“৩,০০০-এর বদলে ২০০০!”-ভরসা স্কিমে বড় বদল, কারা বাদ পড়বেন তালিকা থেকে? জানালেন মুখ্যমন্ত্রী

আগামী জানুয়ারি মাস থেকে রাজ্যে চালু হতে চলেছে ‘ভরসা স্কিম’। এই প্রকল্পে স্নাতক উত্তীর্ণ বেকার যুবক-যুবতীরা মাসে ২ হাজার টাকা করে পাবেন এবং স্নাতক পাশ না করলে মিলবে দেড় হাজার টাকা। পাশাপাশি আইটিআই (ITI) ডিপ্লোমা করা যুবক-যুবতীদেরও এই প্রকল্পের আওতায় অন্তর্ভুক্ত করা হয়েছে। ভোটের আগে এই স্কিমে স্নাতক বেকারদের ৩ হাজার এবং স্নাতক না হলে ২ হাজার টাকা দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। সোমবার ক্যাবিনেট বৈঠকে প্রকল্পটিতে অনুমোদন দেওয়ার পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে ভাতার অঙ্ক কম রাখার জন্য ক্ষমা চেয়ে নেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।

মুখ্যমন্ত্রী জানিয়েছেন, ২০২৭-২৮ অর্থবর্ষ অর্থাৎ ২০২৮ সালের মার্চ মাস পর্যন্ত ভরসা স্কিমে এই নির্ধারিত টাকাই দেওয়া হবে। পরবর্তী অর্থবর্ষ অর্থাৎ ২০২৮-২৯ থেকে ভাতার অঙ্ক বাড়িয়ে যথাক্রমে ৩ হাজার এবং ২ হাজার টাকা করা হবে।

প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের আমলে ২১ থেকে ৪৫ বছর বয়সী আবেদনকারী প্রত্যেক বেকার যুবক-যুবতীকে ৩ হাজার টাকা করে দেওয়া হয়েছিল এবং মোট ৫৪ লক্ষ যুবক-যুবতী ওই সুবিধা পেয়েছিলেন। বর্তমান বিজেপি সরকারও আগামী জানুয়ারি মাস থেকে প্রথম ধাপে এই ৫৪ লক্ষ উপভোক্তাকেই টাকা দেবে। তবে ভরসা স্কিমে প্রাপকদের নথি, বয়স এবং অন্যান্য যোগ্যতা খতিয়ে দেখবে যুব কল্যাণ দফতর।

অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পের সঙ্গে ভরসা স্কিমের যোগসূত্র নিয়ে এদিন স্পষ্ট বার্তা দিয়েছেন শুভেন্দু অধিকারী। তাঁর কথায়, কোনো বেকার যুবতী যদি অন্নপূর্ণা ভাণ্ডারের ৩ হাজার টাকা পান, তবে তিনি আর ভরসা স্কিমের আওতায় থাকবেন না। মুখ্যমন্ত্রী জানান, ইতিমধ্যেই ওই ৫৪ লক্ষের মধ্যে ২ লক্ষ ৫২ হাজার ৯৩০ জন অন্নপূর্ণা ভাণ্ডার পাচ্ছেন, ফলে তালিকা থেকে তাঁদের নাম বাদ দেওয়া হবে। এ ছাড়া প্রতিটি পরিবার থেকে এই প্রকল্পের জন্য সর্বোচ্চ দু’জন যোগ্য বলে বিবেচিত হবেন।

নতুন নিয়ম অনুযায়ী, আগামী জানুয়ারি মাস থেকে ভরসা স্কিমের টাকা পাওয়া যাবে এবং প্রতি মাসের দ্বিতীয় সপ্তাহে উপভোক্তাদের অ্যাকাউন্টে সেই টাকা ঢুকবে। তবে ২১ থেকে ৪৫ বছর বয়সী কোনো যুবতী ইতিমধ্যেই অন্নপূর্ণা ভাণ্ডারের প্রাপক হলে তালিকা থেকে তাঁর নাম বাদ যাবে এবং অন্নপূর্ণা ভাণ্ডার পেলে ভরসা স্কিমে নতুন করে আবেদনও করা যাবে না।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *