রক্তের বড় চাকা বেরোচ্ছে বা ৭ দিনের বেশি চলছে পিরিয়ডস? শরীরের এই সংকেত উপেক্ষা করবেন না

পিরিয়ডসের সময় নারীদের রক্তপাত কম বা বেশি হওয়া স্বাভাবিক। সাধারণত শুরুর ২ থেকে ৩ দিন রক্তপাত বেশি থাকে এবং এরপর ধীরে ধীরে কমতে শুরু করে। কিন্তু রক্তপাত যদি এতটাই বেশি হয় যে বারবার প্যাড বদলাতে হয়, পোশাকে দাগ লেগে যায় কিংবা দুর্বলতা অনুভূত হয়, তবে সেটিকে স্বাভাবিক ভেবে এড়িয়ে যাওয়া উচিত নয়।
চিকিৎসা বিজ্ঞানের ভাষায় পিরিয়ডসের সময় প্রয়োজনের তুলনায় অতিরিক্ত রক্তপাতকে হেভি মেনস্ট্রুয়াল ব্লিডিং (HMB) বা মেনোরেজিয়া বলা হয়। এই সমস্যা নারীদের দৈনন্দিন স্বাভাবিক জীবনযাত্রায় প্রভাব ফেলতে পারে। দীর্ঘদিন ধরে বেশি রক্তপাত চলতে থাকলে শরীরে আয়রনের ঘাটতি এবং অ্যানিমিয়া বা রক্তাল্পতার মতো সমস্যাও দেখা দিতে পারে।
কতটা রক্তপাতকে অতিরিক্ত ধরা হয়? প্রত্যেক নারীর পিরিয়ডসের ধরন আলাদা। কারও ৩ থেকে ৪ দিন রক্তপাত হয়, আবার কারও ৬ থেকে ৭ দিন পর্যন্ত চলে। তবে কিছু লক্ষণ দেখে বোঝা যায় যে রক্তপাত স্বাভাবিকের চেয়ে বেশি হচ্ছে। যেমন—
-
প্রতি ১ থেকে ২ ঘণ্টা অন্তর প্যাড বা ট্যাম্পন বদলানোর প্রয়োজন হওয়া।
-
পিরিয়ডস ৭ দিনের বেশি সময় ধরে চলা।
-
রক্তের বড় চাকা বা ক্লট বের হওয়া।
-
রাতে বারবার ঘুম ভেঙে প্যাড বদলাতে হওয়া।
-
পোশাক বা বিছানায় রক্ত লেগে যাওয়া।
-
পিরিয়ডসের কারণে অফিস, পড়াশোনা বা রোজকার কাজে ব্যাঘাত ঘটা।
-
অতিরিক্ত রক্তপাতের সঙ্গে ক্লান্তি, মাথা ঘোরা বা হাঁপ ধরার মতো সমস্যা দেখা দেওয়া।
এগুলোর মধ্যে কোনো লক্ষণ যদি ধারাবাহিকভাবে দেখা যায়, তবে চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি।
অতিরিক্ত রক্তপাতের পেছনে কী কী কারণ থাকতে পারে? পিরিয়ডসে বেশি রক্তপাতের পেছনে নানা কারণ থাকতে পারে। শরীরে হরমোনের পরিবর্তন, পিসিওএস (PCOS), থাইরয়েডের সমস্যা, জরায়ুতে ফাইব্রয়েড বা পলিপ, এন্ডোমেট্রিওসিস এবং কিছু ক্ষেত্রে রক্ত জমাট বাঁধা সংক্রান্ত সমস্যা এর কারণ হতে পারে।
কয়েকজন নারীর ক্ষেত্রে কপার-টি বা নির্দিষ্ট কিছু ওষুধ ব্যবহারের কারণেও রক্তপাত বেড়ে যেতে পারে। এ ছাড়া বয়ঃসন্ধিকালে পিরিয়ডস শুরুর প্রথম দিকের বছরগুলোতে এবং মেনোপজের কাছাকাছি সময়ে হরমোনের পরিবর্তনের কারণে রক্তপাতের ধরনে বদল আসতে পারে।
কখন চিকিৎসকের শরণাপন্ন হওয়া জরুরি? প্রতি ঘণ্টায় প্যাড পুরোপুরি ভিজে যাচ্ছে এবং তা টানা কয়েক ঘণ্টা ধরে চলছে, কিংবা অতিরিক্ত রক্তপাতের সঙ্গে মাথা ঘোরা, অজ্ঞান হয়ে যাওয়ার মতো অবস্থা, শ্বাসকষ্ট বা বুকে ব্যথা অনুভূত হচ্ছে—এমন পরিস্থিতিতে দ্রুত চিকিৎসকের সাহায্য নেওয়া উচিত।
বারবার বেশি রক্তপাত হলে চিকিৎসক রক্ত পরীক্ষার মাধ্যমে হিমোগ্লোবিন ও আয়রনের মাত্রা পরীক্ষা করতে পারেন। প্রয়োজন অনুযায়ী আল্ট্রাসাউন্ড বা অন্য কোনো পরীক্ষাও করানো হতে পারে।
পিরিয়ডসে অতিরিক্ত রক্তপাত সব সময় কোনো বড় রোগের ইঙ্গিত নাও হতে পারে। তবু এটি যদি আপনার স্বাভাবিক রক্তপাতের চেয়ে আলাদা হয় বা দৈনন্দিন জীবনে প্রভাব ফেলে, তবে তা উপেক্ষা করা ঠিক নয়।