লন্ডন যাওয়ার আগেই ইমিগ্রেশনে আটকে গেলেন সিজেপি নেতা! কেন্দ্রকে নিশানা সৌরভ দাসের

লন্ডনে যাওয়ার পথে দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে আটকে দেওয়ার অভিযোগ তুললেন ককরোচ জনতা পার্টির (সিজেপি) সহ-প্রতিষ্ঠাতা ও মুখপাত্র সৌরভ দাস। তাঁর দাবি, লন্ডনগামী ফ্লাইটের জন্য বিমানবন্দরের ইমিগ্রেশন চেকিংয়ে পৌঁছালে তাঁকে আটকে দেওয়া হয় এবং ভারত সরকারের তরফে তাঁর পাসপোর্ট ‘ফ্ল্যাগড’ করা হয়েছে। এই ঘটনার পর কেন্দ্রের সরকারকে তীব্র ভাষায় আক্রমণ করেছেন তিনি।

জানা গিয়েছে, লন্ডনের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের আমন্ত্রণে একটি প্যানেল আলোচনায় বক্তব্য রাখার কথা ছিল সৌরভের। অক্সফোর্ডের ভারতীয় পড়ুয়াদের তরফে তাঁকে আমন্ত্রণ জানানো হয়েছিল বলে দাবি করা হয়েছে। সৌরভের অভিযোগ, বিদেশের মাটিতে গিয়ে দেশের শিক্ষা ব্যবস্থা, অর্থনীতি এবং সামগ্রিক পরিস্থিতি নিয়ে তিনি যাতে কথা বলতে না পারেন এবং নিজের বক্তব্য তুলে ধরতে না পারেন, সেই কারণেই তাঁর বিদেশযাত্রা আটকে দেওয়া হয়েছে।

নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট (‘সেভেন_শটস_’) থেকে শেয়ার করা এক পোস্টে সৌরভ বলেন, তিনি দিল্লি আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে লেকচার দেওয়ার উদ্দেশ্যে রওনা হতে গিয়ে ইমিগ্রেশনে বাধার মুখে পড়েন। তাঁর অভিযোগ, সরকারের তরফে পাসপোর্ট ফ্ল্যাগ করে দেওয়ার কারণেই তাঁকে লন্ডন যেতে দেওয়া হয়নি।

এই ঘটনার প্রেক্ষিতে প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে সৌরভ বলেন, বিদেশের একটি শিক্ষাপ্রতিষ্ঠানে বৌদ্ধিক আলোচনায় অংশ নিতে গেলে কী সমস্যা হতে পারে, তা তাঁর বোধগম্য নয়। তবে এই বিষয়ে সরকারি বা বিমানবন্দর কর্তৃপক্ষের পক্ষ থেকে এখনও পর্যন্ত কোনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *