‘মায়ের মন্দিরে জায়গা নেই’, ব্রাত্যকে তীব্র কটাক্ষ সুকান্তর! অভিযোগ ঘিরে তোলপাড় রাজনীতি

প্রাক্তন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর বিরুদ্ধে যৌন হেনস্থা, ধর্ষণ ও হুমকিসহ একাধিক গুরুতর অভিযোগ সামনে এসেছে। বিভিন্ন ধারায় জিরো এফআইআর দায়ের হয়েছে বলে জানা গিয়েছে। যদিও সব অভিযোগই অস্বীকার করেছেন ব্রাত্য বসু; পাল্টা তাঁর দাবি, তাঁকে কুপ্রস্তাব দেওয়া হয়েছে। এই প্রেক্ষাপটে কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী ও বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার কড়া ভাষায় আক্রমণ শানিয়েছেন ব্রাত্যকে।

সুকান্ত মজুমদারের দাবি, যৌন হেনস্থার অভিযোগ ওঠার পর থেকেই তলে তলে বিজেপির সঙ্গে যোগাযোগের চেষ্টা করছেন ব্রাত্য বসু। এই বিষয়ে পাল্টা কোনো মন্তব্য করতে রাজি হননি ব্রাত্য, তবে রাজনৈতিক জল্পনাও পুরোপুরি উড়িয়ে দেননি। এর আগেই রাজনীতিতে ফেরার ইঙ্গিত দিয়েছিলেন তিনি, যদিও তৃণমূলে যে তিনি ফিরছেন না, তা স্পষ্ট করে দিয়েছেন।

সুকান্তর তীব্র কটাক্ষ

বিজেপিতে ব্রাত্য বসুর সম্ভাব্য যোগদানের জল্পনা নিয়ে সুকান্ত মজুমদার বলেন, ‘উনি কি বদল করবেন ওনার ব্যাপার, আমি বলব ওনাকে নাটকটাই করতেন, যেটা উনি ভালো পারেন।’ তাঁর আরও দাবি, ‘আমার কাছে খবর আছে যে ব্রাত্যবাবু বিজেপির কিছু নেতার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করছেন। এতদিন যোগাযোগ করেননি, যৌন হেনস্তা অভিযোগ হওয়ার পর থেকেই যোগাযোগ করছেন। উনি যতই গান করুন না কেন আমায় একটু জায়গা দাও মায়ের মন্দিরে বসি। এই দলে কোনও জায়গা নেই।’

জিরো এফআইআর ও একাধিক ধারা

জানা গিয়েছে, ব্রাত্য বসু এবং ইন্দ্রনীল সেনের বিরুদ্ধে যৌন হেনস্থা, ধর্ষণ, তোলাবাজি, অনৈতিকভাবে আটকে রাখা, বিশ্বাসভঙ্গ, দুর্নীতি এবং অপরাধমূলক ষড়যন্ত্রের মতো একাধিক ধারায় জিরো এফআইআর দায়ের হয়েছে। তিনজন নির্যাতিতা পুলিশের কাছে অভিযোগ জানিয়েছিলেন। সেই অভিযোগগুলো গুরুত্ব দিয়ে খতিয়ে দেখা এবং তদন্তের দাবিতে বাগুইহাটি থানায় পাল্টা অভিযোগ দায়ের করেছিলেন সমাজকর্মী রাজীব সরকার।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *