৩৪ জনের প্রতিনিধি দল ও শিল্পপতিদের নিয়ে দিল্লিতে বালেন্দ্র শাহ! বদলে যাবে দুই দেশের সমীকরণ?

রবিবার দু’দিনের ভারত সফরে দিল্লি পৌঁছলেন নেপালের প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহ। এই সফরে ভারতের শীর্ষ নেতৃত্বের সঙ্গে তাঁর জ্বালানি ও অর্থনৈতিক সহযোগিতা, আন্তর্জাতিক সীমান্ত যোগাযোগ ব্যবস্থা এবং পরিকাঠামো উন্নয়ন নিয়ে আলোচনা হতে পারে বলে মনে করা হচ্ছে। উল্লেখ্য, মার্চ মাসে নেপালের প্রধানমন্ত্রী পদে দায়িত্ব নেওয়ার পর এটাই তাঁর প্রথম সরকারি দ্বিপাক্ষিক বিদেশ সফর; এর আগে সেপ্টেম্বর মাসে মার্কিন যুক্তরাষ্ট্রে গেলেও তা সরকারি সফর ছিল না।
৩৬ বছর বয়সি বালেন্দ্র শাহ, যিনি বালেন নামেই বেশি পরিচিত, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আমন্ত্রণে ভারত সফরে এসেছেন। নেপালে তাঁর সরকারের চালু করা নতুন নিয়ম মেনে নিয়মিত চলাচলকারী বাণিজ্যিক বিমানে ভারতে এসেছেন তিনি। বালেন্দ্র শাহর ভারত সফরে তাঁর সঙ্গে ৩৪ জন সদস্যও এসেছেন; এই দলে তাঁর প্রধান উপদেষ্টা কুমার ব্যঞ্জনকর, অর্থমন্ত্রী স্বর্ণিম ওয়াগলে এবং বিদেশমন্ত্রী শিশির খানাল রয়েছেন। পাশাপাশি আলাদাভাবে শিল্পপতিদের একটি দলও ভারত সফরে এসেছে।
শীর্ষ নেতৃত্বের সঙ্গে সাক্ষাৎ ও আলোচনার এজেন্ডা
তাঁর ভারত সফরে বালেন্দ্র শাহ রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে সাক্ষাৎ করবেন এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে প্রতিনিধি-পর্যায়ে আলোচনাও করবেন। ভারতের বিদেশ সচিব অমৃত বাহাদুর রাই এই সফরের আগে জানিয়েছিলেন, বিদেশমন্ত্রী এস জয়শঙ্করও নেপালের প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন।
এই সফরে দ্বিপাক্ষিক সম্পর্কের সামগ্রিক দিকগুলো উঠে আসবে বলে মনে করা হচ্ছে। বিশেষ করে দুই দেশের মধ্যে যোগাযোগ ব্যবস্থার সম্প্রসারণ, বাণিজ্য, ট্রানজিট, জ্বালানি ও বিনিয়োগের ক্ষেত্রে অর্থনৈতিক সহযোগিতা বৃদ্ধি এবং পরিকাঠামো উন্নয়নের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হবে। নেপালের বিদেশ মন্ত্রকের তথ্য অনুযায়ী, উভয়পক্ষ বিভিন্ন জ্বালানি সহযোগিতা প্রকল্পের উদ্বোধন এবং নতুন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপনের বিষয়েও আলোচনা করবে।
একাধিক মউ স্বাক্ষর ও বিনিয়োগের ডাক
নেপালের বিদেশ মন্ত্রক জানিয়েছে, এই সফরের সময় শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, মহাকাশ, দুর্যোগ ব্যবস্থাপনা এবং মানবসম্পদ উন্নয়ন বিষয়ক বেশ কয়েকটি মউ স্বাক্ষর হওয়ার কথা রয়েছে। হিমালয়বেষ্টিত এই দেশটিতে আরও বেশি করে বিনিয়োগ টানার প্রচেষ্টার অংশ হিসেবে বালেন্দ্র শাহ নেপাল-ভারত বাণিজ্যিক ফোরামে বক্তব্য রাখার এবং ভারতের শীর্ষস্তরের ব্যবসায়ীদের সঙ্গে বৈঠকে অংশ নেবেন।