বিলিয়ন ডলারের বাজি! আদানি এয়ারপোর্টে ঢুকল ২৭৯০ কোটি টাকা, যাত্রী ক্ষমতা দ্বিগুণ করার বড় ছক

আদানি এয়ারপোর্ট হোল্ডিংস লিমিটেড বা এএএইচএল সোমবার জানিয়েছে, তারা খ্যাতনামা ওয়েলথ ও অ্যাসেট ম্যানেজমেন্ট সংস্থা ৩৬০ ওয়ান অ্যাসেটের কাছ থেকে ২,৭৯০ কোটি টাকা বা ৩০ কোটি ডলার তহবিল সংগ্রহ করেছে। এই নতুন লগ্নির ফলে আদানি এয়ারপোর্টে এ পর্যন্ত সংগৃহীত মোট ইক্যুইটি মূলধনের পরিমাণ বেড়ে দাঁড়িয়েছে ১.৩৫ বিলিয়ন ডলার।

এর আগে প্রথম দফায় ৯,৮২৫ কোটি টাকা বা ১ বিলিয়ন ডলার প্রাথমিক ইক্যুইটি তহবিল তুলেছিল সংস্থাটি। সেই পর্বে আলফা ওয়েভ গ্লোবাল, প্রেমজি ইনভেস্ট, টেমাসেক এবং ব্ল্যাকরকের পরিচালিত ফান্ডসহ একাধিক দেশি ও বিদেশি লগ্নিকারী অংশ নিয়েছিল।

সংস্থার দাবি, ভারতের বিমানবন্দর পরিকাঠামো খাতে আর্থিক প্রতিষ্ঠানের পক্ষ থেকে এটি অন্যতম বৃহৎ প্রাথমিক ইক্যুইটি বিনিয়োগ। আদানি এন্টারপ্রাইজেস লিমিটেডের সহযোগী এই সংস্থাটি দেশের অন্যতম প্রধান বেসরকারি বিমানবন্দর পরিচালনাকারী প্রতিষ্ঠান।

আদানি এয়ারপোর্ট হোল্ডিংস লিমিটেডের নন এক্সিকিউটিভ ডিরেক্টর জিত আদানি এই প্রসঙ্গে বলেন, আদানি এয়ারপোর্টস প্ল্যাটফর্মের অগ্রযাত্রায় এই অংশীদারিত্ব আরেকটি গুরুত্বপূর্ণ মাইলফলক। প্রথম সারির ও দীর্ঘমেয়াদি বিনিয়োগকারীদের যোগদান ভারতের বিমান চলাচল খাতের ভবিষ্যৎ সম্ভাবনার ওপর তাদের আস্থারই প্রমাণ।

তিনি আরও জানান, বিমানবন্দরগুলোকে কেবল যাতায়াতের কেন্দ্র হিসেবে না রেখে সমন্বিত এয়ারপোর্ট সিটি হিসেবে গড়ে তোলার লক্ষ্যে কাজ চলছে। সেখানে বিমান পরিষেবার পাশাপাশি বাণিজ্য, বিনোদন এবং আঞ্চলিক লজিস্টিকসের একটি পূর্ণাঙ্গ ব্যবস্থা তৈরি করা হবে।

নতুন চুক্তি অনুযায়ী, ৩৬০ ওয়ান অ্যাসেট একটি শেয়ার সাবস্ক্রিপশন চুক্তিতে স্বাক্ষর করেছে। এর আওতায় আগের বিনিয়োগকারীরা যে মূল্যায়ন ও শর্তে শেয়ার নিয়েছিলেন, ঠিক সেই একই শর্তে নতুন ইক্যুইটি শেয়ার কিনবে ৩৬০ ওয়ান অ্যাসেট। এই লেনদেনে সংস্থার প্রাক বিনিয়োগ ইক্যুইটি মূল্যায়ন ধরা হয়েছে প্রায় ১৮ বিলিয়ন ডলার।

পাশাপাশি, প্রাথমিক লগ্নিকারীদের সঙ্গে থাকা শেয়ারহোল্ডার চুক্তির অংশও হচ্ছে ৩৬০ ওয়ান অ্যাসেট। দুই দফার বিনিয়োগ সম্পূর্ণ হওয়ার পর সব মিলিয়ে বিনিয়োগকারীদের হাতে এএএইচএলের প্রায় ৭.০১ শতাংশ অংশীদারিত্ব থাকবে।

সংস্থা জানিয়েছে, এই তহবিল সংস্থার কাজের দক্ষতা, ব্যবসার প্রসার এবং বিমানবন্দর নেটওয়ার্কের ভবিষ্যৎ সম্ভাবনা নিয়ে প্রাতিষ্ঠানিক লগ্নিকারীদের আস্থার প্রতিফলন।

জানা গেছে, সংগৃহীত অর্থ মূলত তিনটি বড় খাতে ব্যয় করা হবে। এর মধ্যে রয়েছে বিমানবন্দর নেটওয়ার্কের আধুনিকীকরণ, যাত্রী ধারণক্ষমতা বৃদ্ধি এবং দীর্ঘমেয়াদি বিমান ও পরিকাঠামো সম্পদ গড়ে তোলা।

সংস্থার লক্ষ্য, বার্ষিক যাত্রী ধারণক্ষমতা বর্তমান ৯.৬ কোটি থেকে বাড়িয়ে ২০ কোটিতে নিয়ে যাওয়া। সেই লক্ষ্য পূরণেই দেশজুড়ে নিজেদের বিমানবন্দর নেটওয়ার্কে বড়সড় সংস্কার ও আধুনিকীকরণের কাজ শুরু করেছে আদানি এয়ারপোর্টস।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *