‘গোমাতা কাটতে দেব না, বিলও আনব!’ বয়স্ক গরুতে ১ লক্ষ টাকার ঘোষণা মুখ্যমন্ত্রীর

রাজ্যে গো-হত্যা রুখতে এবং বয়স্ক ও অসুস্থ গবাদি পশুর রক্ষণাবেক্ষণে একগুচ্ছ কঠোর পদক্ষেপ নিল রাজ্য মন্ত্রিসভা। সোমবার নবান্নে মন্ত্রিসভার বৈঠকের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সাফ জানিয়ে দেন, রাজ্যে কোনওভাবেই বেআইনি গো-হত্যা বরদাস্ত করা হবে না। ১৯৫০ সালের ‘অ্যানিমেলস স্লটার অ্যাক্ট’ এবং উচ্চ আদালতের নির্দেশ মেনে এ বিষয়ে প্রশাসন কড়া অবস্থান নিচ্ছে বলে জানান তিনি।

পাশাপাশি গোশালা এবং সাধারণ মানুষের বাড়িতে বয়স্ক ও অসুস্থ গরুর লালন-পালনের জন্য রাজ্য সরকারের তরফে বছরে সর্বোচ্চ ১ লক্ষ টাকা পর্যন্ত আর্থিক অনুদানের কথাও ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী।

‘গোমাতা কাটতে দেব না’, স্পষ্ট বার্তা মুখ্যমন্ত্রীর

এক সাংবাদিকের প্রশ্নের উত্তরে গো-হত্যা নিয়ে নিজের অবস্থান অত্যন্ত স্পষ্ট করে দেন শুভেন্দু অধিকারী। তিনি বলেন, “পরিষ্কার কথা শুনে রাখুন, গোমাতা কাটতে দেব না। পরিষ্কার কথা, আপনি খুব ঘুরিয়ে ফিরিয়ে শুনতে চাইছেন তো আমি সোজা বলে দিলাম। আইন দেখছি, আমি বিলও আনব। এই রাজ্যে গোমাতাকে কাটতে দেব না।”

কসাইখানার প্রসঙ্গ টেনে মুখ্যমন্ত্রী আইনি ব্যাখ্যা দিয়ে জানান, সেখানে কেবল আইনসম্মত বা অনুমোদিত পশুই কাটা যেতে পারে। তাঁর কথায়, “অ্যানিমেলস স্লটার অ্যাক্ট অনুযায়ী যা আছে তাই যাবে। স্লটার হাউস আর গোমাতার উপর হাত তোলা দুটো এক জিনিস নয়। স্লটার হাউসে অনুমোদিত পশু কাটা যাবে। স্লটার হাউস মানে কী? সেটা ওই আইনে পরিষ্কার লেখা আছে। সেখানেই বলে দেওয়া আছে কী করা যাবে, আর কী করা যাবে না। অতএব আমি মুখ্যমন্ত্রী যেটা বলছি সেটা কোনও বেআইনি কথা নয়, আইনি কথা বলছি।”

অভিযানের খতিয়ান ও তৎক্ষণাৎ পদক্ষেপের আশ্বাস

রাজ্যে লুকিয়ে বেআইনিভাবে গো-হত্যা বা পাচার চললে প্রশাসন যে চুপ করে বসে থাকবে না, তা এদিন স্পষ্ট বুঝিয়ে দেন মুখ্যমন্ত্রী। হাওড়ার বাঁকড়া, হাড়াপুর এবং বারুইপুরে পুলিশি অভিযানের উদাহরণ টেনে তিনি জানান, হাড়াপুরে চারটি গাড়ি ও ৫৫৫ কেজি মাংস উদ্ধার করে অভিযুক্তদের গ্রেফতার করা হয়েছে এবং তারা এখনও জেলে রয়েছে। বারুইপুরেও বেআইনি দোকান বন্ধ করে দেওয়া হয়েছে বলে জানান তিনি।

সাধারণ মানুষ ও সংবাদমাধ্যমের কাছেও এ বিষয়ে তথ্য দেওয়ার আহ্বান জানান মুখ্যমন্ত্রী। শুভেন্দু অধিকারী বলেন, “এদিক-ওদিক লুকিয়ে কিছু হলে আমাকে জানাবেন। বিস্তারিত পাঠিয়ে দেবেন আপনারা। বন্ধ করে দেব। তৎক্ষণাৎ ব্যবস্থা হবে।” এ বিষয়ে পশু চিকিৎসকদের হাতেও আইনি ক্ষমতা রয়েছে বলে মনে করিয়ে দেন তিনি।

গোশালা ও বাড়িতে গরু পালনে ১ লক্ষ টাকার অনুদান

দুগ্ধপালক ও গোপালকদের দীর্ঘদিনের দাবিকে মান্যতা দিয়ে বয়স্ক ও অসুস্থ গরুদের দেখভালের জন্য নতুন প্রকল্পের অনুমোদন দিয়েছে রাজ্য মন্ত্রিসভা। কেন্দ্রের গোকুল মিশন চালুর পাশাপাশি রাজ্যের নিজস্ব এই প্রকল্পে গোশালাগুলির পাশাপাশি সাধারণ পরিবারও আর্থিক সহায়তা পাবে।

মুখ্যমন্ত্রী বলেন, “আমরা এখন বয়স্ক গরুদের লালন-পালন ও চিকিৎসার জন্য এক লক্ষ টাকা পর্যন্ত আর্থিক সাহায্য বছরে করব।” শুধুমাত্র বড় গোশালা নয়, ব্যক্তিগত উদ্যোগে যাঁরা বাড়িতে বয়স্ক বা অসুস্থ গরু পালন করবেন, তাঁরাও এই প্রকল্পের আওতায় আসবেন। এ প্রসঙ্গে তিনি ঘোষণা করেন, “আপনি আপনার বাড়িতেও ব্যবস্থা করতে পারেন, আমি ১ লক্ষ টাকা বছর দেব।”

প্রাণীসম্পদ বিকাশ দফতরের তরফে শীঘ্রই এই সংক্রান্ত বিস্তারিত নির্দেশিকা প্রকাশ করা হবে। নবান্ন সূত্রে জানানো হয়েছে, গরুর সংখ্যার উপর ভিত্তি করে অনুদানের পরিমাণ নির্ধারিত হলেও শর্তসাপেক্ষে প্রতি বছরই এই ১ লক্ষ টাকা পর্যন্ত সরকারি সাহায্য পাওয়া যাবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *