৮০ লাখ টাকা নেওয়ার পরই চরম বিশ্বাসঘাতকতা? জলগাঁওয়ে চিকিৎসক খুনে গ্রেফতার দালাল ও তার সাগরেদ

মহারাষ্ট্রের জলগাঁও জেলায় পাঁচ দিন ধরে নিখোঁজ থাকা এক চিকিৎসকের বস্তাবন্দি দেহ উদ্ধারের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। সোমবার সকালে জেলার বাহুলা বাঁধ থেকে ডাঃ সঞ্জয় তেলি নামে ওই চিকিৎসকের দেহ উদ্ধার করে পুলিশ। গত ১৮ নভেম্বর থেকে নিখোঁজ ছিলেন তিনি। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, জমি সংক্রান্ত বিবাদের জেরেই নৃশংসভাবে খুন করা হয়েছে তাঁকে।

কমিশনের টোপ দিয়ে ডেকে খুন

পুলিশ সূত্রে জানা গেছে, জলগাঁওয়ের পাচোরা তালুকের গোরাদখেদা গ্রামে ১ কোটি ২৫ লক্ষ টাকার একটি কৃষিজমি কেনাবেচা নিয়ে এই ঘটনার সূত্রপাত। ওই লেনদেনের ১ লক্ষ ৯০ হাজার টাকা কমিশন দেওয়ার নাম করে রাহুল ধর্মরাজ পাটিল নামে এক জমির দালাল ডাঃ তেলিকে গোরাদখেদায় ডেকে পাঠান। সেখানে পৌঁছানোর পর জমি নিয়ে দু’জনের মধ্যে তীব্র বচসা শুরু হয়। অভিযোগ, বচসার মাঝেই ধারালো অস্ত্র দিয়ে ডাঃ তেলিকে কুপিয়ে খুন করেন রাহুল।

প্রমাণ লোপাট ও পুলিশের সাঁড়াশি অভিযান

অতিরিক্ত পুলিশ সুপার সন্দীপ গাভিট জানিয়েছেন, খুনের পর প্রমাণ লোপাটের ছক কষেন অভিযুক্ত রাহুল এবং তাতে সাহায্য নেন তাঁর কর্মচারী সঞ্জয় ভিল। দু’জনে মিলে চিকিৎসকের দেহটি একটি বস্তায় ভরে বাহুলা বাঁধে ফেলে দেন বলে অভিযোগ।

চিকিৎসক নিখোঁজ হওয়ার পর থেকেই তদন্তে নামে পুলিশ। ডাঃ তেলির মোবাইলের শেষ লোকেশন, কল ডিটেল রেকর্ড এবং ঘটনাস্থলের কাছাকাছি একটি গাড়ির সূত্র ধরে স্থানীয় ক্রাইম ব্রাঞ্চ ও পাচোরা থানার পুলিশ মূল অভিযুক্ত রাহুল পাটিল এবং তাঁর সহযোগী সঞ্জয় ভিলকে গ্রেপ্তার করে।

পরিবারের দাবি ও শাস্তির আর্জি

অন্যদিকে, মৃত চিকিৎসকের পরিবারের দাবি, ওই জমি কেনার জন্য অভিযুক্তকে ইতিমধ্যেই ৮০ লক্ষ টাকা দেওয়া হয়েছিল। এই নৃশংস হত্যাকাণ্ডের ঘটনায় দোষীদের কঠোরতম শাস্তির দাবি জানিয়েছেন শোকস্তব্ধ পরিবারের সদস্যরা।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *