কূটনীতির ৭৫ বছরে নতুন সমীকরণ! মোদী ও ফ্রিডরিখ মের্জের ফোনালাপে কোন কোন বিষয় উঠল?

জার্মান চ্যান্সেলর ফ্রিডরিখ মের্জ মঙ্গলবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে ফোনে কথা বলেছেন। দুই নেতার এই আলোচনায় ভারত-জার্মানি কৌশলগত অংশীদারিত্বকে আরও মজবুত করার পাশাপাশি একাধিক গুরুত্বপূর্ণ বৈশ্বিক ও দ্বিপাক্ষিক বিষয় উঠে এসেছে। কথোপকথনে উভয় নেতাই একমত হন যে, ভারত ও ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) মধ্যে মুক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ) সম্পন্ন হলে দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগের ক্ষেত্রে নতুন দিগন্ত খুলবে।
আলোচনার পর এক্স হ্যান্ডলে নিজের অভিজ্ঞতা ভাগ করে নেন প্রধানমন্ত্রী মোদী। তিনি জানান, চ্যান্সেলর ফ্রিডরিখ মের্জের সঙ্গে তাঁর অত্যন্ত ফলপ্রসূ কথা হয়েছে। দুই নেতা ভারত-জার্মানি কৌশলগত অংশীদারিত্বের অগ্রগতি খতিয়ে দেখেন এবং বাণিজ্য, বিনিয়োগ, প্রতিরক্ষা ও উন্নত প্রযুক্তির মতো ক্ষেত্রগুলোতে নতুন সম্ভাবনার দিক নিয়ে আলোচনা করেন। বিশ্বজুড়ে নানা চ্যালেঞ্জের মোকাবিলায় শান্তি, স্থিতিশীলতা এবং নিয়ম-ভিত্তিক আন্তর্জাতিক ব্যবস্থা বজায় রাখতে দু’দেশ একযোগে কাজ করে যাবে বলেও উল্লেখ করেন প্রধানমন্ত্রী।
পাশাপাশি দুই নেতা দ্বিপাক্ষিক সম্পর্কের বর্তমান গতিতে সন্তোষ প্রকাশ করেন এবং অংশীদারিত্বকে আরও গভীর করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। বিশ্ব শান্তি ও স্থিতিশীলতা রক্ষায় ঘনিষ্ঠ সমন্বয়ে কাজ করার বিষয়েও তাঁদের মধ্যে ঐকমত্য হয়।
কূটনৈতিক সম্পর্কের ৭৫ বছর উদযাপন চলতি বছরেই ভারত ও জার্মানি তাদের কূটনৈতিক সম্পর্কের ৭৫ বছর পূর্তি উদযাপন করছে। এই বিশেষ মাইলফলকের আবহে প্রতিরক্ষা ও উন্নত প্রযুক্তিসহ কৌশলগত খাতগুলোতে সহযোগিতা আরও বাড়ানোর প্রতিশ্রুতি দিয়েছেন দুই রাষ্ট্রনেতা। তাঁদের মতে, ভারত-ইইউ মুক্ত বাণিজ্য চুক্তি দু’দেশের অর্থনৈতিক সম্পর্ক ও দ্বিপাক্ষিক বাণিজ্যকে নতুন গতি দিতে পারে।