মহিলাদের কুর্নিশ ও নস্টালজিয়া! ‘লাখ টাকার লক্ষ্মীলাভ’-এর মঞ্চে কী বললেন কুমার শানু?

সোমবার সকালে টেকনিশিয়ান্স স্টুডিয়োতে রোজকার তুলনায় একটু বেশিই ব্যস্ততা ছিল। ‘লাখ টাকার লক্ষ্মীলাভ’-এর নভেম্বর মাসের ফিনালেতে প্রতিযোগীদের উৎসাহ দিতে হাজির ছিলেন সংগীতশিল্পী কুমার শানু। কেবল উপস্থিতিই নয়, নিজের গান ও কথায় সেটের সকলকে মন্ত্রমুগ্ধ করে তোলেন তিনি। গানের পাশাপাশি গেম শোয়ে অংশ নিয়ে পাঁচ হাজারেরও বেশি টাকা জিতে নেন এই কিংবদন্তি শিল্পী।
গানে ও আড্ডায় জমে ওঠা মঞ্চ
অনুষ্ঠানের মঞ্চে ‘তুমি আছো এত কাছে তাই’, ‘কে বলে ঠাকুমা তোমার’, ‘ফুলের ছোঁয়া যদি লাগে’, ‘চান্দ সিতারে ফুল অউর খুশবু’-সহ একের পর এক জনপ্রিয় গান গেয়ে শোনান কুমার শানু। সঞ্চালক পায়েল দে-র সঙ্গে কথোপকথনে তিনি বলেন, “‘লাখ টাকার লক্ষ্মীলাভ’-এর খবর আমি রাখি। এতদিনে তোমরা দশ কোটি টাকা দিয়ে ফেলেছো বাংলার লক্ষ্মীদের।” এই বিশেষ পর্বের নানা চমক দেখতে দর্শকদের আগামী ১ ডিসেম্বর টেলিভিশনের পর্দায় চোখ রাখার আহ্বান জানানো হয়েছে।
দারিদ্র্যের স্মৃতি, চারটি স্কুল ও নারীশক্তি
নিজের অতীত সংগ্রামের কথা তুলে ধরে কুমার শানু বলেন, “আমি নিজেও একসময় গরিব ছিলাম। তাই দারিদ্র্য কী, সেটা খুব ভালো করে জানি। সুন্দরবন এবং এই ধরনের প্রত্যন্ত এলাকার মানুষের অবস্থা দেখলে সত্যিই খারাপ লাগে। একটা মাছ দু’টুকরো করে দু’বার রান্না করে খেতে হয়, এমন পরিস্থিতিও দেখেছি। আমি একটা এলাকা দেখেছি, একটা পরিস্থিতি দেখেছি। তাই সবসময় মনে হয়, যদি কখনও কিছু করতে পারি! সেই ভাবনা থেকেই স্কুল তৈরি করার উদ্যোগ। একটা নয়, চারটে স্কুল করেছি। আমার ভিতরে বরাবরই মানুষের পাশে দাঁড়ানোর একটা ইচ্ছা রয়েছে।”
তাঁর উদ্যোগে গড়ে ওঠা চারটি স্কুলের মধ্যে অন্যতম ‘কুমার শানু বিদ্যানিকেতন’। নারী ক্ষমতায়নের প্রসঙ্গে শিল্পীর বক্তব্য, “আমি মনে করি, মহিলারা যদি স্বশক্তিকরণ বা ক্ষমতায়নের সুযোগ পান, তা হলে আমাদের দেশের উন্নতি অনেক বেশি হবে। আমার ব্যক্তিগতভাবে মনে হয়, পুরুষদের তুলনায় মহিলারা অনেক বেশি পরিশ্রম করেন। একটা সংসার চালানো কতটা কঠিন, সেটা আমরা অনেক সময় বুঝতে পারি না। অথচ মহিলারা সারাজীবন সেই দায়িত্ব পালন করে যান। তাই তাঁদের সাহায্য করা, স্বনির্ভর করে তোলার জন্য যে কোনও উদ্যোগই প্রশংসনীয়।”
রিয়েলিটি শোয়ের মঞ্চে মহিলাদের স্বনির্ভর হওয়ার সুযোগ দেখে উচ্ছ্বাস প্রকাশ করে তিনি বলেন, “একটা রিয়্যালিটি শোতে এসে যদি মহিলাদের সাহায্য করা যায়, তাঁরা যদি একটা পরিস্থিতি থেকে বেরিয়ে আরও ভালো পরিস্থিতিতে পৌঁছতে পারেন, তার থেকে আনন্দের আর কী হতে পারে! এটা সান বাংলার একটা বিরাট ইতিবাচক দিক। এই অনুষ্ঠানের মাধ্যমে অনেক মানুষের সঙ্গে পরিচিত হওয়ার সুযোগও হয়েছে। এই ধরনের একটা সুন্দর ভাবনার জন্য আমি পরিচালককে ধন্যবাদ জানাতে চাই।”
নতুন প্রজন্মের লড়াই ও চিরকালীন সুর
বর্তমান প্রজন্মের সংগ্রাম প্রসঙ্গে কুমার শানু জানান, পরিশ্রম ও লড়াই ছাড়া সাফল্য আসে না, তবে সময়ের সঙ্গে সুযোগের পরিধি বদলেছে। তাঁর কথায়, “যারা লড়াই করবে না, তারা সাফল্য পাবে না। আমাদের সময়ের লড়াইটা অনেক কঠিন ছিল। তখন এত সোশ্যাল মিডিয়া, টেলিভিশন, এত চ্যানেল বা প্ল্যাটফর্ম ছিল না। সেই সমস্ত সুযোগ-সুবিধা ছাড়াই আমরা লড়াই করে নিজেদের জায়গা তৈরি করেছি। এখনকার ছেলেমেয়েদেরও লড়াই করতে হয়, তবে তাঁদের সামনে অনেক সুযোগ রয়েছে। ইউটিউব, গুগল, সোশ্যাল মিডিয়ার মতো অনেক প্ল্যাটফর্ম রয়েছে। ফলে নিজেদের প্রতিভা তুলে ধরার সুযোগ অনেক সহজ হয়েছে।”
সময়ের পালাবদল ও গান শোনার মাধ্যম বদলালেও কুমার শানুর সুর আজও শ্রোতাদের প্লেলিস্ট, রেডিয়ো, রিয়েলিটি শো এবং সোশ্যাল মিডিয়ায় সমানভাবে জীবন্ত। ‘লাখ টাকার লক্ষ্মীলাভ’-এর মঞ্চে তাঁর এই উপস্থিতি দর্শকদের কাছে নতুন করে সেই সুরেলা আমেজই পৌঁছে দেবে বলে মনে করা হচ্ছে।