দীপাবলির পর উধাও ‘ককরোচ’-রা? অভিজিৎ দীপকে, সৌরভরা কোথায় গেলেন?

নিট প্রশ্নপত্র ফাঁস বিতর্কে তৎকালীন শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে যন্তর মন্তরের বিক্ষোভ থেকে শুরু করে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে দিল্লির আন্দোলন—একের পর এক ঘটনায় দেশজুড়ে চর্চায় উঠে এসেছিল ককরোচ জনতা পার্টি (CJP)। গ্রেফতারি ও আদালতের জামিনের পর সেই অভিজিৎ দীপকে বা সৌরভ দাসদের নিয়ে সোশ্যাল মিডিয়ায় নানা প্রশ্ন উঠতে শুরু করে। দীপাবলি ও জগদ্ধাত্রী পুজো পেরিয়ে গেলেও নতুন করে বড় আন্দোলনে দেখা না যাওয়ায় ‘কোথায় গেল সিজেপি?’—এমন জল্পনা ঘুরছিল নেটদুনিয়ায়। তবে বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদন বলছে, লোকচক্ষুর আড়ালে নিজেদের সংগঠন ও কর্মসূচির ধরনে বড়সড় বদল এনেছে দলটি।
১০ রাজ্য ও অঞ্চলে সংগঠন বিস্তারের ছক বিভিন্ন প্রতিবেদনের তথ্য অনুযায়ী, একাধিক রাজ্য ও অঞ্চলে জোনাল ইনচার্জ নিয়োগের পাশাপাশি সমন্বয় কমিটি গঠন করেছে CJP। জম্মু ও কাশ্মীর, রাজস্থান, পশ্চিমবঙ্গ, হরিয়ানা, ঝাড়খণ্ড, উত্তর-পূর্ব ভারত, মহারাষ্ট্র, উত্তরপ্রদেশ, বিহার এবং উত্তরাখণ্ডের জন্য এই কমিটি তৈরি করা হয়েছে।
তথ্য অনুযায়ী, উত্তরপ্রদেশের সমন্বয় কমিটিতে ১৬ জন, মহারাষ্ট্রে ১৫ জন, ঝাড়খণ্ডে ১৪ জন, উত্তর-পূর্ব ভারতে ১৪ জন, বিহারে ১৩ জন, পশ্চিমবঙ্গে ১২ জন, হরিয়ানায় ৬ জন, উত্তরাখণ্ডে ৬ জন, রাজস্থানে ৫ জন এবং জম্মু ও কাশ্মীরে ৪ জন সদস্য রয়েছেন।
‘স্কুল ঠিক করো’ সামাজিক অডিট অভিযান ইন্ডিয়া টুডের প্রতিবেদন বলছে, এখন ‘স্কুল ঠিক করো’ নামে বিশেষ কর্মসূচি নিয়ে মাঠে নেমেছে CJP। এর আওতায় উত্তরপ্রদেশের হাপুর, মেরঠ, সাহারানপুর ও পিলিভিট জেলার বিভিন্ন সরকারি স্কুলে পরিদর্শনে গিয়েছেন দলের প্রতিনিধিরা। সহ-আহ্বায়ক সৌরভ দাসের নেতৃত্বে একটি দল হাপুরের সরকারি স্কুলগুলি ঘুরে দেখে, আর পশ্চিম উত্তরপ্রদেশের সদস্যরা যান মেরঠ, সাহারানপুর ও পিলিভিটের স্কুলগুলিতে।
সংগঠনের তরফে জানানো হয়েছে, ১০টি নির্ধারিত বিষয়ের ওপর প্রশ্নমালার ভিত্তিতে এই সামাজিক অডিট চালানো হচ্ছে। এর মধ্যে রয়েছে:
-
স্কুলের পরিকাঠামো, পানীয় জল ও শৌচাগারের ব্যবস্থা।
-
শিক্ষকের সংখ্যা ও উপস্থিতি এবং নিরাপত্তা।
-
মিড-ডে মিল, সরকারি প্রকল্পের সুবিধা ও বিশেষভাবে সক্ষম পড়ুয়াদের সুযোগ-সুবিধা।
CJP-র দাবি, এই অভিযানের লক্ষ্য শিক্ষক বা স্কুলকর্মীদের নিশানা করা নয়; বরং সরকারি শিক্ষাব্যবস্থার খামতিগুলি সামনে এনে প্রশাসনের ওপর চাপ সৃষ্টি করা। ইতিমধ্যে ২০টি স্কুলের অডিটে উঠে আসা পরিকাঠামোগত ত্রুটি দ্রুত সারানোর দাবি জানানো হয়েছে এবং স্থানীয় বাসিন্দাদের যুক্ত করে নির্দিষ্ট সময়সীমার মধ্যে কর্তৃপক্ষের কাছে রিপোর্ট জমা দেওয়ার পরিকল্পনা রয়েছে।
‘ক্যা বোলতি পাবলিক’ ও গোয়ার অভিযান পাশাপাশি আজতকের প্রতিবেদন অনুযায়ী, দেশজুড়ে ‘ক্যা বোলতি পাবলিক’ কর্মসূচিও শুরু করেছে CJP। গোয়ায় এই উদ্যোগের নাম দেওয়া হয়েছে ‘চল্লা কিতেম গোয়া’ (অর্থাৎ, গোয়ায় কী চলছে?)। দলের বক্তব্য, সাধারণ মানুষের সমস্যার কথা শোনা, তা সরকারের সামনে তুলে ধরা এবং সমাধানের পথ খোঁজাই এই কর্মসূচির লক্ষ্য। গোয়া থেকে শুরু হওয়া এই প্রচার আগামী দিনে জাতীয় স্তরে ছড়িয়ে দেওয়ার পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছে সংগঠনটি।