চাকরির আবেদনে আর টাকা নয়! ১০ হাজারের বেশি পদে নিয়োগে নবান্নের বড় ঘোষণা

রাজ্যে পালাবদলের পর একাধিক বিভাগে শূন্যপদে নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে সরকার। সোমবার নবান্নের মন্ত্রিসভায় এই সংক্রান্ত প্রস্তাবে অনুমোদন মিলেছে। সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী নিয়োগের ঘোষণা করেছেন। কোন কোন দফতরে নিয়োগ করা হবে, সেই বিষয়েও বিস্তারিত জানিয়েছেন তিনি।
১০,১৪৬ শূন্যপদে নিয়োগের সিদ্ধান্ত
মুখ্যমন্ত্রী জানিয়েছেন, মোট ১০,১৪৬টি শূন্যপদে নিয়োগ করা হবে। পিএসসি-র মাধ্যমে এই নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হবে বলে জানিয়েছেন তিনি। হোম অ্যান্ড হিল অ্যাফেয়ার্স, পঞ্চায়েত, পর্যটন এবং নগরোন্নয়ন দফতরে এই শূন্যপদগুলিতে নিয়োগ করা হবে।
আবেদন ফি মকুব ও সরকারি খরচে বদল
চাকরির আবেদনের খরচ নিয়ে বড় সিদ্ধান্তের কথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী। তাঁর বক্তব্য, জেনারেল প্রার্থীদের কলেজ সার্ভিস কমিশনে আবেদনের ক্ষেত্রে সবচেয়ে বেশি ফি দিতে হয়। অন্যদিকে, পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের মাধ্যমে নিয়োগের আবেদনের ক্ষেত্রে ৫০০ টাকা দিতে হয়। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, বেকার যুবক-যুবতীদের আর চাকরির আবেদনের জন্য কোনও টাকা দিতে হবে না। আবেদন ফি বাবদ যাবতীয় খরচ বহন করবে রাজ্য সরকার। মুখ্যমন্ত্রীর কথায়, চাকরির নামে টাকা নেওয়া অপরাধ এবং সংকীর্ণ মানসিকতার পরিচয়।
পাশাপাশি সরকারি খরচের হিসাবও তুলে ধরেছেন শুভেন্দু অধিকারী। তিনি জানান, রাজ্য সরকার প্রার্থীদের পরীক্ষার খরচ বহন করবে। একইসঙ্গে তাঁর দাবি, পূর্বতন সরকারের আমলে সভা করতে যে টাকা খরচ হত, এখন তার ২০ শতাংশ খরচ কম হয়।