৩ হাজার নয়, আপাতত ২০০০ ও ১৫০০! ‘ভরসা’ কর্মসূচিতে কবে থেকে ঢুকবে টাকা? বড় ঘোষণা শুভেন্দুর

‘যুবসাথী’ প্রকল্পের নাম বদলে ‘ভরসা’ কর্মসূচি চালু করার বড় ঘোষণা করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সোমবার নবান্নে সাংবাদিক বৈঠকে তিনি জানান, এই কর্মসূচির আওতায় স্নাতক এবং সরকারি আইটিআই বা ভোকেশনাল ইনস্টিটিউটে প্রশিক্ষণরতদের প্রতি মাসে ২,০০০ টাকা করে দেওয়া হবে। যাঁরা স্নাতক নন, তাঁরা পাবেন মাসে ১,৫০০ টাকা করে।

কবে থেকে মিলবে টাকা ও কবে বাড়বে অঙ্ক?

মুখ্যমন্ত্রীর ঘোষণা অনুযায়ী, জানুয়ারি মাস থেকে এই প্রক্রিয়া শুরু হবে এবং আবেদন ও যাচাইয়ের পর অ্যাকাউন্টে টাকা মিলতে শুরু করবে। আপাতত ১৫ মাস এই হারেই ভাতা দেওয়া হবে। তবে ২০২৮-২৯ অর্থবর্ষ থেকে প্রতিশ্রুতি অনুযায়ী ৩,০০০ টাকা ও ২,০০০ টাকা করে ভাতা দেওয়া হবে বলে জানিয়েছেন তিনি। এর আগে ৫৪ লক্ষ যুবক-যুবতীকে ১,৫০০ টাকা করে দেওয়া হয়েছিল বলে উল্লেখ করা হয়েছে।

আর্থিক চাপের কথা তুলে ধরে শুভেন্দু অধিকারী জানান, নতুন স্কিম চালু এবং বকেয়া ডিএ মেটানোর মতো একাধিক দায়িত্ব সরকারের ওপর থাকায় এই ১৫ মাস সকলের সহযোগিতা ও মানিয়ে নেওয়ার অনুরোধ করেছেন তিনি।

সরকারি পরীক্ষায় ফি মকুব ও অন্যান্য ঘোষণা

ভাতার ঘোষণার পাশাপাশি রাজ্য সরকারি চাকরির পরীক্ষায় আবেদন ফি তুলে নেওয়ার কথাও ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। তাঁর বক্তব্য অনুযায়ী, এবার থেকে সরকারি চাকরির পরীক্ষায় প্রার্থীদের কোনও ফি দিতে হবে না; পরীক্ষার খরচ বহন করবে রাজ্য সরকার। চাকরির আবেদনের ক্ষেত্রে অর্থ নেওয়াকে “অপরাধ” ও “সঙ্কীর্ণতার পরিচয়” বলে মন্তব্য করেন তিনি।

এ ছাড়া ৪ ডিসেম্বর থেকে ১৪ ডিসেম্বর পর্যন্ত রাজ্য বিধানসভার শীতকালীন অধিবেশন চলবে বলে জানান মুখ্যমন্ত্রী এবং আগামী জানুয়ারি থেকে ত্রৈমাসিক বিদ্যুৎ বিলের পরিবর্তে প্রতি মাসে বিল আসার কথাও পুনর্ব্যক্ত করেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *