সিজিআই ও ডাবিং বাকি, পিছিয়ে যাচ্ছে ‘বারাণসী’? কার্তিক আরিয়ানের ছবির সঙ্গে সংঘর্ষের আশঙ্কা

পরিচালক এস এস রাজামৌলির বহু প্রতীক্ষিত ছবি ‘বারাণসী’ নির্ধারিত সময়ে মুক্তি নাও পেতে পারে বলে জোর গুঞ্জন শুরু হয়েছে। আগে ঘোষণা করা হয়েছিল যে ছবিটি ২০২৭ সালের ৭ এপ্রিল বিশ্বব্যাপী প্রেক্ষাগৃহে আসবে। তবে সাম্প্রতিক রিপোর্ট অনুযায়ী, ছবির কাজ নিখুঁত রাখতে নির্মাতারা মুক্তি পিছিয়ে ২০২৭ সালের আগস্টে, স্বাধীনতা দিবসের কাছাকাছি সময়ে নিয়ে যাওয়ার কথা ভাবছেন।
সূত্রের খবর, ‘বারাণসী’ ছবির সিজিআই বা ভিজ্যুয়াল এফেক্টসের কাজ এখনও বাকি রয়েছে। ছবির মান ও ভিজ্যুয়াল কোয়ালিটির ক্ষেত্রে রাজামৌলি কোনো রকম আপস করতে নারাজ। সে কারণেই তাড়াহুড়ো না করে বাড়তি সময় নেওয়ার পথে হাঁটতে পারেন নির্মাতারা।
কেন পিছিয়ে যেতে পারে মুক্তির তারিখ? স্যাকনিল্ক-এর প্রতিবেদন অনুযায়ী, ছবিটি টুডি, থ্রিডি এবং আইম্যাক্সসহ প্রায় ১৮টি থিয়েট্রিকাল ফরম্যাটে মুক্তি দেওয়ার পরিকল্পনা রয়েছে। এতগুলো ফরম্যাটের জন্য কাজ গোছানো বেশ সময়সাপেক্ষ। গত ১৫ নভেম্বর শুটিং শেষ হওয়ার কথা আনুষ্ঠানিকভাবে জানানো হলেও, সিজিআই ও রি-রেকর্ডিংয়ের কাজ এখনও চলছে। পাশাপাশি ডাবিংয়ের কাজও এখনও শুরু হয়নি। ফলে বাকি কাজ শেষ করার সময়ের ওপর নির্ভর করেই চূড়ান্ত মুক্তির তারিখ ঠিক হবে।
২০২৭ সালের ১৫ আগস্ট আসতে এখনও প্রায় নয় মাস বাকি থাকলেও, নির্মাতারা এখনও আনুষ্ঠানিকভাবে ওই তারিখের ঘোষণা দেননি। তবে ‘বারাণসী’ যদি স্বাধীনতা দিবসের আশপাশে মুক্তি পায়, তাহলে বলিউড এবং দক্ষিণী ইন্ডাস্ট্রির একাধিক ছবির জন্য তা বড় সমস্যার কারণ হতে পারে। প্রায় ১৩০০ কোটি টাকা বাজেটের এই ছবিতে অভিনয় করেছেন মহেশ বাবু, প্রিয়াঙ্কা চোপড়া এবং পৃথ্বীরাজ সুকুমারন। রাজামৌলির নামের কারণেই বক্স অফিসে এই ছবির সঙ্গে সরাসরি টক্কর দিতে চাইবেন না অনেকেই।
এই সম্ভাব্য রদবদলের সবচেয়ে বড় প্রভাব পড়তে পারে কার্তিক আরিয়ানের ছবি ‘ক্যাপ্টেন ইন্ডিয়া’-র ওপর। আগে থেকেই জানানো রয়েছে যে ছবিটি ২০২৭ সালের ১৩ আগস্ট মুক্তি পাবে। পাশাপাশি স্বাধীনতা দিবসের উইকেন্ডে আরও বেশ কিছু ছবি মুক্তির পরিকল্পনা থাকতে পারে। এমন পরিস্থিতিতে ‘বারাণসী’ আগস্টে এলে বক্স অফিসে বড় প্রতিযোগিতার মুখে পড়তে হতে পারে অন্য নির্মাতাদের।