ভোটের হারে বদলে গিয়েছিল শৈশব! সনিয়ার সঙ্গে আড্ডায় পুরনো দিনের অজানা কথা রাহুল-প্রিয়ঙ্কার

জরুরি অবস্থার পর ১৯৭৭ সালের লোকসভা নির্বাচনে ইন্দিরা গান্ধী ও সঞ্জয় গান্ধীর পরাজয়ের প্রভাব যে কেবল রাজনীতির ময়দানেই পড়েনি, গান্ধী পরিবারের দুই সন্তান রাহুল গান্ধী ও প্রিয়ঙ্কা গান্ধী বঢরার শৈশবেও তা গভীর ছাপ ফেলেছিল—মঙ্গলবার মা সনিয়া গান্ধীর সঙ্গে এক ভিডিও আড্ডায় সে কথাই উঠে এল। সনিয়া গান্ধীর সদ্যপ্রকাশিত স্মৃতিকথা ‘বিলংগিং: আ জার্নি অফ লাভ’-এর (Belonging: A Journey of Love) সূত্রে প্রকাশিত ‘হোয়াট মা লেফট আউট অফ হার বুক’ শীর্ষক ওই ভিডিওয় ভোটের পর স্কুলে সহপাঠীদের টিটকিরি, একাকীত্ব এবং বাড়ির পরিবেশের নানা স্মৃতি তুলে ধরেন তাঁরা।

১৯৭৭-এর নির্বাচনের পরের দিনগুলির কথা স্মরণ করে প্রিয়ঙ্কা জানান, তখন পরিবার অন্য একটি বাড়িতে উঠে গিয়েছিল এবং চারদিকে একটা থমথমে ও চাপা উত্তেজনা বিরাজ করত। ভোটের ফল প্রকাশের পর প্রথম দিন স্কুলে যাওয়ার অভিজ্ঞতা ভাগ করে নিয়ে প্রিয়ঙ্কা বলেন, ‘কিস্সা কুরসি কা’ মামলায় তখন সঞ্জয় গান্ধী জেলে ছিলেন। সেই প্রসঙ্গ তুলে স্কুলে এক সহপাঠী তাঁকে কটাক্ষ করে বলেছিল, “তোর কাকা জেলে আছে, তোর কাকা চোর।”

প্রিয়ঙ্কার কথায়, ওই কথা শোনার পরই তিনি ওই সহপাঠীকে সপাটে চড় মারেন। ছেলেটি কাঁদতে শুরু করলে নিয়মমাফিক শিক্ষকের কাছে গিয়ে বকুনিও খেতে হয় তাঁকে।

মা সনিয়া গান্ধীর সঙ্গে এই অন্তরঙ্গ কথোপকথনে ১৯৭৭-এর পর বদলে যাওয়া পারিবারিক ও সামাজিক অভিজ্ঞতার সেই অজানা দিকগুলোই ফের প্রকাশ্যে এল রাহুল ও প্রিয়ঙ্কার জবানিতে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *