভ্যস্ত পাচারকারীরা।