‘বারবার না বলেছিলাম, শোনেনি!’ ওয়ার্ড ডিলিমিটেশনে সুপ্রিম প্রশ্নের মুখেই রাজ্যকে তোপ কুণাল ঘোষের

কলকাতা পুরনিগমের ওয়ার্ড পুনর্বিন্যাস নিয়ে রাজ্য সরকারের সিদ্ধান্তকে ঘিরে সুপ্রিম কোর্টে উঠল গুরুত্বপূর্ণ প্রশ্ন। যে কর্পোরেশনের অস্তিত্ব নেই, তার সুপারিশ কীভাবে রাজ্য সরকার গ্রহণ করল— মামলার শুনানিতে এই প্রশ্ন তুললেন বিচারপতি জয়মাল্য বাগচী। আগামী বুধবার মামলার পরবর্তী শুনানি। শীর্ষ আদালতের এই প্রশ্নের পরেই রাজ্য সরকারকে একযোগে নিশানা করেছে মমতা-পন্থী তৃণমূল এবং সিপিএম।

এ বিষয়ে তৃণমূল বিধায়ক কুণাল ঘোষের দাবি, প্রশাসনিক বৈঠকে একাধিকবার আপত্তি জানানো সত্ত্বেও তাঁর কথা শোনা হয়নি। আরও একধাপ এগিয়ে সিপিএম নেত্রী ও প্রাক্তন কাউন্সিলর দীপু দাস বলেন, পুরোটাই যে রাজনৈতিক উদ্দেশ্যে তাড়াহুড়ো করে করা হচ্ছিল, শীর্ষ আদালতের পর্যবেক্ষণে তা স্পষ্ট।

সুপ্রিম কোর্টের প্রশ্ন ও কুণাল ঘোষের প্রতিক্রিয়া

সোমবার প্রধান বিচারপতি সূর্য কান্তের নেতৃত্বাধীন সুপ্রিম কোর্টের বেঞ্চে কলকাতা পুরনিগমের ওয়ার্ড পুনর্বিন্যাস সংক্রান্ত মামলাটি ওঠে। সেখানেই বিচারপতি জয়মাল্য বাগচী জানতে চান, যে কর্পোরেশনের অস্তিত্ব নেই, তার সুপারিশের ভিত্তিতে রাজ্য সরকার কীভাবে ওয়ার্ড পুনর্বিন্যাসের সিদ্ধান্ত নিল? এই প্রশ্ন ঘিরেই নতুন করে চর্চা শুরু হয়েছে কলকাতা পুরনিগমের সীমানা পুনর্নির্ধারণ নিয়ে।

সুপ্রিম কোর্টে রাজ্যের সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন ওঠার পর কুণাল ঘোষ বলেন, “কলকাতা পুরনিগমের ওয়ার্ড বিন্যাস শুরু থেকেই বলেছি সম্পূর্ণ অবৈধ, অবৈজ্ঞানিক। ডিলিমিটেশন হতেই পারে। কিন্তু কোথাও ভোটার সংখ্যা খুব কম, কোথাও অনেক বেশি, এমন হতে পারে না। কোথাও কয়েকটি বুথ, আবার কোথাও অনেকগুলি বুথজুড়ে দেওয়া হয়েছে। প্রশাসনের সঙ্গে বৈঠকে বারবার না বলেছি। শোনেনি। সুপ্রিম কোর্ট তার নিজের কথা বলেছে।”

১৪৪ থেকে ২০৯ ওয়ার্ড: হাইকোর্টের নির্দেশ ও বিরোধীদের অভিযোগ

কলকাতা পুরনিগমের ১৪৪টি ওয়ার্ড ভেঙে ২০৯টি করার সিদ্ধান্ত নেয় রাজ্য সরকার। সেই অনুযায়ী ওয়ার্ডের সীমানা পুনর্বিন্যাসের কাজ করে প্রশাসক-নেতৃত্বাধীন পুরসভা কর্তৃপক্ষ। কিন্তু সেই প্রক্রিয়ায় নিয়ম মানা হয়নি এবং পুনর্বিন্যাসের ক্ষেত্রে বৈজ্ঞানিক পদ্ধতি অনুসরণ করা হয়নি— এই অভিযোগ তুলে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন সিপিএম নেত্রী তথা প্রাক্তন কাউন্সিলর দীপু দাস।

মামলাকারীদের অভিযোগ, ওয়ার্ডের সীমানা নির্ধারণের ক্ষেত্রে ভোটার সংখ্যার সামঞ্জস্য বজায় রাখা হয়নি; কোথাও ভোটারের সংখ্যা তুলনায় অনেক বেশি, কোথাও আবার অনেক কম। ফলে ওয়ার্ডের সংখ্যা বাড়ানোর যে উদ্দেশ্য, বাস্তবে একাধিক ক্ষেত্রে তা পূরণ হয়নি বলে দাবি বিরোধীদের।

মামলার শুনানিতে কলকাতা হাইকোর্ট নির্দেশ দিয়েছিল, ডিলিমিটেশন প্রক্রিয়া সংক্রান্ত সমস্যার নিষ্পত্তি না-হওয়া পর্যন্ত কলকাতা পুরনিগমের নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করা যাবে না। সেই নির্দেশকে চ্যালেঞ্জ করেই সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিল রাজ্য সরকার। ওই মামলাতেই এদিন শীর্ষ আদালতের প্রশ্নের মুখে পড়ে রাজ্য।

আদালতের পর্যবেক্ষণ জানার পর দীপু দাস বলেন, “আদালতও বলছে, এটা শুধু অবৈজ্ঞানিক নয়, যে ভাবনা নিয়ে ওয়ার্ড ডিলিমিটেশন করার কথা ছিল, সেটাও হয়নি। পুরোটাই রাজনৈতিক উদ্দেশ্যে তাড়াহুড়ো করে করা হচ্ছিল, আদালতের প্রশ্নে সেটাই স্পষ্ট।”

সব মিলিয়ে কলকাতা পুরনিগমের ওয়ার্ড পুনর্বিন্যাস নিয়ে আইনি লড়াইয়ের পাশাপাশি রাজনৈতিক চাপানউতোরও নতুন মাত্রা পেল। একদিকে রাজ্যের সিদ্ধান্তের বিরুদ্ধে বিরোধীদের অভিযোগ, অন্যদিকে প্রশাসনিক বৈঠকে আপত্তি জানিয়েও কাজ হয়নি বলে কুণাল ঘোষের দাবি। এখন নজর আগামী বুধবারের শুনানির দিকে; সেদিন রাজ্যের বক্তব্যের পর শীর্ষ আদালত কী অবস্থান নেয়, সেদিকেই তাকিয়ে রাজনৈতিক ও প্রশাসনিক মহল।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *