৬০৪ কিমি পথ ১৮ ঘণ্টায়! অযোধ্যা-জনকপুর সাপ্তাহিক ট্রেনের উদ্বোধনে যোগী, বদলে যাচ্ছে যাতায়াতের ছবি

রামনগরী অযোধ্যা থেকে নেপালের জনকপুরগামী ‘সরযূ-কমলা এক্সপ্রেস’-এর উদ্বোধন হতে চলেছে সোমবার। এই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। অন্যদিকে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও নেপালের প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহ দুপুর ১২টা ৩০ মিনিটে ভার্চুয়ালি ট্রেনটিকে সবুজ সংকেত দেখাবেন। সাপ্তাহিক এই ট্রেন চালুর ফলে দুই দেশের মধ্যে যাতায়াত আরও সহজ হবে বলে মনে করা হচ্ছে।
সোমবার অযোধ্যায় মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের উপস্থিতিতে প্রথমবার উদ্বোধনী ট্রেন হিসেবে এটি যাত্রা শুরু করবে, যেখানে সীমিত সংখ্যক যাত্রীকে সফর করার সুযোগ দেওয়া হবে। নির্ধারিত সময়সূচি অনুযায়ী, সোমবার সন্ধ্যা ৫টা ৫০ মিনিটে অযোধ্যা ক্যান্ট থেকে জনকপুরের উদ্দেশ্যে রওনা দেবে ট্রেনটি। ফিরতি পথে জনকপুর থেকে শনিবার দুপুর ১টা ১০ মিনিটে অযোধ্যার উদ্দেশ্যে ছাড়বে এটি।
মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ সোমবার সকাল ১১টা ১৫ মিনিটে রাম কথা পার্ক হেলিপ্যাডে পৌঁছবেন। এরপর হনুমানগঢ়ী ও রামলালার দর্শন ও পুজো সেরে সকাল ১১টা ৪৫ মিনিটে অযোধ্যা ধাম রেলস্টেশনে পৌঁছানোর কথা রয়েছে তাঁর। সেখানেই অযোধ্যা-জনকপুর সরযূ-কমলা এক্সপ্রেসের আনুষ্ঠানিক সূচনা হবে। অযোধ্যা ধাম স্টেশনের অনুষ্ঠানে যোগী আদিত্যনাথ উপস্থিত থাকবেন এবং দিল্লি থেকে প্রধানমন্ত্রী মোদী ও নেপালের প্রধানমন্ত্রী ভার্চুয়ালি ট্রেনটির যাত্রার সূচনা করবেন।
২৩ নভেম্বর দিল্লির হায়দরাবাদ হাউস থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও নেপালের প্রধানমন্ত্রী বালের শাহ যৌথভাবে এই ট্রেনকে সবুজ পতাকা দেখাবেন বলে জানানো হয়েছে। এই উপলক্ষে অযোধ্যা ধাম রেলস্টেশনে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। স্টেশনের এক নম্বর প্ল্যাটফর্মে যাত্রী সুবিধা কেন্দ্রের কাছে তৈরি হচ্ছে বড় মঞ্চ এবং সেখানে বসানো হচ্ছে বিশাল এলইডি স্ক্রিন, যার মাধ্যমে দিল্লির অনুষ্ঠানের সরাসরি সম্প্রচার দেখানো হবে।
এই ট্রেনের যাত্রাপথে স্টপেজ রয়েছে অযোধ্যা ক্যান্ট, মনকাপুর, বস্তি, গোরখপুর, নরকাটিয়াগঞ্জ, রক্সৌল, সীতামঢ়ী, শিহসো, মধুবনী, জয়নগর এবং জনকপুরে। অযোধ্যা থেকে জনকপুরের ৬০৪ কিলোমিটার দূরত্ব ট্রেনটি প্রায় ১৮ ঘণ্টায় অতিক্রম করবে। শুধুমাত্র ভারত ও নেপালের নাগরিকরাই এই ট্রেনে ভ্রমণের সুযোগ পাবেন।
উদ্বোধনকে ঘিরে সকাল ১১টা থেকেই অযোধ্যাধাম জংশনে বিশেষ কর্মসূচি শুরু হবে। নিরাপত্তা ও যান চলাচল নিয়ন্ত্রণে কড়া ব্যবস্থা নিয়েছে প্রশাসন। সে কারণে সোমবার সকাল ৯টা থেকে অনুষ্ঠান শেষ না হওয়া পর্যন্ত অযোধ্যাধাম এলাকায় যান চলাচলে নিয়ন্ত্রণ বা ডাইভারশন কার্যকর থাকবে।
কোন পথে কীভাবে চলবে যানবাহন?
-
বিদ্যা কুণ্ড চৌরাহা থেকে কানিগঞ্জ ও রায়গঞ্জের দিকে সব ধরনের যান চলাচল নিষিদ্ধ থাকবে। গাড়িগুলো আসিফবাগ চৌরাহা হয়ে গন্তব্যে যাবে।
-
কানিগঞ্জ তিরাহা থেকে অযোধ্যা ধাম রেলস্টেশনের দিকে যান চলাচল বন্ধ থাকবে। স্টেশনগামী গাড়ি বিদ্যা কুণ্ড চৌরাহা থেকে লঙ্গড়বীর-টেঢ়ি বাজার ফ্লাইওভারের নিচের সার্ভিস লেন দিয়ে রেলস্টেশন গেট পর্যন্ত পৌঁছাবে।
-
জৈন মন্দির তিরাহা থেকে কানিগঞ্জ ও রায়গঞ্জের দিকে কোনো যানবাহন ঢুকতে দেওয়া হবে না। গাড়িগুলো রামঘাট চৌরাহা হয়ে চলবে।
-
ইবকাল আনসারি আবাস তিরাহা থেকে অবধ আগমন মার্গের দিকে যান চলাচল বন্ধ থাকবে। রেলস্টেশনে যাওয়ার গাড়ি টেঢ়ি বাজার থেকে ফ্লাইওভারের নিচের সার্ভিস লেন ধরে স্টেশন গেটে যাবে।
-
শ্রীরাম হাসপাতাল তিরাহা থেকে অযোধ্যা ধাম রেলস্টেশনের দিকে যান চলাচল নিষিদ্ধ থাকবে। স্টেশনগামী গাড়িগুলো টেঢ়ি বাজার হয়ে ফ্লাইওভারের নিচের সার্ভিস লেন ব্যবহার করে স্টেশন গেট পর্যন্ত যেতে পারবে।