১ লক্ষ টাকার সাহায্য ও কঠোর সতর্কবার্তা! গোহত্যা ও গোশালা নিয়ে কী জানালেন শুভেন্দু অধিকারী?

রাজ্যে গোহত্যা নিয়ে কড়া অবস্থান জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সোমবার নবান্নে মন্ত্রিসভার বৈঠকের পর স্পষ্ট বার্তা দিয়ে তিনি জানান, গোহত্যা কোনওভাবেই বরদাস্ত করা হবে না এবং প্রয়োজনে নতুন আইন আনা হবে। পাশাপাশি রাজ্যের গোশালা ও বয়স্ক গরুদের রক্ষণাবেক্ষণে আর্থিক সাহায্যেরও বড় ঘোষণা করেছে রাজ্য সরকার।

কড়া হুঁশিয়ারি ও আইনের প্রসঙ্গ

মন্ত্রিসভার বৈঠকের পর সাংবাদিকদের সামনে মুখ্যমন্ত্রী বলেন, “গো মাতা কাটতে দেব না। আইন দেখছি আমি। প্রয়োজনে আইন আনব আমি। পরিষ্কার শুনে নিন। কেউ যদি লুকিয়ে করে ফল ভুগবে। স্লটার হাউস অনুমতি যা আছে তাই করতে পারে। ১৯৫০ সালের ক্যাটল অ্যাক্টে যা আছে তাই হবে। বয়স্ক গরুদের জন্য বছরে ১ লক্ষ টাকা পর্যন্ত সাহায্য দেওয়া হবে।”

বেআইনিভাবে গোহত্যা করা হলে কঠোর ফল ভুগতে হবে বলে সতর্ক করেন শুভেন্দু অধিকারী। তবে রাজ্যে যে সমস্ত অনুমোদিত স্লটার হাউস রয়েছে, সেগুলি প্রচলিত আইন মেনেই কাজ করতে পারবে বলে জানিয়েছেন তিনি। একইসঙ্গে ১৯৫০ সালের ক্যাটল অ্যাক্টের বিধান অনুযায়ী ব্যবস্থা নেওয়ার কথাও বলা হয়েছে। গোহত্যা রুখতে বর্তমান আইনে আরও কোনও সংশোধনের প্রয়োজন রয়েছে কি না, তা খতিয়ে দেখছে রাজ্য সরকার। উল্লেখ্য, পশ্চিমবঙ্গ পশু হত্যা নিয়ন্ত্রণ আইন, ১৯৫০ এবং সরকারি নির্দেশিকা অনুযায়ী, সাধারণত ১৪ বছর বা তার বেশি বয়স হলে তবেই নির্দিষ্ট শর্তসাপেক্ষে গবাদি পশু নিধনের অনুমতি দেওয়া হয়।

গোকুল মিশনে ১ লক্ষ টাকার সহায়তা

গরুর সুরক্ষা ও রক্ষণাবেক্ষণের জন্য প্রাণিসম্পদ বিকাশ দফতরের মাধ্যমে বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে। মুখ্যমন্ত্রী জানান, রাষ্ট্রীয় গোকুল মিশনের আওতায় গোশালাগুলিকে বছরে সর্বোচ্চ ১ লক্ষ টাকা পর্যন্ত আর্থিক সাহায্য দেওয়া হবে। বিশেষ করে বয়স্ক গরুর দেখভাল, খাবার এবং রক্ষণাবেক্ষণের জন্য এই অর্থ সহযোগিতা করা হবে বলে মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *