সিঁদুরের তিলক ও শঙ্খ ধ্বনিতে দেবীর কনকাঞ্জলি সারলেন ১১ জন পুরুষ! কেন এমন ব্যতিক্রমী রীতি?

তাঁতের বা তসরের শাড়ি পরে মাথায় ঘোমটা টেনে প্রতিমা বরণ করছেন একদল পুরুষ। সিঁদুরের তিলক পরে, শঙ্খ বাজিয়ে এবং মিষ্টি খাইয়ে দেবীর কনকাঞ্জলি ও বিদায় বরণ সম্পন্ন করেন মোট ১১ জন পুরুষ। হুগলির ভদ্রেশ্বরে জগদ্ধাত্রী পুজোর এই ব্যতিক্রমী ছবি আজও ঐতিহ্যের সাক্ষ্য বহন করছে।

কেন শুরু হয়েছিল এই প্রথা?

জনশ্রুতি অনুযায়ী, চন্দননগর ফরাসিদের দখলে থাকলেও ভদ্রেশ্বর ছিল ইংরেজদের অধীন এবং সে সময় গৌরহাটি এলাকায় সেনা ছাউনি ছিল। ইংরেজ শাসনকালে গোটা এলাকা জঙ্গলে ঘেরা থাকায় গোরা সৈনিকদের আনাগোনা লেগেই থাকত, যার ফলে মহিলারা ঘরের বাইরে নিরাপদে বেরোতে পারতেন না। পাশাপাশি সে সময় হিন্দু মহিলারা পর্দার আড়ালে থাকতেন এবং বাড়ির অন্দরমহলেই তাঁদের চলাফেরা সীমাবদ্ধ ছিল।

সেই কারণেই তৎকালীন সময়ে জগদ্ধাত্রী পুজোর আচার-অনুষ্ঠান সামাল দিতেন পুরুষরা; এমনকি ঠাকুর বরণের ক্ষেত্রেও সেই রীতি বজায় থাকত। পরিবারের পুরুষরা নারী বেশে বাড়ির বাইরে বেরিয়ে প্রতিমাকে বরণ করতেন। আজও ভদ্রেশ্বরের তেঁতুলতলার পুজোয় সেই প্রথা নিষ্ঠার সঙ্গে পালিত হচ্ছে।

২৩৪ বছরের ইতিহাস ও অন্যান্য পুজো

কথিত আছে, কৃষ্ণনগরের রাজা কৃষ্ণচন্দ্রের দেওয়ান দাতারাম সুর গৌরহাটিতে বসবাস করতেন এবং রাজার অনুমতি নিয়ে নিজের বাড়িতে জগদ্ধাত্রী পুজোর সূচনা করেছিলেন। তাঁর মৃত্যুর পর সেই পুজো তেঁতুলতলায় আসে এবং তেঁতুলতলা বারোয়ারি নামে পরিচিতি পায়, যা বর্তমানে বুড়িমা নামে খ্যাত।

সাধারণত প্রতি বছর নবমীর পর দশমীর দিন দেবীর বরণ হলেও এবার তা দু’দিন পিছিয়ে রবিবার অনুষ্ঠিত হয়। ২৩৪ বছর ধরে চলে আসা এই ঐতিহ্য শুধু তেঁতুলতলাতেই নয়, লক্ষ্মীগঞ্জ বাজারের চাউলপট্টির আদি মা জগদ্ধাত্রীর প্রতিমা বরণেও মানা হয়ে থাকে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *