দফতরে ফাইল আটকালেই কড়া পদক্ষেপ! ক্যাবিনেট নিয়ে বড় নির্দেশ নবান্নের

প্রশাসনিক কাজে গতি আনতে এবং দফতরে ফাইল আটকে থাকার দীর্ঘদিনের সমস্যা মেটাতে কড়া নিয়ম চালু করল নবান্ন। রাজ্য মন্ত্রিসভার বৈঠকের আগে দফতরগুলির ঢিলেমি আর মেনে নেওয়া হবে না বলে স্পষ্ট নির্দেশ দিয়েছেন মুখ্যসচিব মনোজ কুমার আগরওয়াল।
গত ১১ নভেম্বর ৩৫৭-সিএস/২০২৬ নম্বর নির্দেশিকায় তিনি জানিয়েছেন, এবার থেকে মন্ত্রিসভার সব প্রস্তাবই নির্দিষ্ট সময়ের মধ্যে চূড়ান্ত করে ফাইল জমা দিতে হবে। কোনও দফতরের গাফিলতি বা বিলম্বের কারণে যাতে ক্যাবিনেটের কাজ থমকে না যায়, তা নিশ্চিত করতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সময়সীমা ও অগ্রাধিকারের নির্দেশ
নির্দেশিকায় উল্লেখ করা হয়েছে, বিভিন্ন দফতরে ফাইল ঘুরতে থাকার কারণে অনেক সময় প্রস্তাবের ফাইল সময়মতো তৈরি করা যায় না। সেই জটিলতা কাটাতেই ২৩ নভেম্বরের মন্ত্রিসভার বৈঠকের জন্য প্রস্তাবিত সব ফাইল ১৮ নভেম্বরের মধ্যে মুখ্যসচিবের কাছে পাঠাতে বলা হয়েছিল। ওই নির্ধারিত দিনের আগেই সংশ্লিষ্ট দফতরের মতামত, সম্মতি এবং প্রয়োজনীয় ভেটিং-সহ সব প্রক্রিয়া সেরে ফাইল সম্পূর্ণ করার নির্দেশ দেওয়া হয়েছিল।
যেসব দফতরকে মতামত দেওয়ার জন্য ডাকা হবে, তাদের এই ফাইলগুলো সবার আগে অগ্রাধিকার দিয়ে দ্রুত নিষ্পত্তি করতে হবে। বেঁধে দেওয়া সময়সীমা কোনোভাবেই যাতে অতিক্রম না করে, সেদিকে কড়া নজরদারি রাখতে বলা হয়েছে।
সমন্বয়ের দায়িত্ব শীর্ষ কর্তাদের ওপর
এই পুরো প্রক্রিয়ার সমন্বয়ের দায়িত্ব সরাসরি দেওয়া হয়েছে সংশ্লিষ্ট নোডাল দফতরের শীর্ষ কর্তাদের ওপর। নির্দেশ অনুযায়ী, নোডাল দফতরের অতিরিক্ত মুখ্যসচিব, প্রধান সচিব বা সচিবকে ব্যক্তিগতভাবে উদ্যোগ নিয়ে অন্য দফতরের সঙ্গে সমন্বয় বজায় রাখতে হবে। নির্দিষ্ট সময়ের মধ্যে যাতে ফাইল চূড়ান্ত হয়ে জমা পড়ে, তা নিশ্চিত করার দায়িত্ব তাঁদেরই।
ভবিষ্যতের বৈঠকের জন্য স্থায়ী নিয়ম
শুধু ২৩ নভেম্বরের বৈঠকের জন্যই নয়, সামনের সব মন্ত্রিসভার বৈঠকের ক্ষেত্রেও এই নিয়ম স্থায়ীভাবে চালু হচ্ছে। নতুন নির্দেশে জানানো হয়েছে, এরপর থেকে রাজ্য মন্ত্রিসভার প্রতিটি বৈঠকের অন্তত তিন কার্যদিবস আগে সব দিক থেকে সম্পূর্ণ ফাইল জমা দিতে হবে। ফাইলগুলো মুখ্যসচিবের পাশাপাশি রাজ্যের ক্যাবিনেট সচিবের কাছেও পাঠাতে হবে। এর ফলে অসম্পূর্ণ ফাইল বা প্রয়োজনীয় মতামত ও অনুমোদন ছাড়া কোনো প্রস্তাব শেষ মুহূর্তে পাঠানোর সুযোগ বন্ধ হয়ে যাচ্ছে।
প্রশাসনিক মহলের খবর অনুযায়ী, সাম্প্রতিক সময়ে দফতরগুলোর মধ্যে সমন্বয়ের অভাবে বহু প্রস্তাব আটকে যাচ্ছিল। সময়সীমা মেনে কাজ হলে ফাইলের দ্রুত নিষ্পত্তি হবে বলে মনে করছেন আধিকারিকরা। পাশাপাশি ক্যাবিনেট বৈঠকের প্রস্তুতিতে শৃঙ্খলা ফিরবে এবং কোন দফতর কাজ আটকে রাখছে, সেই জবাবদিহিও স্পষ্ট হবে। সব মিলিয়ে, প্রশাসনিক কাজকর্মকে আরও সময়বদ্ধ ও গতিশীল করতেই নবান্ন এই পদক্ষেপ করেছে বলে মনে করছে অভিজ্ঞ মহল।