আগের সরকারের খরচের ২০ শতাংশও নয়! সভার খরচ কমিয়ে বেকারদের বড় স্বস্তি রাজ্যের

রাজ্যের সরকারি চাকরির পরীক্ষায় আর আবেদন ফি দিতে হবে না চাকরিপ্রার্থীদের। নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে দেওয়া পুরনো প্রতিশ্রুতিতেই সোমবার মন্ত্রিসভার বৈঠকে চূড়ান্ত সীলমোহর পড়ল। পাশাপাশি বিভিন্ন সরকারি দফতরে মোট ১০ হাজার ১৪৬টি শূন্যপদে নিয়োগের অনুমোদন দেওয়া হয়েছে। এ দিন নবান্নে মন্ত্রিসভার বৈঠকের পর সাংবাদিক বৈঠক করে এই সিদ্ধান্তের কথা জানান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।
আবেদন ফি মকুব ও খরচ সাশ্রয়ের হিসাব
নিয়োগ ফি প্রসঙ্গে মুখ্যমন্ত্রী বলেন, “এক্সাম ফি রিক্রুটমেন্ট এক্সাম ফি এই মুহূর্তে জেনারেলের ক্ষেত্রে কলেজ সার্ভিস কমিশনে সবচেয়ে বেশি আছে। আর এসসি-এসটিদের হাফ দিতে হয়। এসএসসির ক্ষেত্রে পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের ক্ষেত্রে ৫০০ আর ২৫০। জেনারেল ৫০০ এসসি-এসটিদের ২৫০ ছিল। আজকের পর থেকে যতগুলো বিজ্ঞপ্তি জারি হবে রিক্রুটমেন্টের কোথাও কোনো আমাদের বেকার যুবক যুবতীদের অর্থ প্রদান করতে হবে না। রাজ্য সরকার তাদের পরীক্ষার যে খরচ বেয়ার করবে।” পাশাপাশি তিনি আরও বলেন, “এতদিন বিভিন্ন নিয়োগ পরীক্ষায় সাধারণ প্রার্থীদের নির্দিষ্ট অঙ্কের আবেদন ফি দিতে হলেও, এ বার থেকে সেই ব্যয় বহন করবে সরকার। বেকার যুবক-যুবতীদের কাছ থেকে অর্থ নেওয়া অন্যায়।”
খরচ সাশ্রয়ের হিসাব দিয়ে মুখ্যমন্ত্রী জানান, “মুখ্যমন্ত্রীর যে কর্মসূচি সভাতে যে খরচ হতো, সেই খরচটা এখন অনেকটা ১০ পার্সেন্টে নেমে গিয়েছে লাস্ট ইয়ারের কম্পেয়ার করলে মানে আমরা এবং যে ইআরএমগুলো হয় প্রশাসনিক সভা আমরা পাঁচ দিনেরটা একদিনে করি। আপনারা নিজেরাও দেখেছেন যে আমরা অনেক কমিয়ে দিয়েছি। অতএব আমাদের অনেক টাকা উদ্বৃত্ত হবে এই যে আগের সরকার ৬৭টা এআরএম করে ৬১১ কোটি টাকা খরচ করেছে। আমাদের অ্যাডমিনিস্ট্রেটিভ রিভিউ মিটিং এবং পাবলিক ডিস্ট্রিবিউশন মিটিংয়ে অত টাকা খরচ আমাদের হয় না। মানে ধরে নিতে পারেন ২০ পার্সেন্টও খরচ হয় না আগের সরকার যে টাকা খরচ করতো। তাই আমরা মনে করি যে বেকার যুবক যুবতীদের কাছ থেকে চাকরি আবেদনের ক্ষেত্রে অর্থ নেওয়াটা একেবারে একটা অপরাধ। এটা একটা সংকীর্ণতার পরিচয়। আজকের পর থেকে কোনো দিতে হবে না।”
কোন দফতরে কত শূন্যপদ
নতুন অনুমোদিত শূন্যপদগুলির মধ্যে সবচেয়ে বেশি নিয়োগ হবে স্বরাষ্ট্র ও পার্বত্য বিষয়ক দফতরে। মুখ্যমন্ত্রী জানান, ওই দফতরে ৬৫০ জন সাব-ইন্সপেক্টর, ৮ হাজার জন কনস্টেবল এবং ৬০০ জন ইস্টার্ন ফ্রন্টিয়ার রাইফেল বা ইএফআর কর্মী নেওয়া হবে। এর বাইরে অ্যান্টি-নার্কোটিক শাখা এবং সাইবার ক্রাইম শাখাতেও পদ রয়েছে। পাশাপাশি পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন, পর্যটন এবং নগরোন্নয়ন-সহ একাধিক দফতরে কর্মী নিয়োগ করা হবে। সব ক্ষেত্রেই নির্দিষ্ট নিয়োগকারী সংস্থার মাধ্যমে গোটা প্রক্রিয়া সম্পন্ন হবে বলে জানিয়েছেন তিনি।
শিক্ষক নিয়োগ ও সামগ্রিক লক্ষ্যমাত্রা
শিক্ষক নিয়োগ প্রসঙ্গেও গুরুত্বপূর্ণ তথ্য দেন মুখ্যমন্ত্রী। সুপ্রিম কোর্টের নির্দেশে বাতিল হওয়া প্রায় ২৬ হাজার শিক্ষক ও শিক্ষাকর্মীর পদে নতুন নিয়োগের লিখিত পরীক্ষার ফল ইতিমধ্যেই প্রকাশ হয়ে গিয়েছে। আদালত মে মাস পর্যন্ত সময়সীমা বেঁধে দিলেও, রাজ্য সরকারের লক্ষ্য আগামী জানুয়ারির মধ্যেই ধাপে ধাপে নিয়োগ প্রক্রিয়ার বড় অংশ সেরে ফেলা।
নিয়োগের সামগ্রিক খতিয়ান তুলে ধরে মুখ্যমন্ত্রী দাবি করেন, পুলিশ এবং সমবায় দফতরে ইতিমধ্যেই ১১ হাজার নিয়োগপত্র বিলি করা হয়েছে। আগামী ডিসেম্বরে আরও ১,৩৩১টি পদে নিয়োগের অনুমোদন দেওয়া হবে বলেও জানান তিনি। ধাপে ধাপে এক লক্ষ সরকারি চাকরি পূরণ করাই সরকারের লক্ষ্য বলে এ দিন স্পষ্ট করেছেন মুখ্যমন্ত্রী।