বিদেশে টাকা পাচারের ছক? পুর নিয়োগ দুর্নীতিতে ফের CBI-র নজরে সুজিত বসু!

পুরসভার নিয়োগ দুর্নীতি মামলায় এবার আরও বড় বিপাকে পড়তে চলেছেন রাজ্যের প্রাক্তন দমকলমন্ত্রী সুজিত বসু। বিদেশে টাকা পাচারের গুরুতর অভিযোগে ফের কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআইয়ের আতশকাচের তলায় চলে এসেছেন তিনি। তদন্তকারীদের সূত্রে খবর, পুর নিয়োগ দুর্নীতির বিপুল পরিমাণ অর্থ বিদেশে পাচার করা হয়েছিল কি না, সেই রহস্যের জট খুলতে সুজিত বসুকে আবারও জিজ্ঞাসাবাদ করতে চায় সিবিআই। সাম্প্রতিক তদন্তে উঠে আসা বেশ কিছু চাঞ্চল্যকর তথ্য এই জল্পনাকে আরও উসকে দিয়েছে।
সিবিআই সূত্রে জানা গিয়েছে, সম্প্রতি সুজিত বসুর অত্যন্ত ঘনিষ্ঠ হিসেবে পরিচিত এক ব্যবসায়ী এবং এক চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টকে দীর্ঘক্ষণ জেরা করেন তদন্তকারীরা। সেই জেরা থেকেই বিদেশে হোটেল ব্যবসায় বিপুল অঙ্কের লগ্নি সংক্রান্ত বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য ও নথি কেন্দ্রীয় গোয়েন্দাদের হাতে এসেছে। তদন্তকারীদের সন্দেহ, পুরসভার নিয়োগ দুর্নীতির মাধ্যমে অর্জিত অবৈধ অর্থ ঘুরপথে বিদেশে পাঠিয়ে বিনিয়োগ করা হয়ে থাকতে পারে।
গোয়েন্দা সূত্রে আরও দাবি করা হয়েছে, বিশেষ করে মধ্যপ্রাচ্যের হোটেল ব্যবসায় সুজিত বসুর দুর্নীতির টাকা খাটানো হয়েছিল কি না, তা অত্যন্ত গুরুত্ব সহকারে খতিয়ে দেখা হচ্ছে। ওই ব্যবসায়ী এবং চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টের বয়ানের ভিত্তিতে আর্থিক লেনদেনের সূত্র ধরে তদন্ত আরও গভীরে নিয়ে যেতে চাইছে সিবিআই। বিদেশে থাকা সম্পত্তি ও বিনিয়োগের প্রকৃত মালিকানা এবং অর্থের উৎস যাচাই করতে এবার সরাসরি সুজিত বসুর মুখোমুখি হতে চাইছেন তদন্তকারী আধিকারিকরা।
অন্যদিকে, এই মামলার আর্থিক লেনদেনের দিকটি স্পষ্ট করতে দুটি রাষ্ট্রায়ত্ত ও বেসরকারি ব্যাঙ্কের আধিকারিকদের তলব করেছে সিবিআই। তদন্তকারী সংস্থার দাবি, সুজিত বসুর সঙ্গে সন্দেহজনক আর্থিক যোগসূত্র এবং নির্দিষ্ট কিছু ব্যাঙ্ক অ্যাকাউন্টের লেনদেন খতিয়ে দেখার কারণেই ওই আধিকারিকদের ডেকে পাঠানো হয়েছে। চলতি সপ্তাহেই ওই ব্যাঙ্ক আধিকারিকদের নিজাম প্যালেসে সিবিআই দফতরে হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। ব্যাঙ্ক নথি ও অ্যাকাউন্টের বিবরণ হাতে এলে বিদেশে অর্থ পাচারের অভিযোগের বিষয়ে আরও স্পষ্ট ছবি মিলবে বলে মনে করছেন গোয়েন্দারা।
সব মিলিয়ে, পুর নিয়োগ দুর্নীতি মামলায় আর্থিক তছরুপ ও বিদেশে বিনিয়োগের এই নতুন সূত্র সামনে আসায় রাজ্য রাজনীতিতে নতুন করে শোরগোল পড়ে গিয়েছে। আগামী দিনে সিবিআইয়ের তলব ও জেরার মুখে প্রাক্তন দমকলমন্ত্রী কী ব্যাখ্যা দেন এবং তদন্ত কোন দিকে মোড় নেয়, এখন সেদিকেই তাকিয়ে সব মহল।