জয়মালার পরই তুঙ্গে অশান্তি! বিয়ের পোশাক ও মেহেন্দি হাতে থানায় তরুণী, শেরওয়ানি পরে হাজির পাত্রও—আসল সত্য কী?

বিয়ের রাতে হবু স্বামী-স্ত্রী এক ঘরে থাকার সময় অন্য এক মহিলাকে সেখানে ডেকে আনলেন পাত্র। তারপর তিনি হবু স্ত্রীকে সেই ঘর থেকে বেরিয়ে যেতে বললেন এবং ওই মহিলার সঙ্গে আধঘণ্টা সময় কাটালেন। এরপরেই বিয়ে ভেঙে দিলেন পাত্রী। এই চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে উত্তরপ্রদেশের ফিরোজাবাদে। শুক্রবার রাতে ফিরোজাবাদের উত্তর থানা অঞ্চলের গোপাল ম্যারেজ হোমে বিয়ের অনুষ্ঠান চলছিল। পাত্রী কাজলের বয়স ২৪ বছর এবং পাত্র আকাশের বয়স ২৬ বছর। তাঁদের দু’জনের মধ্যে জয়মালা পর্বও সম্পন্ন হয়ে গিয়েছিল, কিন্তু তারপরেই হঠাৎ অশান্তি শুরু হয়ে যায়। বিয়ের পোশাক ও হাতে মেহেন্দি নিয়েই সোজা থানায় পৌঁছে যান পাত্রী, যা নিয়ে এলাকায় চাঞ্চল্য তৈরি হয়েছে।
বিয়ে না করে থানায় পাত্র-পাত্রী
থানায় পৌঁছে পুলিশকে কাজল জানান, তিনি এটাহ জেলার বাসিন্দা এবং বিয়ের জন্য তাঁর বাবা-মা ফিরোজাবাদে এসেছিলেন। অন্যদিকে, পাত্র আকাশ দ্বারকাপুরীর বাসিন্দা হওয়ায় সেখানেই বিয়ের অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। কিন্তু জয়মালার পর যে ঘটনা ঘটেছে, তার পরে আকাশকে আর বিয়ে করতে চান না তিনি। অভিযুক্তের বিরুদ্ধে কঠোর পদক্ষেপের দাবিও জানান কাজল; তাঁর কথায়, তাঁর সঙ্গে যা ঘটেছে, তা যেন অন্য কোনো মেয়ের সঙ্গে না ঘটে।
কিছুক্ষণ পর পাগড়ি ও শেরওয়ানি পরেই থানায় হাজির হন পাত্র এবং কনের সমস্ত অভিযোগ অস্বীকার করেন। আকাশের দাবি, তিনি কোনো ভুল কাজ করেননি। যে মহিলা তাঁর সঙ্গে দেখা করতে এসেছিলেন, তিনি তাঁর এক বন্ধুর বোন। গুরুগ্রামে চাকরি করেন ওই মহিলা এবং কাসগঞ্জে থাকেন; বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে এসেছিলেন তিনি এবং ফিরে যাওয়ার আগে শুধু আকাশকে বিদায় জানাতেই ঘরে এসেছিলেন। ঘরের ভিতরে কী ঘটেছিল, তা নিয়েও কনের বক্তব্যের বিরোধিতা করেছেন আকাশ। তাঁর দাবি, তিনি ঘরের দরজা বন্ধ করেননি বা কনেকে বাইরে যেতে বলেননি; বরং ক্যামেরাম্যানই কাজলকে ঘর থেকে বেরিয়ে যেতে বলেছিলেন।
বিয়ের অনুষ্ঠানে গোলমাল
অন্যদিকে, বিয়ের অনুষ্ঠানে উপস্থিত সীমা রাঠোরের বক্তব্যে উঠে এসেছে অন্য তথ্য। তিনি জানান, প্রথমদিকে সবকিছু স্বাভাবিকই ছিল এবং বিয়ের ছবি তোলার কাজও চলছিল। সেই সময় পাত্র কনেকে ঘর থেকে বেরিয়ে যেতে বলেন। এরপর দু’জন যুবক এক মহিলাকে ঘরের ভিতরে রেখে সেখান থেকে চলে যান। কিছুক্ষণ পর ভিতর থেকে দরজা বন্ধ করে দেওয়া হয়। দীর্ঘক্ষণ দরজা বন্ধ থাকলেও ঘরের ভিতরে ঠিক কী ঘটেছিল, তা তিনি জানেন না বলে জানিয়েছেন সীমা।