নেতন্যাহুর ঘোষণা, গাযায় হামাসের শীর্ষ কমান্ডারের মৃত্যুতে চাপে সংগঠন

গাযা ভূখণ্ডে ইজরায়েলি বিমান হামলায় হামাসের শীর্ষস্থানীয় নিরাপত্তা কমান্ডার নাইম আবু নাহাল নিহত হয়েছেন বলে খবর সামনে এসেছে। মঙ্গলবার ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু জানিয়েছেন, ইজরায়েল ডিফেন্স ফোর্সেস (আইডিএফ) হামাসের অভ্যন্তরীণ নিরাপত্তা ব্যবস্থার প্রধান নাইম আবু নাহালকে নিকেশ করেছে। পরবর্তীতে হামাসের স্বরাষ্ট্র মন্ত্রকও গাযা শহরে ইজরায়েলি বিমান হানায় তাঁর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে।

ইজরায়েলি বাহিনীর হাতে তাঁর পূর্বসূরি আটক হওয়ার কয়েক মাসের মধ্যেই আবু নাহালের এই মৃত্যুর ঘটনা ঘটল। সামাজিক মাধ্যম এক্স-এ নেতানিয়াহু এই অভিযানের কথা ঘোষণা করেন এবং সরকারের কঠোর নীতি বাস্তবায়নের কৃতিত্ব ইজরায়েলি সেনাবাহিনী ও অভ্যন্তরীণ গোয়েন্দা সংস্থা শিন বেট-কে দেন।

কে ছিলেন নাইম আবু নাহাল? ৫০ বছর বয়সি নাইম আবু নাহাল গাযায় হামাসের অভ্যন্তরীণ নিরাপত্তা ব্যবস্থার ডিরেক্টর-জেনারেল হিসেবে দায়িত্ব পালন করছিলেন। আন্তর্জাতিক সংবাদমাধ্যমের বিভিন্ন প্রতিবেদনে তাঁর নাম ভিন্ন ভিন্ন বানানে উঠে এসেছে, যার মধ্যে নাইম আবু নাহাল অন্যতম। ইজরায়েলি সংবাদমাধ্যম ওয়াইনেট-এর প্রতিবেদন অনুযায়ী, তিনি হামাসের অভ্যন্তরীণ নিরাপত্তা কাঠামোর গুরুত্বপূর্ণ দায়িত্বে ছিলেন।

যুদ্ধবিরতির আবহের মধ্যেই এই হামলার ঘটনাকে হামাসের জন্য একটি বড় ধাক্কা হিসেবে দেখা হচ্ছে। এর আগে সেপ্টেম্বরে তাঁর পূর্বসূরি মুইন আল-আরবীদ আটক হওয়ার পর নিরাপত্তা নেতৃত্বের এই পরিবর্তন ও সাম্প্রতিক হামলা গাযার পরিস্থিতিকে নতুন করে উত্তপ্ত করে তুলেছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *