‘ওয়েস্ট বেঙ্গল’ অতীত? সব ভাষায় রাজ্যের নাম ‘পশ্চিমবঙ্গ’ করার পথে ক্যাবিনেট, তুঙ্গে বিতর্ক

রাজ্যের নাম সব ভাষাতেই ‘পশ্চিমবঙ্গ’ করার পথে হাঁটল রাজ্য মন্ত্রিসভা। সোমবার বৈঠকের পর এই সিদ্ধান্তের কথা জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আগামী ৪ ডিসেম্বর থেকে বিধানসভার অধিবেশন শুরু হচ্ছে। সেই অধিবেশনেই ৯ ডিসেম্বর নাম বদলের প্রস্তাব আনা হবে। বিধানসভায় প্রস্তাব পাশ হওয়ার পর তা পাঠানো হবে ভারত সরকারের কাছে। তারপর সাংবিধানিক ও আইনি প্রক্রিয়া মেনে চূড়ান্ত পদক্ষেপ নেবে সংসদ ও কেন্দ্র।
৯ ডিসেম্বর বিধানসভায় প্রস্তাব, যুক্তি মুখ্যমন্ত্রীর
মন্ত্রিসভার বৈঠকের পর মুখ্যমন্ত্রী বলেন, “৯ ডিসেম্বর পশ্চিমবঙ্গ বিধানসভায় একটি প্রস্তাব আসছে। এই প্রস্তাবটা পাশ হওয়ার পরে আমরা ভারত সরকারের কাছে পাঠাব। সেটা হচ্ছে পশ্চিমবঙ্গ নামটা ইংরেজিতেও একই হবে।”
তিনি আরও বলেন, “পশ্চিমবঙ্গ ইংরেজিতে পশ্চিমবঙ্গই হবে। একদম যথাযথভাবে সবকিছুতেই পশ্চিমবঙ্গ হবে। আমরা ৯ ডিসেম্বর অ্যাসেম্বলিতে রেজুলেশন আনছি। তারপর এর উপর ভারত সরকার আর পার্লামেন্ট সংশ্লিষ্ট পদ্ধতি বা আইন মেনে যা করার করবে। আমাদের সিদ্ধান্ত রাজ্যের নাম সব ভাষায় হবে পশ্চিমবঙ্গ। আজ ক্যাবিনেট মঞ্জুরি দিয়েছে, ৯ ডিসেম্বর বিধানসভায় আমরা রেজুলেশন করব। পশ্চিমবঙ্গ গঠনের একটা ইতিহাস আছে, যা ১৯৪৭ সালে ২০ জুন হয়েছিল। সেটাই হওয়া উচিত, ওয়েস্ট বেঙ্গলের বদলে পশ্চিমবঙ্গই হবে।”
রাজ্যের নাম নিয়ে বিতর্ক অবশ্য পুরনো। এর আগে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার রাজ্যের নাম বদলে ‘বাংলা’ করার প্রস্তাব দিয়েছিল। বিধানসভায় সর্বসম্মতভাবে সেই প্রস্তাব পাশ হলেও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের অনুমোদন মেলেনি। সরকার বদলালেও নাম বদলের চর্চা থামেনি। বর্তমান সরকারের মতে, ইংরেজিতে নামের শুরু ‘ডব্লিউ’ দিয়ে হওয়ায় যে কোনও সরকারি তালিকায় রাজ্যের নাম নীচের দিকে থাকত। এতে প্রশাসনিক স্তরে অসুবিধা হত বলে আগেও প্রশ্ন উঠেছে। নামের শুরু ‘পি’ হলে তালিকায় কিছুটা উপরে জায়গা মিলবে বলে মনে করছে শাসকদল।
কুণাল ঘোষের প্রতিক্রিয়া
এই সিদ্ধান্তকে নিশানা করেছেন তৃণমূল নেতা কুণাল ঘোষ। তাঁর দাবি, কেন্দ্রীয় অনুষ্ঠানে গিয়ে ‘ওয়েস্ট বেঙ্গল’ নামের জন্য ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হয়। সে কারণেই মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী থাকাকালীন নাম ‘বাংলা’ করতে চেয়েছিলেন।
কুণালের কথায়, “মূলত কেন্দ্রীয় অনুষ্ঠানগুলিতে গিয়ে রাজ্যের নাম ওয়েস্ট বেঙ্গল হওয়ার জন্য ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হয়। সে কারণেই মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী থাকাকালীন রাজ্যের নাম বাংলা করতে চেয়েছিলেন। তবে সরকার প্রত্যাখ্যান করে পশ্চিমবঙ্গ করছে। কিন্তু বাংলা লেখা হলে প্রশাসনিক কাজকর্মের সুবিধা, পশ্চিমবঙ্গই পেত।” যদিও ‘পশ্চিমবঙ্গ’ নামে তাঁর ব্যক্তিগত আপত্তি নেই বলে স্পষ্ট করেছেন তিনি।
রাজ্যের নাম বদলের সাংবিধানিক প্রক্রিয়া
কোনও রাজ্যের নাম বদলের ক্ষেত্রে কয়েকটি ধাপ অনুসরণ করতে হয়:
-
নাম বদল সংক্রান্ত প্রস্তাব বা বিল সংশ্লিষ্ট রাজ্যের বিধানসভায় পাশ করিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকে পাঠাতে হয়।
-
স্বরাষ্ট্রমন্ত্রক থেকে বিল যায় রাষ্ট্রপতির কাছে। বিল নিয়ে পর্যালোচনার পর কোনো অংশ স্পষ্ট না থাকলে বা অতিরিক্ত প্রশ্ন থাকলে রাষ্ট্রপতি সে বিষয়ে সংশ্লিষ্ট রাজ্যের বিধানসভার কাছে জানতে চাইতে পারেন।
-
উত্তরে সন্তুষ্ট হলে রাষ্ট্রপতির সুপারিশে বিল পেশ করা হয় সংসদে। লোকসভা ও রাজ্যসভায় বিলটি পাশ করাতে হয়।
-
সংসদ থেকে পাশ হওয়ার পর বিল পুনরায় যায় রাষ্ট্রপতির কাছে। রাষ্ট্রপতির চূড়ান্ত সম্মতি মিললেই কার্যকর হয় রাজ্যের নতুন নাম।