‘যুবসাথী’ বদলে ‘ভরসা’! জানুয়ারি থেকেই অ্যাকাউন্টে ঢুকবে ভাতা, কারা বাদ পড়ছেন?

পশ্চিমবঙ্গে বেকার যুবক-যুবতীদের জন্য বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সোমবার মন্ত্রিসভার বৈঠকের পর নবান্নে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি জানান, পূর্বতন সরকারের ‘যুবসাথী’ প্রকল্পের নাম বদলে এবার চালু হচ্ছে ‘ভরসা’ কর্মসূচি। আগামী জানুয়ারি মাস থেকে উপভোক্তাদের অ্যাকাউন্টে এই ভাতার টাকা ঢুকবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী।
কে কত টাকা পাবেন, কবে থেকে শুরু?
মুখ্যমন্ত্রীর ঘোষণা অনুযায়ী, ‘ভরসা’ প্রকল্পে স্নাতক এবং সরকারি কলেজে ভোকেশনাল ট্রেনিংপ্রাপ্ত বেকার যুবক-যুবতীরা প্রতি মাসে পাবেন ২,০০০ টাকা। যাঁরা স্নাতক নন, তাঁরা পাবেন মাসে ১,৫০০ টাকা করে। পাশাপাশি আইটিআই (ITI) ডিপ্লোমাধারী বেকার যুবক-যুবতীদেরও এই প্রকল্পের আওতায় আনা হয়েছে।
আপাতত আগামী ১৫ মাস বা ২০২৭-২৮ অর্থবর্ষ পর্যন্ত এই হারে ভাতা মিলবে; পরবর্তীতে ২০২৮-২৯ অর্থবর্ষ থেকে এই ভাতার অঙ্ক বাড়িয়ে যথাক্রমে ৩,০০০ টাকা ও ২,০০০ টাকা করা হবে বলে জানান তিনি। আগামী জানুয়ারি মাসের দ্বিতীয় সপ্তাহ থেকে প্রতি মাসে অ্যাকাউন্টে টাকা ঢুকবে। যাঁরা আগে আবেদন করেননি, তাঁরা ৩১ ডিসেম্বর পর্যন্ত নতুন করে আবেদন করতে পারবেন।
কারা পাবেন না ‘ভরসা’র সুবিধা?
ভাতা বণ্টন ও উপভোক্তাদের যোগ্যতা নিয়ে একাধিক কড়া শর্ত ও সীমারেখার কথা স্পষ্ট করেছেন শুভেন্দু অধিকারী:
-
যাঁরা ইতিমধ্যেই ‘অন্নপূর্ণা যোজনা’র সুবিধা পাচ্ছেন, তাঁরা একইসঙ্গে ‘ভরসা’ প্রকল্পের ভাতা পাবেন না।
-
একটি পরিবার থেকে সর্বোচ্চ দু’জন সদস্য এই প্রকল্পের সুবিধা পাবেন।
-
পূর্বতন সরকারের আমলে সুবিধা পাওয়া ৫৪ লক্ষ উপভোক্তার নথি ও অ্যাকাউন্ট ডিসেম্বর পর্যন্ত যাচাই করা হবে; বয়স, নথি বা যোগ্যতায় গরমিল থাকলে নাম বাদ পড়বে।
অন্নপূর্ণা যোজনা ও নিয়োগ পরীক্ষায় নতুন সিদ্ধান্ত
এদিনের বৈঠকের পর অন্নপূর্ণা যোজনা নিয়েও নতুন নিয়মের কথা জানান মুখ্যমন্ত্রী। আগে একটি পরিবার থেকে সর্বোচ্চ সাতজন এই সুবিধা পেলেও, এখন থেকে একটি পরিবারের সর্বোচ্চ দু’জন সদস্যই অন্নপূর্ণা যোজনার সুবিধা পাবেন এবং একসঙ্গে একাধিক ভাতা মিলবে না। পাশাপাশি রাজ্য সরকারের চাকরির নিয়োগ পরীক্ষার আবেদন ফি আর দিতে হবে না বলেও ঘোষণা করেছেন তিনি; পরীক্ষার যাবতীয় খরচ বহন করবে রাজ্য সরকার।